সরকার ও দেশের প্রধান বিরোধী দলের বিদ্বেষপ্রসূত রাজনীতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। অতীতের মতোই বিরোধী দলকে মামলা ও গ্রেপ্তার করে স্তব্ধ করার পাঁয়তারা চলছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। কারণ, বিরোধী দলের ওপর ধরপাকড় চলমান রাখলে তাদের প্রকৃত অপরাধের বিচার করা ও তার গ্রহণযোগ্যতা সৃষ্টি কঠিন হয়ে পড়ে। জনমনে সন্দেহ বাড়ে, বিশ্বাসযোগ্যতা হারায়।নির্বাচন সামনে রেখে সংলাপ দরকার। কিন্তু তার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরোধী দল ছাড়া সংসদ যে অর্থহীন, সে কথা আজ স্মরণ করতেও সরকারি দল কুণ্ঠিত। বিরোধী দল মনে করে, ব্যক্তি ও গোষ্ঠী শাসনকে আরও দীর্ঘায়িত করতে দমন-পীড়ন চালানো হচ্ছে। একই সঙ্গে জোট সরকারের দুঃশাসনের দুঃসহ স্মৃতি জনগণকে নতুন করে তাড়া করছে। বিএনপির মহাসচিবসহ শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে রাখার মহড়া চলছে। ক্ষমতাসীন দল শক্তির পরীক্ষায় উত্তীর্ণ জনগণের কাছে এমন ভাবমূর্তিই প্রতিষ্ঠা করতে চাইছে বলে প্রতীয়মান হচ্ছে। এক বছর আগে ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় প্রায় ৪০ নেতাকে পাইকারি হারে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও সত্য, সরকারের প্রতি বিরোধী দলেরও কোনো শুভেচ্ছাবার্তা নেই। সরকারের পাইকারি গ্রেপ্তার এবং বিরোধী দলের লাগাতার হরতাল অভিযান প্রজাতন্ত্রের মালিক জনগণকে দেখতে হচ্ছে অসহায় দৃষ্টিতে।স্বরাষ্ট্রমন্ত্রী অবলীলায় অগ্রহণযোগ্য যুক্তির জাল বিস্তার করে চলেছেন। তিনি ৮ এপ্রিল একটি বেসরকারি টিভিতে বলেছেন, তাঁর মন্ত্রণালয় থেকে বিএনপির নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালত স্বীয় বিবেচনায় তাঁদের জেলে পাঠিয়েছেন। সরকারের কিছু করার নেই। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই স্বাধীনতার খসড়া আইন মওদুদ আহমদই প্রস্তুত করেছেন বলে তাঁকে জানানো হয়েছে। জনগণের উদ্দেশে এ ধরনের অসত্য বক্তব্য প্রদান প্রমাণ করে যে ক্ষমতাসীন সরকার আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় কতটা তাচ্ছিল্য মনোভাব দেখাতে পারে। বিচার বিভাগ আংশিক পৃথক করা হলেও তাঁদের কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে রয়ে গেছে। জনগণ দেখতে পাচ্ছে, সরকার ক্রমশ রাজনৈতিক দমন-পীড়নের দিকে ঝুঁকে পড়ছে এবং তার লাগাম টানার জন্য রাষ্ট্রযন্ত্রের ভেতরে কোনো শক্তি নেই। রাষ্ট্রযন্ত্র তাদের অন্যায্য ও অনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে অবিরাম ভূমিকা রেখে চলেছে। ১৮ এপ্রিল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তারিখ ধার্য রয়েছে। বিএনপির শঙ্কা, তাঁকেও অন্তরীণ রাখা হতে পারে। এ রকম একটি প্রেক্ষাপটে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপির নির্বাসিত নেতা তারেক রহমানের রাজনৈতিক উক্তি গণমাধ্যমে এসেছে। বিরোধী দল এখন সরকার পতনের আন্দোলনে রয়েছে। এতে জনগণের সায় আছে দাবি করা সহজ নয়। কিন্তু বেপরোয়া বিরোধী দলকে পদ্ধতিগতভাবে নিপীড়ন করতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার কাম্য নয়। এটা বুমেরাং হতে বাধ্য।