দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি হচ্ছে শীতলক্ষ্যা। নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি আমাদের ব্যবসা-বাণিজ্যের বিকাশে ও অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে। এই নদীর কারণেই নারায়ণগঞ্জে গড়ে উঠেছে দেশের অন্যতম প্রধান নৌবন্দর। সেই শীতলক্ষ্যা নদীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমাদের মনে উদ্বেগ সৃষ্টি করে।
বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, শীতলক্ষ্যা নদীর মূল চ্যানেলে সিমেন্ট কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাহাজ, কোস্টার ও বাল্কহেড এলোপাতাড়ি নোঙর করে রাখার কারণে নৌপথ যেমন সরু হয়ে যাচ্ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নোঙর করা জাহাজ ও বাল্কহেডের সংখ্যা শতাধিক। এসব নৌযানের ফাঁকফোকর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় অন্য সব নৌযানকে। বিশেষ করে শীত ও বর্ষাকালে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। শীতকালে কুয়াশার মধ্যে চলতে গিয়ে মূল চ্যানেলে নোঙর করা নৌযানের সঙ্গে সংঘর্ষ হয়। বর্ষায় ঝড়ের কবল থেকে বাঁচতে নদীর তীর ঘেঁষে নৌযান চালানো উচিত। কিন্তু নোঙর করে রাখা নৌযানের কারণে ঝড়ের মধ্যেও মাঝনদী ধরে চলাচল করতে হয়। এতে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। এভাবে দিন দিন শীতলক্ষ্যা নদী নৌযান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
দেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশে অবদান রাখা নদীটিতে এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিশৃঙ্খলার দায় নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ এড়াতে পারে না। কেননা, এসব দেখার দায়িত্ব তাদেরই।
নদীর মূল চ্যানেলে নৌযান নোঙর করে রাখার কারণে ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বড় ধরনের দুর্ঘটনা যে ঘটবে না, তার নিশ্চয়তা কে দেবে? এ জন্য প্রয়োজন বন্দর ব্যবস্থাপনা ব্যাপকভাবে উন্নত করা এবং বন্দর কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা। নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। শীতলক্ষ্যা নদীর তীরে চারটি সিমেন্ট কারখানাসহ অসংখ্য শিল্পকারখানা রয়েছে। এসব কারখানার পণ্য জাহাজসহ নৌযানে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়, কিন্তু এসব প্রতিষ্ঠানের জন্য কোনো পোতাশ্রয় নির্মাণ করা হয়নি। নিজস্ব পোতাশ্রয় না থাকায় স্বাভাবিকভাবেই এসব প্রতিষ্ঠানের পণ্য বহনকারী জাহাজ, কোস্টার যেখানে জায়গা পায়, সেখানেই নোঙর করে। ফলে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা।
২০১৮ সালের অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ ভেড়াতে নতুন নিয়ম চালু করে কর্তৃপক্ষ। এই নিয়মে বন্দরের জলসীমায় পৌঁছানো যেকোনো পণ্যবাহী জাহাজ বন্দরকে অবহিত করেই নোঙর করবে। সমুদ্রপথে দুর্ঘটনা এড়াতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ নিয়ম চালু করে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই ধরনের নিয়ম চালু করতে পারে নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ।