শিশুর প্রতি পৈশাচিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবেতর প্রাণীদের কথা বাদ দিলে বাংলাদেশে সবচেয়ে নাজুক প্রাণী হলো নারী আর শিশু। নারীর নাজুকতার অন্যতম প্রধান কারণ তার শরীর—এটা বোধগম্য। কিন্তু যে শিশুর প্রতি আপন-পরনির্বিশেষে সবার স্নেহ-প্রীতি-বাৎসল্য মানবপ্রকৃতির সহজাত বৈশিষ্ট্য, সে কেন প্রতিনিয়ত খুন ও ধর্ষণের শিকার হচ্ছে, তা বোঝা অত্যন্ত দুরূহ বলে মনে হচ্ছে।
চলতি মাসের প্রথম ১৮ দিনে খুন হয়েছে ১৮ শিশু। প্রতিদিন গড়ে একজন! গত বছরের ফেব্রুয়ারির ২৯ দিনে খুন হয়েছিল ১৯ জন। অর্থাৎ শিশুখুনের প্রবণতা বাড়ছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম হিসাব দিচ্ছে, গত দেড় মাসে ৪৫ শিশু খুন হয়েছে। আরও বড় উদ্বেগের কথা, শিশুরা খুন হচ্ছে আপন মা-বাবার হাতেও। গত দেড় মাসে ৭ শিশু খুন হয়েছে এভাবে। পারিবারিক জটিলতা, যৌতুক, মা-বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের জটিলতার নির্মম শিকার হচ্ছে অনেক শিশু। অপহৃত হওয়ার পরও অনেক শিশু খুন হচ্ছে; শিশুখুনের ঘটনা ঘটছে প্রতিবেশীদের মধ্যে শত্রুতার জের ধরে। একশ্রেণির পাষণ্ড প্রকৃতির মানুষ পূর্ণবয়স্ক শত্রুর ওপর হিংসা-ক্রোধ চরিতার্থ করতে বেছে নিচ্ছে শত্রুর শিশুসন্তানকে হত্যা করার পৈশাচিক পন্থা।
শিশুধর্ষণের পরিসংখ্যানের দিকে তাকালে স্তম্ভিত হতে হয়। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে, গত বছর সারা দেশে চার শর বেশি শিশুধর্ষণের ঘটনা ঘটেছে। ৬৪ শিশু এমনকি গণধর্ষণের শিকার হয়েছে। স্তম্ভিত হতে হয় যখন
দেখা যায়, গণধর্ষণের শিকার শিশুদের অধিকাংশের বয়স চার থেকে নয় বছর। গণধর্ষণের শিকার শিশুদের মৃত্যু আর ধর্ষণ করার পর খুন করে লাশ পুঁতে রাখা কিংবা কোথাও ফেলে দেওয়া। এ কেমন সমাজ আমাদের? কী করে ঘটতে পারছে এমন সব বিকৃত পৈশাচিকতা?
সাধারণভাবে মনে করা হয়, বিচারহীনতার পরিবেশ সব ধরনের অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। অপরাধীদের শাস্তি হচ্ছে না, বা অপরাধের তুলনায় শাস্তির ঘটনা কম। সত্য বটে, অপরাধের শাস্তি না হলে অপরাধীদের মনে হয় যে অপরাধ করে পার পাওয়া সম্ভব। কিন্তু এটাও তো সত্য যে সম্প্রতি কিছু শিশুহত্যার বিচার ও কঠোর দণ্ড হয়েছে। তবু কেন শিশুর প্রতি নৃশংসতা ও বিকৃত যৌন আচরণ বেড়েই চলেছে?
এভাবে আর চলতে পারে না। শিশুহত্যা, শিশুধর্ষণসহ শিশুর প্রতি সব রকমের সহিংসতা বন্ধ করতে ব্যাপক ও সমন্বিত রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ নিতে হবে।