শিশুহত্যা রুখে দাঁড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিশু সামিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর এক মাস না যেতেই খুলনায় শিশু রাকিবের বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় শান্তিপ্রিয় মানুষ শঙ্কিত। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সুটকেসের ভেতর এক শিশুর লাশ পাওয়া গেছে। তার শরীরে ছ্যাঁকা ও জখমের চিহ্ন ছিল। এ ছাড়া বরগুনার আমতলীতে চোখ ওঠানো অবস্থায় একটি শিশুর লাশ পাওয়া গেছে। চাঁদপুরের শাহরাস্তিতে ভণ্ড পীরের পাল্লায় পড়ে মা তাঁর চার বছরের শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করেছেন। তাহলে বাংলাদেশ কি শিশুহত্যাকারীদের অভয়ারণ্য হয়ে উঠল?
আজ আমার-আপনার শিশুসন্তানকে যদি কেউ ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে পৈশাচিক উন্মত্ততায় মেতে ওঠে, রুখবে কে? যে পুলিশ ও প্রশাসনের লোকজন এসব অপরাধ দমনের দায়িত্বে নিয়োজিত, তাঁদের অনেকে অপকর্মের সহযোগী হিসেবে প্রায়ই চিহ্নিত হচ্ছেন। সিলেটে সামিউল হত্যার ঘটনায় এ রকম সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লঘু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে আর যা–ই হোক, পুলিশ প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা যায় না।
এ কথা পরিষ্কার যে খুন করে অনায়াসে পার পেয়ে যায় বলেই অপরাধী চক্রের এত সাহস। তারা খুব ভালোভাবেই জানে, তাদের কিছু হবে না, বিচার ও শাস্তির বাইরে থাকার অনেক উপায় তাদের আছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া এবং বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে এই ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
যেকোনো মূল্যে শিশুদের নির্যাতন ও হত্যা রুখতে হবে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। আমরা শিশু নির্যাতন, খুন, নারী ধর্ষণের আর একটি ঘটনাও দেখতে চাই না। অপরাধীদের বিরুদ্ধে নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষ এগিয়ে আসুক; পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে শিশু ও নারীদের ওপর অত্যাচার, নির্যাতন রোধে তারা প্রতিরোধ গড়ে তুলুক—এটাই প্রত্যাশা।
বর্বর হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় নৈরাজ্য নিয়ন্ত্রণে আনা যাবে না।

আরও পড়ুন