শিশু পরাগ অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের রক্ষা করতে নিজের বুকে গুলি পর্যন্ত খেলেন লিপি মণ্ডল। এর পরও শেষরক্ষা হলো না। ছয় বছরের শিশুপুত্র পরাগ মণ্ডলকে দিনদুপুরে অপহরণ করে নিয়ে গেল দুর্বৃত্তরা। শিশুটির এখনো খোঁজ নেই। এ ধরনের একটি ঘটনা তখনই ঘটে বা কেউ ঘটাতে সাহস পায়, যখন আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় বড় ধরনের সমস্যা থাকে। তিনজনকে গুলি করে এই শিশু অপহরণের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। ঘটনাটি যেভাবে ঘটেছে, তা জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। রোববার সকালে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যায় শিশু অপহরণের যে ঘটনাটি ঘটল, তাকে পরিকল্পিত বলেই মানতে হচ্ছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে, তারা জেনে-শুনে এবং টার্গেট করেই নির্দিষ্ট সময়ে হাজির হয়ে ঘটনাটি ঘটিয়েছে। কোন উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে রহস্য ভেদ করা সহজ হবে। তবে এ মুহূর্তের সবচেয়ে বড় কাজ হচ্ছে, অপহূত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া। অপহূত সন্তানের চিন্তায় দিশেহারা গুলিবিদ্ধ মাকে অস্ত্রোপচারের পর ঘুমের ওষুধ দিয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না।ঢাকা রেঞ্জের ডিআইজি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, লেনদেন ও জমিজমাসংক্রান্ত কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় হতবাক অপহূত পরাগ মণ্ডলের বাবা বিমল মণ্ডল কারও সঙ্গে কোনো শত্রুতা নেই বলে জানিয়েছেন। এদিকে দেশের প্রধান বিরোধী দল বিএনপি এ ঘটনার পেছনে ভূমিদস্যুদের চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে। এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পরাগকে অপহরণের মাধ্যমে তার বাবা বিমল মণ্ডলকে আঘাত করা হয়েছে, যাতে তিনি দেশত্যাগ করেন। তিনি অভিযোগ করেছেন, কেরানীগঞ্জের ওই এলাকায় হিন্দুসম্প্রদায়ের যাঁরা আছেন, তাঁরা সবাই ভূমির মালিক। এ ঘটনার মাধ্যমে হিন্দুসম্প্রদায়ের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।আমরা এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার তৎপরতা দেখতে চাই। সেই সঙ্গে আশা থাকবে, শিশু পরাগকে উদ্ধারের পাশাপাশি কারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তা খুব দ্রুতই চিহ্নিত করা যাবে এবং আইনের মুখোমুখি করা হবে।