সিলেট ও খুলনায় দুই কিশোরকে নির্যাতন করে হত্যায় সারা দেশের মানুষ বিচলিত হয়েছিল। তখন অভিযুক্তরা ছিলেন সাধারণ নাগরিক। সেই তুলনায় রাজশাহীর পবা উপজেলার একটি গ্রামে একটি মুঠোফোন চুরির ঘটনায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া দুই শিশুকে নিষ্ঠুরভাবে নির্যাতনের ঘটনায় সেনাবাহিনী ও র্যাবের ছুটিতে থাকা দুই সদস্যের জড়িত থাকার অভিযোগ বেশি ভয়ংকর ও স্পর্শকাতর। তাঁদের চাকরিগত পরিচয় যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা সেনাবাহিনী ও র্যা বের কাছে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিভাগীয় তদন্ত আশা করব। ইদানীং নিরাপত্তা বাহিনীর কোনো কোনো সদস্যের বিপথগামী হওয়াকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার চেয়ে সংশ্লিষ্ট বাহিনীর মর্যাদা হিসেবে দেখার একটি দুঃখজনক প্রবণতা লক্ষ করা যায়। আমরা সবিনয়ে নিবেদন রাখব, এ ক্ষেত্রে যেন তার পুনরাবৃত্তি না ঘটে।
মুঠোফোনের জন্য দুই কিশোরকে নির্যাতনকেবল ফৌজদারি আদালতে বিচার হলে এই দুই অভিযুক্তের উপযুক্ত শাস্তি পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকতে পারে। কারণ, দুই শিশুর গায়ের বাস্তব জখম ততটা গুরুতর নাও হতে পারে। এখানে যেটা মুখ্য বিবেচ্য, সেটা হলো শিশুর মনে ও দেহে আতঙ্ক সৃষ্টি করা। একটি অন্ধকার ঘরের মধ্যে দুই শিশুকে কয়েকজন লোক ধরে রেখেছে, আর কয়েকজন তাদের লাঠিপেটা করেছে এবং এর মুখ্য অভিযুক্তরা দায়িত্বশীল শৃঙ্খলা বাহিনীতে কর্মরত আছেন, এটাই বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশ ইতিমধ্যেই ভিডিও দেখে কথিত এক সেনাসদস্যকে চিহ্নিত করেছে। সুতরাং, এখন নির্যাতনকারীদের, বিশেষ করে ওই দুই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাঁদের নিজ নিজ বাহিনী কতটা দায়িত্বশীলতার পরিচয় দেয়, সেটা দেখার জন্য আমরা তাকিয়ে থাকব। আশা করব, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে এবং তার ফলাফল অবিলম্বে জনগণের কাছে প্রকাশ করা হবে।
আমরা এ ক্ষেত্রে পুলিশের প্রাথমিক ভূমিকাকে সাধুবাদ জানাই। ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের উচিত দ্রুত অভিযোগপত্র দাখিল করা।