ভারী স্কুলব্যাগ শিশুর শরীরের হাড়ের গড়ন বিকৃত করে দিয়ে তার স্বাস্থ্যের ক্ষতি করে। তাহলে ষষ্ঠ শ্রেণিতে উঠে ১৪টি পাঠ্যবইয়ের বোঝা শিশুদের শরীরে ও মনে কেমন প্রভাব ফেলবে—তা কি ভেবেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও তাদের ঊর্ধ্বতন শিক্ষা মন্ত্রণালয়?
বাংলাদেশে প্রাথমিক স্কুলপড়ুয়া শিশুর স্কুলব্যাগ তার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না বলে গত ডিসেম্বরের গোড়ায় রায় দিয়েছিলেন হাইকোর্ট। গত বছর পঞ্চম শ্রেণিতে যে শিশুটিকে ৬টি বই পড়তে হয়েছে, এখন তাকে ১৪টি বই পড়ে পরীক্ষা দিতে হবে! একলাফে দ্বিগুণের বেশি পড়ার চাপ শিশুরাও সামলাতে পারবে না, তত বেশি শিক্ষক ও শিক্ষা উপকরণও বেশির ভাগ বিদ্যালয়ে নেই। বাধ্য হয়ে তাদের কোচিং-প্রাইভেটমুখী হতে হবে। এনসিটিবির বইয়ের সঙ্গে বহন করতে হবে বাড়তি ওসব বই। তাদের ব্যাগের বোঝা বাড়বে, পড়ার চাপ বাড়বে, টেবিলে কাটাতে হবে আরও বেশি সময়।
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা হওয়ার কথা আনন্দময়। ব্যক্তি-পরিবারের ওপরে সমাজের চাহিদা অনুযায়ী ঠিক হবে তাদের শিক্ষা নেওয়ার মাত্রা। কিন্তু এক বছরে বইয়ের সংখ্যা দ্বিগুণ করে, তাদের শারীরিক ক্ষতির মুখে ফেলে শৈশবকে নিরানন্দ আর অভিভাবককে আরও পেরেশান করার সিদ্ধান্ত যাঁরা দিলেন, তাঁদের কি শিক্ষাদানের বৈজ্ঞানিক বিদ্যা ও মানবিক চেতনা সত্যিই আছে? তাঁদের উদ্দেশেই এক জার্মান মনীষী বলেছিলেন, ‘শিক্ষাদানকারীদেরই আগে শিক্ষিত হতে হবে।’
পাঠ্যপুস্তকে লজ্জাকর ভুল ছাপা এবং বেমানান বিষয় ঢুকিয়ে দেওয়ার কথা না হয় বাদই থাকল। শিক্ষার পরিকল্পনা, পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরীক্ষাপদ্ধতিতে যা খুশি তা-ই করার বাড়াবাড়ি দেখে মনে হচ্ছে, এসবের কারিগরদের শিশুশিক্ষা ও শিশুমন বোঝায় মারাত্মক ঘাটতি রয়েছে।
গত বছর ‘স্কুলের ব্যাগটা বড্ড ভারী’ শীর্ষক প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নাগরিক মহল, অভিভাবক ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল। স্বয়ং প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বয়স বিবেচনা করে পাঠ্যপুস্তকের সংখ্যা সামঞ্জস্যপূর্ণ করতে নির্দেশনাও দিয়েছিলেন। কিন্তু ২০১৭ সালের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে, সকলই গরল ভেল! কেন এটা হলো এবং কী এর প্রতিকার তা সাব্যস্ত করার জন্য আমরা সরকারের শীর্ষমহলের কাছে দাবি জানাই।