শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের শেষ দিকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভাষাবিজ্ঞানী জ্ঞান-তাপস ডক্টর মহম্মদ শহীদুল্লাহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলার একটি কেবিনে দেখতে গিয়েছিলাম তাঁকে। আমার সঙ্গে ছিলেন আমার স্ত্রীর বড় বোন এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী ও পরে ঢাকা বেতারের শ্রোতা-গবেষণা পরিচালক সুফিয়া খানম। তিনি ডক্টর শহীদুল্লাহর সঙ্গে আমাদের কথাবার্তার একপর্যায়ে আসন্ন একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদ্যাপন প্রসঙ্গে জাতীয় জীবনের সব পর্যায়ে মাতৃভাষা প্রচলনের আবশ্যিকতার কথা তুলেছিলেন। শহীদুল্লাহ সাহেব তখন আমাদের যা বলেছিলেন আজ প্রায় ৪২ বছর পরও তা স্পষ্ট আমার স্মৃতিতে। তিনি বলেছিলেন, ‘তোমরা ভুলে যেয়ো না বাংলা একটি সমৃদ্ধ ভাষা; জীবনের সর্বস্তরে এই ভাষার প্রচলন না হলে বাংলাকে রাষ্ট্রভাষা করাটা অর্থহীন হয়ে পড়বে।’ ডক্টর শহীদুল্লাহ আরও বলেছিলেন, ‘বাংলা ভাষার যদি যথার্থ মর্যাদা রক্ষা করতে হয় তাহলে এই ভাষা লিখতে হবে শুদ্ধ করে, উচ্চারণ করতে হবে শুদ্ধ।’ সে সময় আমি ঢাকার একটি সাপ্তাহিক পত্রিকায় এক নিবন্ধে এই প্রসঙ্গ উল্লেখ করেছিলাম।’৫২ সালের ভাষা সংগ্রামের পর দীর্ঘ ছয় দশক এখন অতিক্রান্ত। ডক্টর শহীদুল্লাহর অনন্য উপদেশটি আমরা মেনে চলতে পারিনি। এই ষাট বছরেও আমাদের জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা প্রচলন সম্ভব হয়নি। আমরা ব্যবহারিক জীবনে, সরকারি কাগজপত্রে এমনকি পত্রপত্রিকায় বেশির ভাগ ক্ষেত্রে শুদ্ধ বাংলা লেখায় মনোযোগী হইনি। সভা-সমিতি অনুষ্ঠানের আলোচনা সংলাপে এবং বেতার-টেলিভিশনের অনুষ্ঠানে শুদ্ধ বাংলা বলার অভ্যেস আয়ত্ত করিনি।সমাজের শিক্ষিত সম্প্রদায়—বিশেষ করে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, প্রতিবছর একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে জ্বালাময়ী ভাষণে উচ্চকণ্ঠ হন যাঁরা, এবং রাষ্ট্র পরিচালনার কর্তৃত্বে যাঁরা—কেউই এই ব্যর্থতার দায়িত্ব এড়াতে পারবেন না। বাংলা ভাষার সার্বিক উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত বাংলা একাডেমীও এই দীর্ঘ সময়ে তার যথার্থ দায়িত্ব পালনে সক্ষম হয়নি। গবেষণামূলক কিছু বই-পুস্তক প্রকাশনায় সাফল্য সত্ত্বেও অভিযোগ শোনা যায় প্রতিবছর বইমেলার আয়োজন, মাঝেমধ্যে সেমিনার-কর্মশালা অনুষ্ঠানের মধ্যেই এই সংস্থার তৎপরতা সীমিত। ভাষা আন্দোলনের প্রামাণ্য গবেষণা গ্রন্থের লেখক বদরুদ্দীন উমর ভয়েস অব আমেরিকা থেকে নেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলা একাডেমী সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এই সংস্থা সরকারি প্রভাব-প্রতিপত্তির ঊর্ধ্বে উঠতে পারে না এবং তার ফলে তাদের ভূমিকা দুঃখজনকভাবে সীমিত। এ রকম হয়ে থাকলে বাংলা ভাষার প্রত্যাশিত সার্বিক প্রয়োগ, বানান, শুদ্ধ উচ্চারণ, শব্দ সম্ভার প্রসারের গবেষণা, বিজ্ঞান-প্রযুক্তি-চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পরিভাষা ও উচ্চশিক্ষার পাঠ্য-পুস্তক রচনায় পৃষ্ঠপোষকতা—এসব অত্যাবশ্যকীয় বিষয়ে যথোপযোগী ভূমিকা পালনের উপযোগী করে তোলার জন্য বাংলা একাডেমীকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন সংস্থায় রূপায়িত করা প্রয়োজন।বদরুদ্দীন উমর ওই সাক্ষাৎকারে বাঙালি শিক্ষিত বিত্তবান ও পদস্থ সরকারি কর্মকর্তাদের একটা অংশের দুঃখজনক মানসিকতার কথাও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, এমন বেশ কিছু বিত্তবান পরিবারের কথা তিনি জানেন, যাঁরা এ কথা বলতে গর্ববোধ করেন যে ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল ‘এ’লেভেলে অধ্যয়নরত তাদের ছেলেমেয়েরা এখন বাংলা প্রায় ভুলতে বসেছে। তাদের এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন—এবং প্রয়োজন তাদের একটা উপলব্ধি করানো যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও একটা বড় দায়িত্ব অনস্বীকার্য। বাংলাদেশে এখন বাংলা পত্রপত্রিকার সংখ্যা অনেক। এসব পত্রপত্রিকার কোনো কোনোটিতে প্রকাশিত বেশ কিছু লেখায় বাংলা বাক্য গঠন, বানান, শব্দ প্রয়োগ—ইত্যাদি ক্ষেত্রে দুর্বলতা রীতিমতো পীড়াদায়ক। যেমন—বাংলাদেশের একটি অঞ্চলে স্থানীয়ভাবে ‘সহসা’ শব্দটি ব্যবহূত হয় ‘দ্রুত’ অর্থে। কিন্তু এই শব্দের সঠিক ও বাংলা-আভিধানিক অর্থ ‘হঠাৎ’। অথচ পত্রপত্রিকার লেখায় বেতার-টেলিভিশনের অনুষ্ঠানে এবং নেতা-নেত্রীদের বক্তৃতা-ভাষণে ‘সহসা’ শব্দটি যদৃচ্ছভাবে ব্যবহূত হচ্ছে ‘দ্রুত’ অর্থে।গণমাধ্যমে লক্ষণীয় আরেকটি বড় ত্রুটি বাংলা তারিখ নিয়ে। কলকাতার আনন্দবাজার পত্রিকা মাঝেমধ্যেই নিজেদের খেয়াল-খুশিমতো নানা পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেয়। এ নিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন বিশিষ্ট লেখকের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের কেউই আনন্দবাজার-এর স্বেচ্ছাচারিতাকে সমর্থন করেন না। দুঃখের বিষয়, আনন্দবাজার-এর এসব পরীক্ষা-নিরীক্ষার ব্যাপক অনুসরণ লক্ষ করা যায় বাংলাদেশের গণমাধ্যমে। দৃষ্টান্ত হিসেবে বিশেষভাবে উল্লেখ করতে হয় বাংলা তারিখ লেখার প্রসঙ্গ। বাংলাদেশের পত্রপত্রিকায় এবং বেতার-টেলিভিশনে এখন ‘১লা’ বা ‘পয়লা ফেব্রুয়ারি’ লেখা হয় না—কিংবা বলা হয় না। বলা হয় ‘এক ফেব্রুয়ারি’। ‘৩রা’ বা ‘তেসরা জুলাই’ কিংবা ‘৪ঠা’ বা ‘চৌঠা আগস্ট’ লেখা ও বলা হয় না; লেখা হয় এবং বলা হয় ‘৩ জুলাই’, ‘৪ আগস্ট’। ভাষা-বিশেষজ্ঞরাও মনে করেন, বাংলা তারিখের এ রকম প্রয়োগ মারাত্মক ভুল। বাংলাদেশের বিশিষ্ট কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হক কিছুকাল আগে ওয়াশিংটনে এসেছিলেন। তখন তিনি বাংলা তারিখ এভাবে লেখার বা বলার একটা গুরুতর বিপর্যয় ব্যাখ্যা করে বলেছিলেন, ইংরেজির মতো করে বাংলা বলার বিপদ এই যে, ‘৩ জুলাই ঘটনা ঘটেছে’ বললে মনে হতে পারে পরপর তিন বছরের তিনটি জুলাই মাসে ঘটনা ঘটেছে; কিংবা ‘৪ আগস্ট’ বললে পরপর চার বছরের চারটি আগস্ট মাসে ঘটেছে ধারণা হতে পারে। সে ক্ষেত্রে ‘তেসরা জুলাই’ বা ‘চৌঠা আগস্ট’ তারিখ না বোঝাটাই স্বাভাবিক। আসলে ‘পয়লা, দোসরা, তেসরা, চৌঠা’ এভাবেই তারিখ বলার প্রচলন বাংলা ভাষায় আবহমানকাল ধরে। হঠাৎ করে ইংরেজি তারিখের অনুকরণে বাংলা তারিখ বলাটা বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কোনো সার্থকতা আছে বলে ভাষা-বিজ্ঞানীরা মনে করেন না।বাংলাদেশে সাম্প্রতিককালে বেতার-টেলিভিশনেরও সংখ্যা বেড়েছে যথেষ্ট। কিন্তু বেতার-টেলিভিশনে পরিবেশিত অনুষ্ঠানে শব্দ-প্রয়োগ ও উচ্চারণ ত্রুটিমুক্ত নয়—এবং কোনো কোনো ক্ষেত্রে যথার্থই বিব্রতকর ও অসহনীয়। যেমন—বাংলাদেশের বেতার-টেলিভিশনে এবং নেতা-নেত্রীদের ভাষণে ‘সমঝোতা’ শব্দটি উচ্চারিত হচ্ছে ‘সমোঝোতা’। অথচ এই শব্দের সঠিক উচ্চারণ ‘শমেঝাতা’। জামিল চৌধুরীর সম্পাদিত বাংলা বানান অভিধান গ্রন্থের ৭৯১ পৃষ্ঠায় রয়েছে ‘সমঝোতা’ শব্দের সঠিক উচ্চারণ ‘শমেঝাতা’। বাংলাদেশ টেলিভিশনের সূচনাকালের কর্ণধার ও সাবেক ব্রডকাস্টিং একাডেমির প্রধান বন্ধু জামিল চৌধুরী এ ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন বাংলা বানান ও উচ্চারণের কয়েকটি গ্রন্থ প্রকাশ করে। কিন্তু তার এই উদ্যোগে যথাযোগ্য সাড়া দেয়নি বেতার-টেলিভিশনের অনুষ্ঠান-পরিবেশকেরা।গত জুলাই মাসে ঢাকা সফরকালে এনটিভি টেলিভিশনে আমার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। ওই সাক্ষাৎকারে আমি গণমাধ্যমে বাংলা শব্দ প্রয়োগ ও উচ্চারণের সমস্যার কথা বলেছিলাম। ঢাকা থেকে বেশ কয়েকজন সাংবাদিক-লেখক বন্ধু আমাকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু সমস্যার নিরসন হয়নি।বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নতুন প্রজন্মের এবং তাদের ওপর পত্রপত্রিকা ও বেতার-টেলিভিশনের প্রভাব ব্যাপক। এ কারণে শুদ্ধ বাংলা লেখা ও শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে তাদের সচেতন ও মনোযোগী করে তোলার ব্যাপারে গণমাধ্যমের উদ্যোম সবচেয়ে শক্তিশালী হতে পারে।সম্প্রতি ওয়াশিংটনে আমাদের বর্ষীয়ানদের প্রতি শনিবারের এক নিয়মিত ঘরোয়া আলোচনা অনুষ্ঠানে এই প্রশ্নটি উঠেছিল। সেখানে স্বাধীন বাংলাদেশের সূচনাকালের পরিকল্পনা-কমিশনের উপপ্রধান, রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাবেক কর্মকর্তা বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম বাংলা শুদ্ধ লেখা ও শুদ্ধ উচ্চারণের সমস্যা নিরসনের একটি সম্ভাব্য কার্যকর পন্থার উল্লেখ করেন। তাঁর অভিমত, বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন ভাষা-বিজ্ঞানীকে নিয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি কমিশন গঠন করতে পারে এবং তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের দায়িত্ব দিতে পারে। এই কমিশনই নির্দিষ্ট সময়ের মধ্যে যথোপযোগী দিকনির্দেশনা স্থির করতে পারে।ডক্টর মহম্মদ শহীদুল্লাহর উপদেশ অনুসরণের লক্ষে ভাষার মাস এই ফেব্রুয়ারিতে এই আমাদের প্রত্যাশা। সৈয়দ জিয়াউর রহমান: সাংবাদিক ও লেখক, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সম্পাদক।