শিশুদের জন্য ভিটামিন ‘এ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল ৫ জানুয়ারি। কিন্তু আমদানি করা এই ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় তা স্থগিত করা হয়েছে। এখন জরুরি যে প্রশ্ন তা হচ্ছে, কবে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুলের মানের ক্ষেত্রে যেমন আপস করার সুযোগ নেই, তেমনি বিলম্ব করাও যাবে না।প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা যাচ্ছে, ভারতের যে কোম্পানি এই ক্যাপসুল সরবরাহ করেছে, তাদের যোগ্যতা এবং যে ভারতীয় কোম্পানির মাধ্যমে এর মান পরীক্ষা করা হয়েছে, তার প্রক্রিয়া ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। দরপত্রে উল্লেখিত যোগ্যতা সরবরাহকারী প্রতিষ্ঠানটির নেই বলে অনেকে ধারণা করছেন। অন্যদিকে, ক্যাপসুলের মান পরীক্ষা করা হয়েছে ভারতীয় যে প্রতিষ্ঠানটির মাধ্যমে, সে ক্ষেত্রেও যথাযথ পদ্ধতি মেনে চলা হয়নি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক যে রীতি রয়েছে, তা মানা হয়নি। পুরো প্রক্রিয়ার মধ্যে যে ঘাপলা রয়েছে, তা অনুমান করা কঠিন নয়। দরপত্রের কার্যাদেশ নিয়ে অনিয়ম হয়েছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বিশ্বব্যাংক। মান নিয়ে প্রশ্ন ওঠায় শিশুদের ক্যাপসুল খাওয়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত সঠিক বলে আমরা মনে করি। কারণ, ক্যাপসুলের মান নিশ্চিত না হয়ে শিশুদের খাওয়ানোর সুযোগ নেই।শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হয় ছয় মাস পরপর। সর্বশেষ খাওয়ানো হয়েছিল গত বছরের ২ জুন। এ বছর ৫ জানুয়ারির নির্ধারিত দিনটি বাতিল হওয়ায় ছয় মাসের সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে। এই বাস্তবতায় এখন সবচেয়ে জরুরি কাজটি হয়ে দাঁড়িয়েছে, যত দ্রুত সম্ভব শিশুদের জন্য মানসম্মত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের বিষয়টি নিশ্চিত করা। আমরা জেনেছি, স্বাস্থ্যমন্ত্রী এই ক্যাপসুল একাধিক পরীক্ষাগারে পরীক্ষা করতে বলেছেন। এই প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে, সেটা পরিষ্কার নয়। ফলে ক্যাপসুল খাওয়ানোর নতুন কোনো তারিখও নির্ধারণ করতে পারছে না মন্ত্রণালয়, যা এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে সর্বোচ্চ সক্রিয় হয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি অন্যান্য পরীক্ষায় এই ক্যাপসুল মানসম্মত প্রমাণিত না হয়, সে ক্ষেত্রে কী প্রক্রিয়ায় ও কত দ্রুত এই ক্যাপসুল সংগ্রহ করা যায়, সেই উদ্যোগ ও পরিকল্পনা বিবেচনায় নিতে হবে।দেশের কোটি কোটি শিশুর স্বাস্থ্যের বিষয়টি যেখানে জড়িত, সেখানে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আশা করব, যথাযথ তদন্তের মাধ্যমে বিষয়টি উদ্ঘাটিত হবে এবং কোনো অনিয়ম ধরা পড়লে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।