বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা প্রতিবেদনে শিল্প খাতে নারীর কর্মসংস্থান কমে যাওয়াসহ কর্মক্ষেত্রে নারীর অবস্থানের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা হতাশাব্যঞ্জক।
সিপিডি গত বুধবার রাজধানীর একটি হোটেলে এই গবেষণা প্রকাশ করে। এতে বলা হয়েছে, চার বছরের ব্যবধানে শিল্প খাতে নারীর কর্মসংস্থান কমেছে প্রায় সাড়ে ৮ লাখ। ২০১৩ সালে শিল্প খাতে ৩৯ লাখ ৯০ হাজার নারী কাজ করতেন। ২০১৬-১৭ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে সাড়ে ৩১ লাখে।
গবেষণায় আরও বলা হয়েছে, দেশের কর্মজীবী মানুষের প্রকৃত মজুরি কমে গেছে। তবে পুরুষের চেয়ে নারীর প্রকৃত মজুরি বেশি কমেছে। এ ক্ষেত্রে নারীর মজুরি কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। আর পুরুষের কমেছে ১ দশমিক ৯ শতাংশ।
গবেষণায় শিল্প খাতে নারী শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার জন্য রানা প্লাজার দুর্ঘটনাকে দায়ী করা হয়েছে। ওই দুর্ঘটনার পর পোশাকশিল্পে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাকশিল্পগুলোতে যন্ত্রের ব্যবহার বেড়েছে। এতে অনেক নারী শ্রমিক কাজ হারিয়েছেন। এ ছাড়া এখন তৈরি পোশাকে নিট খাতের ব্যবসা বেড়েছে। সেখানে নারীদের তুলনায় পুরুষের কর্মসংস্থান বেশি হচ্ছে। ভাবা হয় যে নিটশিল্পে নারীরা কাজ করতে পারবেন না। তাঁদের সেই দক্ষতা নেই।
এর পাশাপাশি যদি চীনের উদাহরণ টানি দেখা যাবে, সেখানে প্রায় সব ক্ষেত্রে নারী সমান অংশীদার। অর্থাৎ তাঁরা অর্ধেক আকাশের কাছাকাছি পৌঁছেছে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। শিল্প খাতে নারীর কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। যেহেতু শিল্প খাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে সেখানে নারীদের কর্মসংস্থান কমে গেছে, তাই সরকার এবং অংশীজনদের উচিত এঁদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা। অন্যথায় শ্রমবাজারে ঢোকার ক্ষেত্রে নারীর সুযোগ আরও কমে যাবে। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানে যথাযথ নিরাপত্তা ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে নারীরা এখানে আসতে আগ্রহী হন। তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নারী-পুরুষের মজুরিতে যে বৈষম্য, তা–ও দূর করতে হবে। সমান কাজ করিয়ে কম মজুরি দেওয়া আইনের চোখে অপরাধ।
শুধু শিল্প খাত নয়, উৎপাদন ও সেবামূলক সব খাতেই নারীর সমান অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে হলে নারীদের জন্য বেশি বেশি কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্যও এটা জরুরি।