কাশফুল ফুটলেও শরতের শিশির নেই, শিউলি ফুটলেও হেমন্তের উপভোগ্য হিমেল হওয়ার দেখা নেই বাংলাদেশে। শিশিরসিক্ত নয়, আশ্বিনের শেষাশেষি বাংলাদেশের মানুষ ভিজে যাচ্ছে ঘামে। কবি ভাস্কর চক্রবর্তীর মতো আমাদের মনেও প্রশ্ন জাগছে, ‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’
পশ্চিমা দেশে শীত মানে বিষণ্ন প্রকৃতি আর বরফে অবরুদ্ধ জবুথবু জীবন। কিন্তু ষড়্ঋতুর বাংলাদেশে আবহমানকাল থেকে শীত মানে হৃদয় চনমনে করা আনন্দের সময়। প্রকৃতিতে পাতা ঝরলেও মানুষের পোশাক হয়ে ওঠে রঙিন। এ সময়েই গ্রাম-বাংলায় উৎসব-পার্বণ আর পিঠা-পুলির আয়োজন জমে ওঠে। যদিও আশ্বিনে শীত আসে না। তবে শীতের একটা আগমনী সংকেত থাকে আবহাওয়ায়। এবার সে লক্ষণ নেই। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বলাবাহুল্য, এটা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এ সময়ে দক্ষিণের বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু বিদায় নিয়ে হিমালয়ের হিম হাওয়া উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়ার কথা। কিন্তু কথা রাখতে পারছে না প্রকৃতি। পৃথিবীর জলবায়ু উত্তপ্ত হয়ে উঠছে। মার্কিন মহাকাশবিজ্ঞান সংস্থা নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০১৬ সালে পৃথিবীর তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ দাগ স্পর্শ করেছে। অতিরিক্ত জ্বালানি পোড়ানো এবং অপরিকল্পিত শিল্পায়ন ও ভোগ-বিলাসের খেসারত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছে প্রকৃতি। জলবায়ু পরিবর্তন রোধে স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে এ শতাব্দীর মধ্যে পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রির বেশি বাড়তে না দেওয়ার অঙ্গীকারও ব্যর্থ হতে বসেছে। কেননা, ইতিমধ্যে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে।
বাংলাদেশে ঋতুচক্রের অস্বাভাবিকতার কারণ যেমন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, তেমনি স্থানীয়ভাবে বন-জঙ্গল-নদী উজাড় করারও দায় আছে। বাংলাদেশ ক্রমেই এক দীর্ঘ গ্রীষ্মকালের মধ্যে পড়তে যাচ্ছে। এ বছর বৃষ্টিও হয়েছে ১৬ শতাংশ কম! বৃষ্টি কম এবং নদীপ্রবাহ শুকিয়ে আসায় সেচের ওপর নির্ভরতা বাড়ছে। ঋতুচক্রের এই বিভ্রাট কেবল প্রকৃতিকেই ভোগাচ্ছে না, মানুষের অভিযোজন ক্ষমতার ওপরও চাপ ফেলছে। শীত-হেমন্ত, শরৎ-বসন্ত তাই শুধু কবির অনুরাগ নয়, বাংলাদেশেরই স্বাভাবিক প্রয়োজন।