শিশুর বড় ঘাতক পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবরে প্রকাশ, গত শনিবার বেলা তিনটার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলতে যায় চার শিশু। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। পরে রাতে পুকুর থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের ধারণা, খেলার একপর্যায়ে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

তাদের ধারণাই সম্ভবত ঠিক। কেননা, এই শিশুদের কেউ সাঁতার জানত না। তাদের বয়স হয়েছিল যথাক্রমে তিন, ছয়, সাত ও আট বছর। বোঝাই যাচ্ছে, শিশুদের প্রতি পরিবারের লোকজনের যথাযথ নজর না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমাদের দেশে শিশুদের অন্যতম ঘাতক হচ্ছে পানিতে ডুবে মৃত্যু। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের সচেতনতা ও পর্যাপ্ত নজরদারির অভাবেই দুর্ঘটনাগুলো ঘটে।

সেভিং লাইভস ফ্রম ড্রাউনিং প্রজেক্ট (সলিড) ইন বাংলাদেশ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়, যা মোট শিশুমৃত্যুর ৪৩ শতাংশ। আর প্রতিদিন গড়ে ৪০টি শিশু পানিতে ডুবে মারা যায়।

যদিও মূলত পরিবারের অপর্যাপ্ত তত্ত্বাবধানের অভাবে শিশুরা বেশির ভাগ ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার শিকার হয়, তারপরও সরকার পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে ভূমিকা রাখতে পারে। এ ধরনের মৃত্যু রোধ করতে প্রচার-প্রচারণা ও সচেতনতা সৃষ্টির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার কার্যকর কিছু করতে পারে। সাঁতার না জানা পানিতে ডুবে শিশুদের মৃত্যুর একটি বড় কারণ। এ ব্যাপারেও সরকারের করণীয় রয়েছে। জেলা-উপজেলায় প্রশিক্ষক দিয়ে সাঁতার শেখানোর উদ্যোগ সরকারি তরফে নেওয়া যেতে পারে। সামাজিক উদ্যোগেও এ ধরনের কিছু করা সম্ভব। প্রতিটি শিশুকে সাঁতার শেখানোর ব্যাপারে পরিবারগুলো যাতে সচেতন হয়, সেই প্রচার-প্রচারণাও জোরদার করতে হবে।