শিশুহত্যা থামাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে শিশুরা নিষ্পাপ, সামাজিক কোনো ক্লেদ যাদের কখনোই স্পর্শ করতে পারে না, নৃশংসতার শিকার হয়ে সেই শিশুদের যদি অকাতরে জীবন দিতে হয়, তার চেয়ে বেদনার আর কী হতে পারে? গত শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলা ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে তিনটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের শিকার এই শিশুদের মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়। শুধু অর্থের জন্য নয়, অন্যান্য কারণেও শিশুরা খুন হচ্ছে। পারিবারিক কলহ, জমিজমা নিয়ে বিরোধ কিংবা মা-বাবার সম্পর্কের জটিলতায়ও শিশু খুনের ঘটনা ঘটছে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত সাড়ে নয় শরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। ২০১২ সালে ২০৯, ২০১৩ সালে ২১৮, ২০১৪
সালে ৩৫০টি শিশু খুনের ঘটনা ঘটে। গত বছরের প্রথম সাত মাসে সংখ্যাটি দাঁড়ায় ১৯১-এ।
একের পর এক শিশুহত্যা ও অপহরণের ঘটনা ঘটছে, অথচ কারও টনক নড়ছে না। সমাজ নির্বিকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়। এসব ঘটনা সামাজিক অবক্ষয়ের বিষয়টি যেমন সামনে নিয়ে আসছে, তেমনি রাষ্ট্র ও সরকারের ব্যর্থতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অনেক সময় প্রভাবশালীদের চাপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা পার পেয়ে যায়।
এই অবস্থা চলতে দেওয়া যায় না। শিশুহত্যা ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে বাধ্য। সমাজকে রক্ষার স্বার্থে মানবতার শত্রু এই শিশু অপহরণকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর ঘাতক ও অপহরণকারীকে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের এমন অভয় পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি শিশু থাকবে নিরাপদ; প্রতিটি পরিবার হবে শান্তির নীড়।