শীর্ষ সন্ত্রাসীদের সাজা মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তিদের সাজা মওকুফ, স্থগিত বা হ্রাস করার এখতিয়ার প্রয়োগের বিষয়টি আইনের শাসনের শর্তপূরণ থেকে বিচ্ছিন্ন করে দেখা হয় না। বিশ্বের সব দেশেই কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম নিশ্চিত করার এখতিয়ার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো, কেউ যেন কোনোভাবেই অবিচারের শিকার না হন।
আইনের চোখে সমতার নীতি বজায় রেখেই রাষ্ট্রপতিকে এসব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাষ্ট্রপতির বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর সুপারিশেই চূড়ান্ত হয়ে থাকে। তাই সংবিধান ও আইনের আওতায় যখনই এসব ক্ষমতা অপব্যবহার বা বৈষম্যমূলকভাবে ব্যবহারের কথা ওঠে, তখন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর নজর পড়ে। আর তখন দেখা যায়, ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে ‘কতিপয়ের’ দিকে রাষ্ট্র বিশেষ মনোযোগ দিয়েছে।
এবার জানা যাচ্ছে, সরকার শীর্ষ সন্ত্রাসী জোসেফসহ ৫৩ বন্দীর সাজা মওকুফ করে কারাগার থেকে মুক্তি দিতে যাচ্ছে। ‘মন্ত্রী ও সাংসদদের সুপারিশে’ তাদের তালিকা সত্যিই চূড়ান্ত হয়ে থাকলে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নৈতিকতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। সাধারণত ঈদ ও জাতীয় দিবস উপলক্ষে ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের কারাজীবনে সদাচরণ থাকলে তাঁরা মুক্তি পেয়ে থাকেন। কিন্তু এবার একটা উদ্বেগজনক খবর এল। দাবি করা হয়েছে, বন্দীদের বয়স, সাজার ধরন, মেয়াদ, শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে ২৯৭ বন্দীর তালিকা থেকে ৫৩ জনের নাম চূড়ান্ত করে যাচাইয়ের (ভেটিং) জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে।
আমরা মনে করি, দণ্ডিত ব্যক্তিদের ক্ষমা করার বিষয়ে সরকারের এখতিয়ার ও ক্ষমতার যথাযথ ও ন্যায্য প্রয়োগ নিশ্চিত করতে চাইলে একটি সুষ্ঠু নীতিমালা জারি করতে হবে। শাস্তির অন্যতম লক্ষ্য অপরাধীর সংশোধন। কারাগারগুলোতেও ভিড় উপচে পড়ছে। এ অবস্থায় নির্দিষ্ট নীতির আওতায় সমতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে আগাম মুক্তির মতো সিদ্ধান্ত অব্যাহতভাবে চলতেই পারে। কিন্তু তা কেবল মন্ত্রী ও সাংসদদের সুপারিশে বা দলীয় বিবেচনায় ঘটলে তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। এতে করে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বাড়তে পারে। এর আগে রাজনৈতিক মামলার অজুহাত ব্যবহার করে সাত হাজারেরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে, যাতে সমসংখ্যক বা তার চেয়ে বেশি সংখ্যক অভিযুক্ত রেহাই পেয়ে গেছেন। এগুলো আইনের শাসনের পরিপন্থী ছাড়া অন্য কোনো কিছু নয়। গুরুতর অপরাধীদের অনুকম্পা দেখানোর উদ্যোগ আমরা পরিত্যাগের আহ্বান জানাই।