শিশু রিদোয়ান হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু রিদোয়ান ইসলামের কোনো দোষ ছিল না। সে কারও সাতপাঁচে ছিল না। তবু জমি নিয়ে বাবার সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে তাকেই নৃশংসভাবে খুন হতে হলো। মঙ্গলবার প্রকাশিত প্রথম আলোর খবর অনুযায়ী, গত বছর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় নিজেদের পাঁচতলা বাড়িতে ওঠে রিদোয়ানদের পরিবার। ওই বাড়ির জমি নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী মান্নান মুন্সীর সঙ্গে বিরোধ চলছিল রিদোয়ানের বাবা পরিবহন ব্যবসায়ী নজরুল ইসলামের। মান্নান মুন্সী ও তাঁর পরিবারের সদস্যরা প্রথমে জমি ছেড়ে দিতে হুমকি-ধমকি দেন, পরে চাঁদা দাবি করেন। সর্বশেষ ১৫-২০ দিন আগে আবারও চাঁদা চান তাঁরা। এর মধ্যেই গত সোমবার রিদোয়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেন মান্নান মুন্সীর মাদকাসক্ত ছেলে আল আমিন (২৮)। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রিদোয়ানকে মৃত ঘোষণা করেন।
রিদোয়ানের বয়স হয়েছিল মাত্র ১১ বছর। সে ওয়ারী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। দুই বোনের একটিমাত্র ভাই ছিল সে। ছিল সবার ছোট। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে তার বাবার বিরোধের কিছু সে নিশ্চয়ই জানত না। এত কম বয়সী শিশুর তা জানার কথাও নয়। অথচ প্রতিশোধ নেওয়ার জন্য তাকেই নিশানা করা হলো! যে শিশুটি ছিল একেবারে নিষ্পাপ, নৃশংসতার শিকার হয়ে সেই শিশুকে যদি জীবন দিতে হয়, তার চেয়ে বেদনার আর কী হতে পারে?
একজন বয়স্ক মানুষের সঙ্গে আরেকজন বয়স্ক মানুষের স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু সে জন্য শিশুদের নিশানা করার কোনো যুক্তি থাকতে পারে না। কিন্তু দিনের পর দিন আমাদের দেশে এমনটাই হয়ে আসছে। জমি নিয়ে বিরোধ ছাড়াও পারিবারিক বিরোধ, বাবা-মায়ের কলহ ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বসহ নানা কারণে শিশুদের খুন করা হচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। সমাজকে রক্ষার স্বার্থে মানবতার শত্রু এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমরা অবিলম্বে নৃশংসভাবে খুন হওয়া শিশু রিদোয়ানের খুনিকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই।