শীতার্তের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা দিশাম মোছ দিশাম জন্ম ইঞা নেড়েনিয়া দিশাম বাগি কাতে অহো চা ইঞা কারে।’এটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামের আদিবাসী কোল সম্প্রদায়ের একটি দেশাত্মবোধক গানের কথা। ভাবান্তর করলে দাঁড়ায়, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ, জন্ম আমার এখানে, এ দেশ ছেড়ে যাব না কোথাও।’ ওরা দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, জানা গেল বাংলাদেশে সর্বসাকল্যে প্রায় আড়াই হাজার কোল সম্প্রদায়ের মানুষ আছে। বাবুডাইংয়ে ২৫০টির মতো পরিবার বাস করছে। নানা দখলদারির কারণে জমিজমা হারিয়ে বিলুপ্তপ্রায়। তারা কৃষিমজুর খেটে দিনাতিপাত করে। তীব্র অভাব আর ক্ষুধায় জর্জরিত থাকলেও কারও কাছে হাত পাতে না। পেটে পাথর বেঁধে ঘুমায়। কিন্তু রাষ্ট্র ও সমাজের কাছে অভীষ্ট না চাইলেও নির্বাক করে দেয় যে, এই পশ্চাৎপদতার শেষ সীমায় থেকেও তাঁরা নিজ ভাষায় দেশকে ভালোবেসে এমন অসাধারণ গান বাঁধার অনুরাগ রাখেন। যার মূল্যায়ন আমরা কখনো করি না। এবার মূল ব্যাখ্যায় আসি। প্রথম আলোর বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের লেখক-পাঠকেরা হঠাৎ করেই ঘোষণা দিল ‘শুধু বদলে যাওয়ার কথা বলা নয়, আমাদের নিজেদেরও ভালো কাজ করতে হবে’, এই বিশ্বাস নিয়ে অনলাইনে মতবিনিময় করে নিজস্ব অর্থায়নে তারা দরিদ্র শীতার্তদের কম্বল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগ্রহ যত সামান্যই হোক, তা নিয়েই শীতার্তদের কাছে যাব। প্রথমে সিদ্ধান্ত হলো সম্প্রতি পুড়ে যাওয়া হাজারীবাগ বা বেগুনবাড়ী বস্তিতে বিতরণের। আমরা কয়েকজন বেগুনবাড়ী বস্তি পরিদর্শন করে দেখলাম মূল ক্ষতিগ্রস্ত পরিবার সেখানে একটিও নেই। আগুনে পুড়ে যে জায়গাটুকু খালি হয়েছে, সেখানে নতুন দালান উঠছে। আমার সঙ্গী গালিব মেহেদি ও শাহীন বললেন, ‘ভাইয়া, তাহলে তো দেখছি বস্তিতে আগুন লাগে না, আগুন লাগানো হয়।’ আমরা সিদ্ধান্ত পাল্টে ফেলতে প্রথম আলো ট্রাস্টের পলা আজিজের সাহায্য নিলাম। তিনি বললেন, আপনাদের ফান্ড কত হয়েছে? ২০ হাজার। তাহলে এমন একটি ছোট জায়গা নির্বাচন করুন, যেখানে সবাইকে দেওয়া যায়। এটার জন্য গোদাগাড়ী আদিবাসীদের বাবুডাইং প্রাথমিক বিদ্যালয়টি হতে পারে যথার্থ স্থান। বাচ্চাগুলো অনেক কষ্টে পড়ালেখা করছে। তিনি মুহূর্তেই ফোন করলেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দিলু ভাইয়ের কাছে, স্কুলে বর্তমান ছাত্রসংখ্যা কত? বললেন ১১০ জন। আমরা স্থানীয় পর্যায়ে কম্বলের মূল্য জানলাম ১৮০ টাকায় নেওয়া যাবে। তাহলে তো হিসাব মিলে গেল। আমরা সিদ্ধান্ত দিয়ে ফেললাম ২৮ ডিসেম্বর স্কুলটিতে আসছি। আমরা চাইছিলাম কম্বলগুলো বিতরণের সময় কোনোভাবেই যেন প্রমাণ না করে আমাদের মধ্যে দাতা-গ্রহীতার সম্পর্ক। সাহায্য পাওয়ার মিনতিসুলভ আচরণ যেন ওদের থেকে না ঘটে। করুণাপ্রাপ্তির অবগাহন তাদের মনোজগৎকে যেন ছোট না করে। সব ব্যবস্থাপনার দায়িত্ব ওদের কাছেই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এত সতর্ক থাকার পরও যেন সেই চিরায়ত ধারা থেকে মুক্তি পাওয়া যায় না। আমাদের যাতায়াত সুবিধাতেই দিনটি পড়ল শুক্রবার। ওই দিন যে স্কুলের ছুটির দিন, তা বোঝার উপায় নেই। স্কুল প্রাঙ্গণে ১১০ জন ছাত্র প্রত্যেকেই উপস্থিত। সঙ্গে জোড় হয়েছে তাদের অভিভাবকেরাও। আমরা ঢাকা থেকে গেছি ব্লগার হিমু, শাহীনসহ তিনজন। আমাদের পোশাকই ওদের থেকে পৃথক করে দেয়। কাজেই আমাদের ওরা সম্মান জানাবেই। আশির কোটা পেরিয়ে গেলেও ঢুলি কার্তিক কোল-মাদল বাজিয়ে নিজেদের অতিথি অভ্যর্থনার সংস্কৃতিকে রক্ষা করলেন। ছোট ছোট বাচ্চারা নিজস্ব মাতৃভাষায় গাইল সেসব মধুর গান। এমন নির্মল ভালোবাসা বুঝি গহিন গ্রামেই বাস করে? এখানেই দেখা মিলল সাদা মনের মানুষ কানাই চন্দ্র দাসের। তাঁর পরিচয় দেশবাসী জানেন। আমরা সুযোগ পেলাম তাঁর লড়াকু কর্মক্ষেত্র দেখার। চার বছর আগেও এ গ্রামের কেউ স্বাক্ষর করতে পারত না। সুরের জাদুকর তান সেন নাকি সুরের মূর্ছনায় বৃষ্টি নামাতেন। কিন্তু মহান কানাই মাস্টারকে কী বলব? এই নৃগোষ্ঠীর শিশুদের বিদ্যার আলো দিচ্ছেন একটি মাটির কুঁড়েঘরে! দরজা-জানালাবিহীন এই মাটির ঘর থেকে প্রাথমিক সমাপনীতে দুটি ব্যাচ পাস করিয়েছেন। প্রথম ব্যাচে ১৬ জন, এবার ১৪ জন। পাসের হার শতভাগ!স্কুলের আশপাশে চার-পাঁচটি পরিবার ঘুরে কোনো খাট-চৌকি না দেখে বিস্মিত হয়ে কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, এঁরা শীত মোকাবিলা করেন কীভাবে? বন্ধুসভার একজন বলল, লেপ-তোশক না থাকায় খেজুরপাতার পাটি পাইপের মতো গোল করে তার ভেতরে ঢুকে থাকত। এখনো নাকি কোনো কোনো পরিবারে এভাবে শীতের রাতের হিমভস্ম করে! যদি এটা শীতযাপনের সংস্কৃতি ধরি তবে সহায়হীনতার দাবিটি রাষ্ট্রের অন্ধপ্রতিম দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কেই দিতে হয়। যাদের কাছে এই আদিবাসীরা চিরদিনের অচেনা হয়েই আছে। আমরা যখন বিদায় নিয়ে চলে আসার প্রস্তুতি নিচ্ছি, কয়েকটি বিহ্বল শিশু কাঁধে কম্বল জড়িয়ে তখনো আমাদের বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে দেখছে। রোগা পটকা দেহের শিশুগুলোর চোখ ঝকঝক করছে, কী অদ্ভুত মায়াময় চাহনি। মুখে কিছু বলার নেই। যা বলার চোখের ভাষাতেই বলছে, তাদের সঙ্গে আমাদের দূরত্ব আর ফারাক কত। একই সংবিধান, একই মানচিত্র, একই পতাকা অথচ যোজন যোজন সামাজিক অর্থনৈতিক নিঃসীমতা। যেন কষ্টগুলোকে ভেজা গামছার মতো চিপে পানি ঝরাচ্ছে বুকের ভেতর। আমাদের সব উদারতা, সহানুভূতির প্রেম, সামান্য কম্বল দেওয়ার পরিতৃপ্তি মাটিতে মিশে বিলীন হয়ে যায়। স্বাধীনতা-উত্তর আমরা ব্যর্থ প্রজন্ম এ জন্য যে, এসব চরম বৈষম্যের শিকার মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিতে পারিনি। ওদের পক্ষে কথা বলার কেউ হতে পারিনি। সরকারের মানুষগুলোর মুখে নিত্য স্তুতি, জাতীয় প্রবৃদ্ধি বাড়ছে, জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। কিন্তু ওরা কী করে বোঝাবে তাদের জন্য এই সংবাদ সম্পূর্ণ মূল্যহীন। ডাহা মিথ্যা কথা। ছয়টি মৌলিক অধিকারের একটিও উপস্থিত নেই সেখানে। অকস্মাৎ পরিদর্শনে ওদের কাছে আমরাই যেন হয়ে উঠি রূপক সরকার! কেননা, সরকারের কোনো লোক সেখানে যান না। বন্ধুসভার সদস্যদের মোটরসাইকেলে বসে পেছন ফিরে বিমর্ষ হাত উড়াই আর ক্রমেই মিলিয়ে যেতে থাকি ওদের থেকে। বরেন্দ্রের ঠা ঠা ঊষর ভূমিতে ওদের ছলছল চাহনি যেন জীবনানন্দের কবিতার মতোই জীবন্ত হয়ে ওঠে—‘তুমি তা জান না কিছু, না জানিলে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ করে’। শওকত আলী: সমন্বয়কারী, বদলে যাও বদলে দাও মিছিল। [email protected]ই-মেইল: bjbd@pৎothom-alo.infofacebook.com/bjbdmichhilজনমত জরিপের ফলাফলবদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে। আপনিও অংশ নিন জরিপে।আপনি কি মনে করেন, হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা না দিলে আইনগত শাস্তির বিধান করা উচিত?  হ্যাঁ ৯৫%  না ৪% মন্তব্য নেই ১% ১৬ জানুয়ারি, ২০১৩ পর্যন্তরাজধানীর যানজট থেকে মুক্তি পেতে রেল নেটওয়ার্ক বাড়ানো প্রধান সমাধান হিসেবে মনে করেন? হ্যাঁ ৭৭%  না ২০% মন্তব্য নেই ৩% ১৬ জানুয়ারি, ২০১৩ পর্যন্তআপনি কি মনে করেন, ট্রাফিক জ্যাম কমাতে ছোট আকারের যানবাহন কমিয়ে দ্বিতল বাসের সংখ্যা বাড়ানো জরুরি? হ্যাঁ ৭৩%  না ২৫% মন্তব্য নেই ২% ১৬ জানুয়ারি, ২০১৩ পর্যন্তব্লগ থেকে...নির্বাচিত মন্তব্যযানজট নিরসন করতে ঢাকা শহরের মধ্যে নতুন রাস্তা করার মতো পরিস্থিতি নেই। এ সীমাবদ্ধতা দূর করতে মূল কিছু এলাকা যেমন, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, গুলশান প্রভৃতি এলাকা নিয়ে একটি কনজাংশন জোন করা জরুরি। এসব এলাকাতে কোনো প্রাইভেট কার ঢুকলে দিনে একবার একটা ফি দিতে হবে। লন্ডন-প্যারিসে যেমন আছে। এতে গরিব বা মধ্যবিত্তের কোনো সমস্যা হবে না এবং ব্যস্ততম এলাকায় প্রাইভেট কারের চাপ কমবে। মেট্রো ও পাতালরেল ঢাকার মাটি ও ভৌগোলিক কারণেই মানগত উপযোগী নয়। তবে অতিরিক্ত টাকা খরচ করে সেটা সম্ভব। ফ্লাইওভার কখনো যানজট কমাবে না, সাধারণ জনগণেরও কোনো কাজে আসবে না। ওভারগ্রাউন্ড পদ্ধতি ঢাকার জন্য বেশি উপযোগী। খরচও তুলনামূলক কম এবং সবাই ব্যবহার করতে পারবে। ঢাকার চারপাশে বৃত্তাকারে মেট্রোওয়ে তৈরি করলে সব গাড়ি ঢাকায় না ঢুকেই ঢাকা ক্রস করতে সাহায্য করবে। বিশ্বের বড় বড় শহরকে যানজটমুক্ত করতে এ ধরনের মেট্রোওয়ে করা হয়েছে। সালাহউদ্দিন আকন[email protected]নির্বাচিত প্রস্তাবস্বাধীন বাংলাদেশের জাতীয় দিবসগুলোর তাৎপর্য কী, এটা বর্তমান প্রজন্মের অধিকাংশ তরুণ-তরুণী না জানার কারণে দিবসের মূল ভাবগাম্ভীর্যকে উচ্ছৃৃঙ্খলতায় বিকৃত করছে। ইতিহাস বিচ্ছিন্ন করে তোলার পরিবেশও বিকশিত হচ্ছে। বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ ও ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার দিনে অবমাননাকর আচরণ করা হয়। আবার উত্তোলন করা জাতীয় পতাকা অনেক দিন ধরে আর নামানো হয় না। ছেঁড়া রংচটা মলিন পতাকাগুলোও ওড়াই। দিবসগুলোতে নেতা-মন্ত্রীরা কে কী বললেন, এটা প্রচার করার চেয়ে গণমাধ্যমে নাগরিক সচেতনতায় আশু কর্তব্য ও দায়িত্ব বারবার করে প্রচার করা অপরিহার্য। সাঈদ হোসাইন[email protected]নিজের মত দিন... ব্লগেwww.bodlejaobodledao.comচলতি বিষয়— উচ্চ আদালতে বাংলা চাই বাংলা সিনেমার শুভদিন কবে আসবে ঢাকা বাঁচাতে ড্যাপের বাস্তবায়ন চাই পারিবারিক নির্যাতন ব্যক্তিগত বিষয় নয়