
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে ৯৯তম অবস্থানে উন্নীত হওয়ার খবর আশাব্যঞ্জক। এই সাফল্যের জন্য অংশীজনদের আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে বলব, এই অগ্রগতিতে আত্মতুষ্টির সুযোগ নেই। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আমরা কেবল পাকিস্তান থেকে এগিয়ে। ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল থেকে পিছিয়ে। প্রতিবেশী ভুটান ও শ্রীলঙ্কা ওই সূচকে ৮৫তম অবস্থানে রয়েছে।
১২টি সূচকের প্রতিটিতে আমরা আগের থেকে ভালো করেছি। প্রাতিষ্ঠানিক সক্ষমতার ক্ষেত্রে ১২৫তম থেকে ১০৭তম অবস্থানে উঠে আসা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা মনে করি, সার্বিক বিচারে সদ্যঘোষিত এই বৈশ্বিক সূচকে এই প্রশ্নও সামনে আসবে যে দুর্নীতির মতো বড় সমস্যা নিয়ে ভারত যদি ৪০তম সূচকে নিজেকে ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ কেন ৯৯-তে থাকবে? আর কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের নিয়ামক শক্তি হলো মানবসম্পদ। কিন্তু দক্ষ মানবসম্পদ তৈরিতে রাষ্ট্রের ঔদাসীন্য এখনো প্রকট। দুর্নীতির সমস্যা বাংলাদেশেও উন্নতির পথে বাধা তৈরি করছে সন্দেহ নেই। কিন্তু সেই দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার অভাব উৎপাদন ব্যবস্থায় দক্ষতা অর্জনের পথে এখনো বাধা হয়ে আছে।
৮ শতাংশের জিডিপি এখনো অধরা। বিশ্বব্যাংকের একটি নতুন প্রতিবেদন বলেছে, মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। নিম্নমানের প্রযুক্তি ও মান্ধাতা আমলের ব্যবস্থাপনা চলছে। বুধবার প্রকাশিত সিপিডির নতুন জরিপ চলতি বছরেও ব্যবসায় পরিবেশের উন্নতি বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। কিন্তু ওই জরিপ নিশ্চিত করছে যে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ধারা বেশ নিম্নমুখী। ৫১ শতাংশ ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংকের শিথিল নজরদারিতে সন্তুষ্ট নয়। ৩৯ শতাংশ ব্যবসায়ী মনে করেন, বাংলাদেশি মুদ্রার অতিমূল্যায়ন ব্যবসার জন্য ক্ষতিকর হবে। আমরা মনে করি, এ ধরনের যেসব উল্লেখযোগ্য বিষয় আছে, সে বিষয়ে সরকারের সতর্কতা ও তা নিরসনে আশু হস্তক্ষেপ দরকার।
তবে ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব ওই সূচক প্রকাশকালে যে উক্তি করেছেন, তা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণকারী দেশগুলোর মধ্যে যারা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সক্ষম হবে, তারাই ভবিষ্যতের প্রতিযোগিতার দৌড়ে জয়ী হবে।’ আত্মজিজ্ঞাসা দরকার, মি. শোয়াবের মন্তব্যের সঙ্গে আমাদের বর্তমান প্রস্তুতি ও উপলব্ধি কতটা প্রাসঙ্গিক ও উপযোগী।