সরকার নতুন শিল্পনীতি প্রণয়ন করতে যাচ্ছে। এ নীতিতে জাতীয় আয়ে শিল্পের অবদান ১৯ থেকে ৪০ শতাংশে নেওয়ার উচ্চাশা করা হয়েছে। কিন্তু শিল্পের জন্য যে অবকাঠামো, অর্থাৎ জমি, বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগের প্রয়োজন, সে ক্ষেত্রে অগ্রগতির অবস্থা কী? সরকার নতুন করে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনাও হাতে নিয়েছে। সেখানেও জমির সমস্যা প্রকট হয়ে দেখা দেবে। রাতারাতি যেহেতু জমি পাওয়া সম্ভব নয়, সেহেতু এ ক্ষেত্রে বাস্তবোচিত অবস্থান নেওয়া উচিত।
ঢাকায় আয়োজিত শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে শিল্পমন্ত্রীর মতবিনিময় সভায়ও ঘুরেফিরে জমির প্রশ্নটা উঠেছে বলে প্রথম আলোর সোমবারের সংবাদে প্রকাশ। দেশের বিভিন্ন স্থানে আবাসিক এলাকা, নদী, কৃষিজমি, পাহাড় ও অরণ্যভূমিতে শিল্প স্থাপন নিয়ে বিতর্ক ও আন্দোলনের ঘটনা ঘটতে দেখা যায়। ভবিষ্যৎ স্বার্থের কথা চিন্তা করে কৃষিজমি ও পরিবেশ রক্ষার বিষয়টিও উপেক্ষা করা যায় না। এ অবস্থায় উদ্যোক্তারা সরকারি কারখানার অব্যবহৃত জমি শিল্প স্থাপনের জন্য বিক্রি বা ইজারার দাবি তুলেছেন। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের উল্লেখযোগ্যসংখ্যক বন্দোবস্তের ফল ভালো নয়। শিল্পের জন্য সরকারি জমি নিয়ে তা বিক্রি, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা, শিল্প স্থাপন না করার মন্দ নজির রয়েছে। মন্ত্রী নিজেও ইজারা ও বিক্রির বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছেন। আবার বন্ধ ও লোকসানি কারখানাগুলোকে লাভজনকভাবে চালু রাখা, এসব কারখানার পতিত জমি শিল্প স্থাপনে ব্যবহারেরও প্রয়োজন রয়েছে।
সরকারি কারখানার অব্যবহৃত জমি চান উদ্যোক্তারাসরকারের তরফে পাবলিক–প্রাইভেট অংশীদারির প্রস্তাব বিবেচনায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে। যদি যৌথ ব্যবস্থাপনায় নিবিড় নজরদারির মাধ্যমে লোকসানি কারখানাগুলোকে চালানো যায়, এসব কারখানার জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে শিল্পের জন্য জমির সংকট কিছুটা হলেও নিরসন হয়।
ঘুরেফিরে প্রশ্নটা তাই সঠিক ব্যবস্থাপনা ও জবাবদিহির। তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ওপরই বর্তায়।