শিশুমৃত্যুর শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকার বিষয়টি সত্যিই হতাশাজনক। যুক্তরাজ্যভিত্তিক জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর ১০ নভেম্বরের সংখ্যায় এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশে গত বছর বিভিন্ন রোগ এবং নানা কারণে ১ লাখ ১৯ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এতে বোঝা যাচ্ছে, শিশুমৃত্যু প্রতিরোধে সরকার যেসব কর্মসূচি নিয়েছে, তাতে ঘাটতি রয়ে গেছে।
ল্যানসেট-এর তথ্যে বলা হয়েছে, বাংলাদেশে শিশুমৃত্যুর প্রধান কারণ সময়ের আগে জন্মানোর জটিলতা। এ হার ২০ শতাংশ। এটি খুবই উদ্বেগজনক একটি তথ্য। ওয়াশিংটন ইউনিভার্সিটির স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের এক গবেষণার তথ্যমতে, অপরিণত শিশুর জন্মের প্রধান কারণ মায়ের সংক্রমণ। এ ছাড়া ম্যালেরিয়ার কারণে রক্তস্বল্পতা, সিফিলিস, একলামশিয়া, মায়ের অতিরিক্ত পরিশ্রম ও দূষণের কারণে অপরিণত শিশু জন্মায়। আবার অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ডায়াবেটিসের কারণেও অপরিণত শিশু জন্মাতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ২০১৫ সালে প্রকাশিত বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে বলা হয়েছে, অল্প বয়সে গর্ভধারণ করা মায়েরা অপরিণত শিশুর জন্ম দেন।
এ সমস্যা সমাধানে সবার আগে দরকার অন্তঃসত্ত্বা মায়ের যত্ন। সরকারকে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে। এমনভাবে প্রচারণা চালাতে হবে, যাতে প্রতিটি পরিবার তাদের অন্তঃসত্ত্বা সদস্যটির যত্ন নিতে তৎপর হয়। এ ছাড়া বাল্যবিবাহ রোধ করতে হবে। উন্নয়নের অনেক সূচকে সাফল্য অর্জন করলেও বাংলাদেশে বাল্যবিবাহের হার
এখনো উদ্বেগজনক।
ল্যানসেটের তথ্য অনুযায়ী, দেশে ১৫ শতাংশ শিশু মারা যায় নিউমোনিয়ায়। একই সংখ্যক শিশু মারা যায় জন্মকালীন নানা জটিলতায়। ৬ শতাংশ শিশু মারা যায় ডায়রিয়ায়। ১৪ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে সেপসিস ও মেনিনজাইটিসে। জন্মগত ত্রুটির কারণে ৯ শতাংশ শিশুর মৃত্যু হচ্ছে। পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই ৬ শতাংশ শিশু মারা যায় নানা আঘাতের কারণে।
শিশুমৃত্যুর এমন চিত্র সত্যিই বেদনাদায়ক। সরকারকে শিশুমৃত্যু রোধের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য–সংক্রান্ত যেসব কর্মসূচি রয়েছে, সেগুলোর যথাযথ বাস্তবায়ন করতে হবে। শিশুদের নিরাপত্তা বিধানেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন করতে হবে।