শিশুটিকে কাঁদতে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকার অনলাইন সংস্করণে একাধিক প্রতিবেদন দেখলাম বাংলাদেশ নিয়ে। পড়ে খুবই উৎসাহিত বোধ করছি। একটা প্রতিবেদনের সঙ্গে আমাদের জাতীয় সংসদ ভবনের ছবি। আমাদের সংসদ ভবনটা কত সুন্দর, কতটা চিত্তগ্রাহী এর স্থাপত্য, তা দিয়ে শুরু হয়েছে লেখাটা। সেখান থেকে প্রতিবেদক চলে গেলেন বাংলা একাডেমীর ইতিহাসে। আমাদের ভাষা আন্দোলন, মাতৃভাষার মর্যাদার দাবিতে রাজপথে রক্তদান আর সেখান থেকে অর্জন করে নেওয়া বাংলা একাডেমী। সেই বাংলা একাডেমী চত্বরেই বসেছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব হে ফেস্টিভ্যালের আসর। লিখেছেন সামীর রহিম। টেলিগ্রাফ পত্রিকার সহকারী পুস্তক সম্পাদক। হে ফেস্টিভ্যাল উপলক্ষেই এসেছেন। তাঁর প্রতিবেদনটি পড়তে পারেন এই লিংকে: (http://www.telegraph.co.uk/culture/hay-festival/9682541/Hay-Dhaka-2012-Building-a-future-for-Bangladesh.html) সামীর রহিম আরেকটা প্রতিবেদন শুরু করেছেন ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরের বর্ণনা দিয়ে। হত্যার রাজনীতি ও এই বিষয়ের সাহিত্য নিয়ে হে সাহিত্য উৎসবে আলোচনা হয়েছে, আর সেই আলোচনার খবর জানাতে গিয়ে সামীর প্রথমে সফর করে নিয়েছেন বঙ্গবন্ধু জাদুঘর, যেখানে বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত হতে হয়েছিল। সন্দীপ রায় এসেছেন কলকাতা থেকে। তাঁর লেখা প্রকাশিত হয়েছে ফার্স্টস্পট ডট কমে। (http://www.firstpost.com/living/a-day-at-the-jadughar-close-encounters-with-bangla-525861.html)। তিনি এই পত্রিকার সংস্কৃতি সম্পাদক। তিনি লিখেছেন, তিনি জানতেন ঢাকায় সবাই বাংলায় কথা বলে, কিন্তু কলকাতা থেকে বিমানে চড়ে একটা নতুন শহরে এসে সর্বত্র বাংলা দেখতে ও শুনতে কেমন লাগে, এটা তাঁর ধারণার বাইরে ছিল। কলকাতার বাংলার সঙ্গে হিন্দি আর ইংরেজির মিশেলের বাস্তবতার প্রেক্ষাপটে সন্দীপ লিখেছেন, ‘হাউ বাংলা ম্যাটারস মোর ইন ঢাকা দ্যান কলকাতা।’ সন্দীপও ঢাকায় এসেছেন হে সাহিত্য উৎসব উপলক্ষে। বাংলাদেশ সম্পর্কে বাইরের জগতে অনেক সময় অনেক ভুল ধারণা থাকে। ১৯৯৫ সালে আমি যখন প্রথম যুক্তরাষ্ট্রে যাই, আমাকে একজন জিজ্ঞেস করেছিল, ‘তুমি কেমন করে এলে? তোমাদের দেশে তো উড়োজাহাজ নেই...।’ আমি বললাম, আমি সাঁতার কেটে এসেছি। এই জন্যই দরকার হে ফেস্টিভ্যালের মতো উৎসব। বিদেশি লেখকেরা এসেছেন, সাংবাদিকেরা এসেছেন, তাঁরা দেখছেন, লিখছেন। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, তুলনাহীন আতিথেয়তা, ঋদ্ধ সাহিত্য, অকৃত্রিম ভাষাপ্রেম, কর্মমুখর বর্তমান আর উজ্জ্বল ভবিষ্যতের খবর তাঁরা জেনে যাচ্ছেন।বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমাদের সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতি হতে পারে সবচেয়ে কার্যকরী, সবচেয়ে উপযুক্ত ও সুন্দরতম হাতিয়ার।হে সাহিত্য উৎসবের চত্বরে গিয়ে আমি তাই দাঁড়িয়ে থাকি, হাঁটি, মিশে যেতে চাই। ১৫ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তাহমিমা আনাম বলেই ফেললেন, ‘আমার একটা কাজ হবে সেলিনা হোসেনের অনুবাদ বের করা। আমি এটা করবই।’ তাহমিমা নিজে লিখেছেন দুটো চমৎকার উপন্যাস, এ গোল্ডেন এজ আর দ্য গুড মুসলিম; কমনওয়েলথ পুরস্কার পেয়েছেন, বহু ভাষায় বেরিয়েছে বই দুটোর অনুবাদ। আমরা হয়তো নাম নিতে পারব মনিকা আলীর, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকার। কিন্তু বিএনপি সরকারের আমলে মনিকা আলীকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়নি, এই কথা যতবার মনে হয়, ততবারই লজ্জায় অধোবদন হয়ে যাই।কিন্তু তাহমিমা তো একা নন। তাহমিমা একা হলে আমাদের চলবেও না। ভারতের ইংরেজি লেখকেরা পৃথিবীজোড়া নাম করেছেন, পাকিস্তানের লেখকদেরও এখন অনেক সুনাম। এমনকি আফগানিস্তান থেকেও বিখ্যাত লেখক বেরিয়েছেন। বাংলাদেশের মানুষ বিদেশ পাড়ি দিতে শুরু করেন স্বাধীনতার পর, মূলত আশির দশকে। তাঁদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে কর্মজগতে প্রবেশ করেছে। আমাদের ছেলেমেয়েরাও শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে, ইংরেজি ভাষা ও বিশ্বসাহিত্য রপ্ত করছে। তারা এখন লিখতে শুরু করেছে ইংরেজিতে। যেমন সাকিব আল হাসানদের বেলায়, তেমনি তাহমিমা আনামদের বেলায়ও বলতে হবে, জয় করার জন্য পড়ে রয়েছে সমগ্র বিশ্ব। ঢাকার হে সাহিত্য উৎসবে কত কী যে হলো! আমি হয়তো একটা অধিবেশনে বসে আছি, আমার মন পড়ে রয়েছে পাশের ঘরে, সেখানে আরেকটা প্রাণবন্ত আলোচনা হচ্ছে, ঠিক তখনই বাইরের মঞ্চে হয়তো কবিতা পড়ছেন সৈয়দ শামসুল হক আর বিক্রম শেঠ। কোনটা ছেড়ে কোনটাতে যে যাই। মাঝেমধ্যে তাই কোনো অধিবেশনেই যাই না। পুকুরপাড়ে বসে থাকি, কলকাতা থেকে এসেছেন কথাসাহিত্যিক দেবেশ রায়, কবি গৌতম চৌধুরী, সঙ্গে পেয়ে যাই মশিউল আলম, শাহীন আখতার, পারভেজ হোসেন, সাজ্জাদ শরিফকে। আড্ডা দিই। বাংলা একাডেমীর নতুন ভবনটা খুব সুন্দর আর কাজের হয়েছে দেখা যাচ্ছে। পুকুরের পানিতে সুন্দর রাজহাঁস। ভাবি, কেমন হতো, যদি আজ সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারা জীবন মঞ্চস্থ হতো মেক্সিকোয়, স্পেনে, ফ্রান্সে। হাসান আজিজুল হকের মা-মেয়ের সংসার কি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্পের চেয়ে কোনো অংশে কম? সমাপনী অধিবেশনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলছিলেন, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ, সৈয়দ ওয়ালীউল্লাহ প্রমুখ নোবেল পুরস্কারের যোগ্য ছিলেন। আমি বলি, তেমন করে তুলে ধরা হলে শামসুর রাহমানও নোবেল পেতে পারতেন। ওই তুলে ধরার কাজটা তো করতে হবে। সাহিত্য খুব দেশ-কাল-সংস্কৃতিসাপেক্ষ ব্যাপার। অনুবাদে ঠিক যে সবটা ফুটিয়ে তোলা যায়, তা নয়। একজন লেখককে তাঁর নিজের জনগোষ্ঠীর কাছেই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হয় আগে। আমাদের ক্ষেত্রে শামসুর রাহমান তা-ই হয়ে উঠেছিলেন, নূরলদীনের সারা জীবন আর পায়ের আওয়াজ পাওয়া যায়-এর সৈয়দ শামসুল হকও। বহির্বিশ্ব তাঁর খবর রাখে না। কিন্তু তাদের রাখতে হবে।বলছিলাম, বাংলাদেশের ইংরেজি লেখকদের কথা। তাঁরা নিজেরা ভালো লেখাটা লিখুন, তাঁদের মাধ্যমে আমাদের মুখ উজ্জ্বল হোক, সেটা তো আমরা চাই-ই। কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ তাঁরা করতে পারেন, যা করে দেখিয়েছেন মাহমুদ রহমান। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই লেখকের ছোটগল্পের বই কিলিং দি ওয়াটার বেরিয়েছে দিল্লি থেকে। নিজের লেখার পাশাপাশি তিনি একটা দারুণ কাজ করেছেন। মাহমুদুল হকের কালো বরফ ইংরেজিতে অনুবাদ করেছেন। ব্ল্যাক আইস নামে বইটি বেরিয়েছে দিল্লি থেকে। আমার মনে হয়, আমাদের তরুণ ইংরেজি ভাষার লেখকেরা যদি মাহমুদ রহমানকে এই ক্ষেত্রে আদর্শ হিসেবে নেন, নিজেদের মৌলিক রচনার পাশাপাশি বাংলা সাহিত্যের সমকালীন শ্রেষ্ঠ নিদর্শনগুলো অনুবাদ করতে শুরু করেন, তাহলে খুব একটা কাজের কাজ করা হবে।হে সাহিত্য উৎসবে দুই বাংলার সাহিত্য নিয়ে আলোচনা করছিলেন দেবেশ রায় আর সৈয়দ শামসুল হক। সঞ্চালক সাজ্জাদ শরিফ প্রশ্ন ছুড়ে দিলেন—দুই দেশ, এক ভাষা, দুই সাহিত্য, নাকি এক সাহিত্য? দেবেশ রায় আর সৈয়দ শামসুল হক দুজনেই একমত যে দুই বাংলার সাহিত্য আর অভিন্ন নেই, আলাদা হয়ে গেছে।বাংলা ভাষার ভবিষ্যৎ যে বাংলাদেশে, তা আমরা জানি। বাংলাদেশের মানুষ বাংলাকে পেয়েছে রক্ত আর অশ্রুর বিনিময়ে, তার দেশটাও তার ভাষার নামে। এই বিষয়ে তাদের আবেগ কোনো যুক্তি মানতে চায় না। তবু বারবার করে বলি, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নোবেল পুরস্কার ভাষণটির কথা, যেখানে তিনি উদ্ধৃত করেছিলেন উইলিয়াম ফকনারকে: মানুষের পরাজয় মেনে নিতে আমি অস্বীকার করি। মানুষের পরাজয় নেই, তা এ জন্য নয় যে তার ভাষা আছে। তা এ জন্য যে তার আত্মা আছে। বাংলাদেশের মানুষের যে আত্মা আছে, বাইরের জগৎটা তা জানতে পারবে, যদি তারা আসে এই দেশে। হে সাহিত্য উৎসবের অতিথিরা ভাষা নিয়ে আমাদের আবেগ লক্ষ করে অভিভূত, যেকোনো উপলক্ষে আসা যেকোনো বিদেশি আমাদের আতিথেয়তায় মুগ্ধ, ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের পরে ক্রিকইনফো ডটকম লিখেছিল, বাংলাদেশ বিশ্বকাপকে তার আত্মা ফিরিয়ে দিয়েছে। কিন্তু ভাবুন একবার, ২০ ফেব্রুয়ারির মধ্যরাতে যদি কেউ যায় শহীদ মিনারে, পয়লা বৈশাখে যদি কেউ যায় রমনা এলাকায়, বাংলার অবিনশ্বর আত্মার কল্লোল কি তার হূদয়ে মহাসমুদ্রের গর্জন তুলবে না?হে উৎসবে বসে এসব ভাবি। ওই ওখানে মুহম্মদ জাফর ইকবালকে ঘিরে ধরেছে শত শত তরুণ। ওই যে কবি মহাদেব সাহা এসেছেন, অভিবাদন জানাই তাঁকে। নির্মলেন্দু গুণের সঙ্গে হাত মেলাই। কবি মুহাম্মদ সামাদ, হাবীবুল্লাহ সিরাজী, আসাদ চৌধুরী, রুবী রহমানের সঙ্গে কথা বলি। তারিক সুজাত, আসলাম সানী, কিংবা আমীরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করি। দূর থেকে দেখি জিল্লুর রহমান সিদ্দিকীকে। এই যে বহুদিন পরে আমাদের পথ চলার সঙ্গী আর পথপ্রদর্শকের সঙ্গে মোলাকাত হয়, উৎসব তো এই জন্যই।ফিলিপ হেনশার যে এত বড় লেখক জানতামই না। তিনি তো দেখি বুকার পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছিলেন। তাঁকে মা বইয়ের অনুবাদ ফ্রিডম’স মাদার দিয়েছিলাম আগের রাতে, পরের সকালে তিনি বললেন, ‘রাতে ঘুম হচ্ছিল না, তোমার বই পাঁচ ঘণ্টায় শেষ করে ফেলেছি।’ আমি তাঁর বই সিনস ফ্রম আর্লি লাইফ সংগ্রহ করি। আমাদের মুক্তিযুদ্ধের ওপর লেখা, একাত্তরে বাবা-মা যে শিশুকে কাঁদতেও দিত না, পাছে পাকিস্তানি সেনারা কান্নার আওয়াজ শুনে ফেলে, এই বিষয়টা তাঁর বইয়ের একটা উপজীব্য।ফিলিপ আমার গোটা বই পড়ে ফেলেছেন, মঞ্চে বসেই আমি তাঁর বই পড়তে থাকি। প্রথম লাইন, ‘ইভেন দি শিট অব এ ডগ স্মেলস গুড টু ইউ, ইফ ইট’স ইংলিশ।’ পরের লাইনটা রোমান হরফে লেখা বাংলা বাক্য, এটা আমিও রোমান হরফেই তুলে দিই—‘Ingraji kuttar gu-o tomar khache bhalo.’এই ধরনের বিতর্ক আজও আমাদের সমাজে রয়ে গেছে। তবে, বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ১৯০টা দেশ বা অঞ্চলে প্রথম আলোই পড়া হয়, তখন আমাদের আর কূপমণ্ডূক হয়ে থাকার অবকাশ নেই। পৃথিবীময় ছড়িয়ে দিতে হবে আমাদের কণ্ঠস্বর।ফিলিপ কিন্তু ওই গল্পটা বানিয়ে লেখেননি। একাত্তরে বাবা-মায়েরা শিশুদের কাঁদতে দিতেন না, এটা আমরা জানি। কিন্তু একটা ঘটনা ছিল খুবই মর্মস্পর্শী। পাকিস্তানি সেনারা আসছে। একটা পরিবার পালিয়ে একটা জঙ্গলে আশ্রয় নিয়েছে। পাশের রাস্তাতেই সেনারা। পরিবারটির সঙ্গে একটা শিশু। সে হঠাৎ কেঁদে উঠল। মা তার মুখ চেপে ধরলেন। শিশুর কান্না তাঁকে থামাতেই হবে। সেনারা যখন চলে গেল, তখন মা দেখলেন, শিশুটি বেঁচে নেই।আমাদের কণ্ঠস্বর বন্দুকের নলের মুখে আর বুটের শব্দের সন্ত্রাসে আমরা বহুদিন চাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু এবার আমরা চিৎকার করে কাঁদব। নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত করতে হবে আমাদের অধিকার। জগৎ দেখুক, বাংলাদেশ আসছে। আমরাও জানি, বাংলাদেশের বাইরেও জগৎ আছে।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।