সিলেটের শিশু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত তিন কুশীলবের পরিচয় আঁতকে ওঠার মতো: একজন পুলিশ কনস্টেবল, একজন সরকার-সমর্থক ওলামা লীগ নেতা ও পুলিশের একজন তথ্যদাতা বা সোর্স। এই তিনজনেরই জনগণের জানমালের পক্ষে থাকার কথা। কিন্তু তাঁরাই একটি শিশুকে অপহরণ, হত্যা ও লাশ গুমের সঙ্গে জড়িত বলে অভিযোগ এসেছে।
সিলেটের নয় বছরের শিশু আবু সাঈদকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ টাকা আদায়ের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। পুলিশের তদন্তে হত্যাকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন পুলিশেরই এক কনস্টেবল। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অপহরণ ও হত্যায় জড়িত অন্যদের মধ্যে রয়েছেন সিলেটের জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদকও। তৃতীয় ব্যক্তিটি পুলিশেরই অপরাধ ও অপরাধ বিষয়ে তথ্যদাতা। সরকার-সমর্থক সংগঠনের নেতার এ রকম একটি হত্যায় জড়িত থাকা ভয়াবহ আলামত। এ ঘটনা নারায়ণগঞ্জের মেধাবী কিশোর ত্বকী হত্যার কথা মনে করিয়ে দেয়। সেই ঘটনাতেও সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার আলামত পাওয়া গেছে।
সিলেটে অপহরণের পর শিশু হত্যা, এক পুলিশ জড়িতআবু সাঈদ হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন হত্যা, অপহরণ ও গুম-নির্যাতনের সঙ্গে র্যাব ও পুলিশ সদস্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অতীতে এসব ঘটনার বিচার না হওয়া কিংবা তদন্তে দীর্ঘসূত্রতায় অন্য অপরাধীরা উৎসাহিত হয়েছে বলে ধারণা করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকারি দলের নেতা-কর্মীদের এ রকম ভয়ানক অপরাধে জড়িয়ে পড়া কিসের ইঙ্গিত?
গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এবারে শিশু হত্যায় পুলিশ কনস্টেবলের নাম এসেছে। যাদের হাতে জনগণের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি এ ধরনের গুরুতর অপরাধে সম্পৃক্ত হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা শিশু সাঈদ হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করছি।