নয় বছরের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের আরেকটি অভাবনীয় তথ্য উদ্ঘাটিত হয়েছে সুনামগঞ্জে। মিরপুর মডেল থানায় চুরি ও হাঙ্গামার মামলায় ১১ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের কাহিনি প্রকাশের কয়েক সপ্তাহের ব্যবধানে পুলিশি গাফিলতির আরেকটি অবাক করা তথ্য প্রকাশিত হলো।
আমরা মনে করি, পুলিশের সেবা ও কর্তব্য পালনের নীতিনৈতিকতায় যথেষ্ট ধস নেমেছে বলে যে সন্দেহ অনেকেই সাধারণভাবে করেন, তার সঙ্গে এই ঘটনাবলির একটা যোগসূত্র সম্ভবত অস্বীকার করা চলে না। পুলিশ বিভাগের অত্যন্ত সতর্ক হওয়ার সময় এসেছে। তাদের উচিত হবে না এসব গভীর উদ্বেগজনক ঘটনাকে বিচ্ছিন্ন বা খাটো করে দেখা। সুনামগঞ্জে নয় বছরের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেছেন, ‘এলাকার মানুষ বলেছে সে জড়িত ছিল।’ তবে সব থেকে পরিহাসের হলো বিবদমান দুই পক্ষের যে সহিংসতায় শিশুটির বিরুদ্ধে পুলিশ প্রহারের আসামি হয়েছে, সেই সহিংসতায় সে নিজেই ইটের আঘাতে জখম হয়েছিল। তাই এই সংখ্যালঘু পরিবারটির কাছে পুলিশি তৎপরতা মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। কোনো ঘটনার পরেই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুক্তভোগী পরিবারের কাছে ছুটে যেতে দেখা যায়নি।
এটা ইঙ্গিতবহ যে এই দুটি ঘটনার কোনোটির ক্ষেত্রেই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তাদের এই অভ্যন্তরীণ অনিয়ম চিহ্নিত করতে পারেনি। উভয় ক্ষেত্রে আদালতে শুনানিকালে এটা চিহ্নিত হয়েছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে যতটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলে খবর বেরোয়, শেষ পর্যন্ত তা খুবই কম টেকে। কারণ, যে প্রক্রিয়া অনুসরণ করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, তা যথাযথ হয় না।
সুতরাং যখন আমরা পুলিশের কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানতে পারি, তখন তাতে পুলিশের অপরাধবিরোধী কর্তব্যবোধের বহিঃপ্রকাশ ঘটে, তা ধরে নেওয়া চলে না। ১১ মাস বয়সী একটি শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের মতো গর্হিত অপরাধে বদলি করার মতো তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অনেকের কাছেই লোক দেখানো মনে হতে পারে। অল্প সময়ের ব্যবধানে দুটি মামলায় চারজন দায়িত্বশীল কর্মকর্তার অভিযোগপত্র কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনাকে পুলিশ কর্তৃপক্ষ তাদের জন্য একটি ঘুম ভাঙানো বার্তা হিসেবে দেখতে পারে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দরকার, যা পরে তারা আপিল করে বদলাতে না পারে।