শিশুমৃত্যু হ্রাসে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলেই দেশে শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সাফল্য এসেছে বলে জাতিসংঘ শিশু উন্নয়ন তহবিলের (ইউনিসেফ) ‘বিশ্ব শিশু পরিস্থিতি প্রতিবেদন ২০১৬’-তে উল্লেখ করা হয়েছে। নিঃসন্দেহে এটা উদ্দীপিত হওয়ার মতো একটি খবর।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার ১৯৯০ সালে ছিল প্রতি হাজারে ১৪৪ জন। ২০১৫ সালে তা কমে হয়েছে ৩৮। সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, ডায়রিয়া নিয়ন্ত্রণ এবং ভিটামিন ‘এ’ সম্পূরক ওষুধের সফল ব্যবহারের কারণে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। এ ছাড়া গত দেড় দশকে বাংলাদেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হারও কমেছে উল্লেখযোগ্য হারে। ১৯৯০ সালে এ হার ছিল হাজারে ১০০। ২০১৫-তে এসে তা দাঁড়ায় ৩১–এ।
তবে বাংলাদেশের এই সাফল্যের খবরের পাশাপাশি প্রতিবেদনটি থেকে আমরা জানতে পারছি যে, বর্তমান চলমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে ২০৩০ সালের মধ্যে প্রতিরোধ করা যায় এমন রোগে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৬ কোটি ৯০ লাখ শিশুর মৃত্যু ঘটবে। এই শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরাও থাকবে। ফলে প্রতিরোধযোগ্য এই রোগগুলোর ব্যাপারে সতর্কতা ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা গেলে এই দিকটি বিবেচনায় নিতে হবে।
আমাদের দেশে দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর প্রধান কারণ জন্ম-পরবর্তী শ্বাসকষ্ট, কম ওজনের কারণে জন্মগত জটিলতা, সেপটিসেমিয়া, নিউমোনিয়া ও এনকেফেলাইটিস। এ ছাড়া অপুষ্টির কারণেও এই বয়সের শিশুরা মারা যায়। এসব শিশুর মৃত্যুরোধে নানা ধরনের সচেতনতা সৃষ্টির পাশাপাশি সার্বিক স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে হবে। পুষ্টি–সম্পর্কিত জ্ঞান সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশে এখন নবজাতকের মৃত্যুর হার হাজারে ২৩। এই ২৩ সংখ্যাটা কিন্তু কম নয়। এদিকেও নজর দিতে হবে।