শিশুর স্কুলব্যাগের ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলো এই সমস্যার প্রতি সবার দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ২০১৪ সালের ২১ নভেম্বর এক প্রতিবেদন ছেপেছিল ‘স্কুলের ব্যাগটা বড্ড ভারী’ শিরোনামে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের সরকার তাদের বিদ্যালয়গামী শিশুদের স্কুলব্যাগের ওজন শিশুর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না বলে নির্দেশনা জারি করার পর আমাদের পত্রিকা সেই খবরটিও ২০১৫ সালের ২৭ জুলাই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। এরও লক্ষ্য ছিল সমস্যাটির প্রতি সরকারসহ সবার দৃষ্টি আকর্ষণ করা।

সুখের বিষয়, আমাদের সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী সমস্যাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে গত বছরের আগস্ট মাসে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন। গত বুধবার মামলাটির চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী ব্যাগ বহন নিষিদ্ধ করে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন       করতে হবে।

আদালতের এই নির্দেশ অত্যন্ত প্রয়োজনীয়। আইন প্রণয়ন সময়সাপেক্ষ প্রক্রিয়া—এই বিবেচনা থেকে আদালত সরকারকে এমন নির্দেশনাও দিয়েছেন, আইন প্রণয়নের আগ পর্যন্ত একটা সরকারি সার্কুলারের মাধ্যমে শিশুদের ভারী ব্যাগ বহনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যেই সার্কুলারটি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আমরা প্রত্যাশা করি, আদালতের নির্দেশ যথাসময়ে বাস্তবায়ন করার আন্তরিক উদ্যোগ সরকার নেবে। আমাদের শিশুরা ভারী ব্যাগ বহনের ফলে কী ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে, আদালতের রায়ে সেসবও তুলে ধরা হয়েছে। যেমন, তাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া। শিশুরাই আমাদের ভবিষ্যৎ; তাদের শিক্ষিত অংশই যদি গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকে, তবে তা যারপরনাই দুশ্চিন্তার বিষয়। আদালতের রায়ে এমন পর্যবেক্ষণও আছে যে বেশি ওজনের স্কুলব্যাগ বহনের ফলে শিশুদের শরীরে স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিচ্ছে।

আদালতের এই রায়ের লক্ষ্য শিশুর ওপর থেকে বই–খাতা বহনের ব্যাগের বাড়তি ওজন কমানো। পাশাপাশি তাদের পরীক্ষায় ভালো ফল করার উগ্র প্রতিযোগিতার চাপ কমানোর উদ্যোগও নেওয়া প্রয়োজন।