বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শিশুহত্যার ঘটনা সংবাদমাধ্যমের উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। সর্বশেষ হবিগঞ্জে চার শিশুর রহস্যজনক হত্যাকাণ্ডে দেশের বিশিষ্টজনদের গভীর উদ্বেগ প্রকাশের খবর পাওয়া গেল। কিন্তু উদ্বেগের গভীরতা যত, তা নিরসনের তৎপরতা ততটা ব্যাপক নয়। বরং হবিগঞ্জে নিহত শিশুদের স্বজনেরা সেখানকার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন যে তাঁরা শুরুতে বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দেননি।
বেসরকারি পরিসংখ্যান বলছে, চার বছর ধরে দেশজুড়ে শিশুহত্যার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। ২০১২ সালে খুন হয়েছে ২০৯টি শিশু। পরের বছর সংখ্যাটি বেড়ে হয়েছে ২৮১। আর তার পরের বছর ২০১৪ সালে শিশুহত্যায় উল্লম্ফন ঘটেছে: সে বছর খুন হয়েছে ৩৬৬টি শিশু। অবশ্য ২০১৫ সালে তা কমে ২৯২-এ নেমেছে, কিন্তু ২০১২ সালের তুলনায় বেশিই রয়ে গেছে। এ বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাসেই খুন হয়েছে ৩৭ শিশু। এই পৈশাচিক প্রবণতা এমন হারেই যদি অব্যাহত থাকে, তাহলে বছর শেষে মোট শিশুহত্যার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই পরিস্থিতি চেয়ে চেয়ে দেখব?
আরও গভীর প্রশ্ন হলো, কেন ঘটছে এসব? শিশুরা তো কারও শত্রু হতে পারে না, তারা তো কারও মনে জিঘাংসা জাগাতে পারে না। সব সুস্থ-স্বাভাবিক সমাজে শিশুমাত্রই স্নেহ-বাৎসল্যের পাত্র। আমাদের সমাজে কেন শিশুহত্যার বিভীষিকা মোচ্ছবে পরিণত হলো? হবিগঞ্জের চার শিশু স্থানীয় পঞ্চায়েতকেন্দ্রিক দ্বন্দ্ব-বিরোধের জেরে খুন হয়ে থাকতে পারে—পুলিশ কর্মকর্তার এ সন্দেহ যদি সত্য হয়, তাহলে উদ্বেগের মাত্রা গুরুতরভাবে বেড়ে যায়। পারিবারিক কলহ, সম্পত্তি নিয়ে বিরোধ, ব্যক্তিগত স্বার্থ হাসিলের নির্মম বলি হচ্ছে শিশুরা।
বিচারহীনতার পরিবেশ কিংবা বিচারের দীর্ঘসূত্রতার সংস্কৃতিতে শিশুরা বিশেষভাবে নাজুক—এই বাস্তবতা অতিশয় স্পষ্ট হয়ে উঠেছে। সরকারের দায়িত্ব অবিলম্বে তৎপর হয়ে ওঠা।
আরও পড়ুন: