শিশুদের ওপর অব্যাহত বর্বরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের পরে হত্যার জন্য কুখ্যাত রসু খাঁর শাস্তি হয়েছে; কিন্তু সমাজে প্রতিনিয়ত জন্ম হচ্ছে অজস্র রসু খাঁর। মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার। শিশুদের ওপর পাশবিক অত্যাচার, নির্যাতন করে হত্যা নিয়ে দেশব্যাপী আলোড়নের পর এবার ঘটল মাদারীপুরে দুই কিশোরীর হত্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতির সঙ্গে সঙ্গে মনুষ্যত্বেরও বিপর্যয় প্রতিদিন বীভৎসভাবে দৃশ্যমান হচ্ছে। যখন অত্যাচার-অনাচার রুটিন হয়ে যাচ্ছে, তখন প্রশাসনের রুটিন মাফিক চালচলন দায়িত্বশীলতার নামান্তর। আমরা শিশু-কিশোরদের হত্যা-অত্যাচার-নির্যাতন ও যৌন হয়রানি-বলাৎকার ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি দেখতে চাই।
নৃশংস! বীভৎস! কারণ ছাড়া কিছুই ঘটে না পৃথিবীতে। দেশে যে দুর্বৃত্তরা লাগামছাড়া হয়ে আছে, ক্ষমতার আশ্রয়ে-প্রশ্রয়ে যারা নির্বিচার অপরাধকর্ম করে যাচ্ছে, তাদের কারণে যাবতীয় অপরাধ-প্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠছে দিকে দিকে। শাস্তি না হওয়ার ‘ভরসা’, লোভ-রিপু ও হিংসার বিরুদ্ধে নৈতিকতা দুর্বল হয়ে পড়ার পটভূমিতে দুর্বল মানুষের জীবন ও অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তিরা প্রায় সবাই দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির। এর মানে এই নয় যে অন্য শ্রেণির লোকজন নিরাপদ। আইনের শাসন, আইনের প্রতি ভয় এবং ব্যবস্থার প্রতি আস্থা টলে গেলে যে ভাঙন শুরু হয়, বাংলাদেশে এখন সেটাই দেখা যাচ্ছে। সরকারের নীতিনির্ধারক এবং সমাজের অভিভাবকেরা এটা আর অস্বীকার করতে পারবেন না।
টনক থাকলে তাই এখনই নড়ে ওঠা উচিত। সরকারের শীর্ষ পর্যায় থেকে পুলিশ বাহিনীকে কঠিন নির্দেশ দিতে হবে; গাফিলতির শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণের করের টাকায় যাঁরা জনসেবার জন্য নিযুক্ত, তাঁদের জবাবদিহি ছাড়া এই পরিস্থিতি থেকে বেরোনো কঠিন।
কিন্তু দীর্ঘ মেয়াদে সহিংসতা ও বর্বরতায় আক্রান্ত হওয়া এই সমাজের সংস্কার দরকার। দুর্বৃত্তদের রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধে এগিয়ে আসতে হবে সমাজের মানুষকেই। দেশের যাঁরা বিবেক বলে পরিচিত, তাঁরাও আর বসে থাকতে পারেন না। আইনি প্রতিকারের দায়িত্ব সরকারের, কিন্তু মনুষ্যত্ব বাঁচানোর দায়িত্বটা সবার।