শিশুর জন্য বুকের দুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুস্বাস্থ্যের জন্য বুকের দুধের বিকল্প নেই—এটি একটি সুবিদিত সত্য। তবে নবজাতকের বেঁচে থাকা ও সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে জন্মের এক ঘণ্টা পর থেকেই বুকের দুধ পাওয়ার গুরুত্ব যে অপরিসীম, এ বিষয়ে ধারণা ও সচেতনতার অভাব রয়েছে বলে প্রতীয়মান হয়। জন্মের ঠিক পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুই বুকের দুধ খাওয়ানোকে বলা হয় ‘এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং’। এর মাধ্যমে শিশুর প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার স্বাভাবিক পথ সুগম হয়। ফলে তারা নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো প্রাণঘাতী নানা রোগ প্রতিরোধ করতে পারে, তাদের অকালমৃত্যুর হার অনেক কমে যায়। তা ছাড়া, শিশুকে বুকের দুধ পান করানোর ফলে মায়ের স্বাস্থ্যও উপকৃত হয়; একাধিক গবেষণায় দেখা গেছে, যেসব মা ছয় মাস পর্যন্ত শিশুকে নিয়মিত বুকের দুধ পান করান, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি কমে যায়।

অন্যদিকে জন্মের ঠিক পরেই বুকের দুধ না পেলে শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দেয়, ছয় মাস বয়স পর্যন্ত প্রয়োজনীয় পরিমাণে বুকের দুধ না পেলে তার শরীরের উচ্চতা ও ওজন বয়স অনুপাতে স্বাভাবিকভাবে বাড়ে না। ফলে এসব শিশু কৃশকায় ও খর্বাকৃতি হয়ে থাকে, তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশও ভীষণভাবে ব্যাহত হয়। আমাদের দেশে কৃশকায় ও খর্বাকৃতি শিশুর হার এখনো উল্লেখযোগ্য মাত্রায় বেশি হওয়ার অন্যতম কারণ জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পাওয়া।

প্রশ্ন হচ্ছে, এ দেশে ৪৯ শতাংশ নবজাতক জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ কেন পাচ্ছে না? আমাদের সমাজে এর কারণ বহুবিধ। সবচেয়ে বড় কারণ, সচেতনতার অভাব। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে বুকের দুধ দেওয়ার বিশেষ গুরুত্বের কথা বলাই বাহুল্য, সাধারণভাবে বুকের দুধের বিষয়ে পর্যাপ্ত সচেতনতা শিক্ষিত ও ধনী জনগোষ্ঠীর মধ্যেও নেই। গ্রামাঞ্চলে শালদুধ নিয়ে কুসংস্কারও আছে। শহরাঞ্চলে অধিকাংশ বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে বুকের দুধের বিকল্প শিশুখাদ্যের বাণিজ্যের অভিযোগ আছে। পরিসংখ্যান বলছে, ধনী পরিবারগুলোর মধ্যে শিশুকে বুকের দুধ দেওয়ার হার বেশ কম, যার কারণও মূলত সচেতনতার অভাব। সুতরাং সব জনগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।