শুধু আনুষ্ঠানিকতা নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। গত দুই বছর করোনা সংক্রমণের কারণে দেশবাসী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে পারেনি। বের হয়নি মঙ্গল শোভাযাত্রাও। করোনার সংক্রমণ কমে যাওয়ায় এ বছর বিপুল উৎসাহ নিয়ে নববর্ষকে বরণ করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

দুই বছর পর এবার ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের প্রতিপাদ্য ‘নব আনন্দে জাগো’। এর অর্থ অতীতের গ্লানি-দুঃখ-জরা মুছে ফেলে আমরা আনন্দময় জীবনের দিকে যাত্রা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদও সীমিত পরিসরে ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। কেবল ঢাকা নয়, সারা দেশই নববর্ষকে বরণ করতে প্রস্তুত।

সম্রাট আকবরের সময় খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা নববর্ষ চালু হয়। এরপর থেকে নববর্ষকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সারা বছরের হিসাব-নিকাশ করে থাকেন, হালখাতা খোলেন। ক্রেতারা বকেয়া শোধ করেন। শত শত বছর ধরে এ ধারা চলে এলেও করোনার কারণে গত দুই বছর ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির ছিল। আশার কথা, এ বছর করোনার প্রকোপ কমে যাওয়ায় বৈশাখী অর্থনীতি বেশ চাঙা হয়েছে। নববর্ষের দুই সপ্তাহ পরই মুসলমান সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর। ফলে কেনাকাটার মাত্রা আরও বেড়ে যাবে।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কয়েকটি বন্ধুরাষ্ট্রের বরাত দিয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। কয়েকটি বন্ধুরাষ্ট্রের বরাত দিয়ে তারা বলেছে, এবার পয়লা বৈশাখে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে জঙ্গিবাদীরা তৎপর হয়ে উঠতে পারে। এ বার্তা আমাদের উদ্বিগ্ন করে। কেননা, এখানে যে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলা হয়েছে, তারা কেবল নববর্ষ উদ্‌যাপন নয়, বাঙালির আত্মপরিচয় মুছে দিতে মরিয়া।

উল্লেখ্য, ২০০১ সালের ১ বৈশাখ রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ৯ জন মানুষকে হত্যা করে জঙ্গিরা। এ ছাড়া যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলাসহ আরও অনেক নাশকতার ঘটনা ঘটিয়েছে এ অপশক্তি। আমরা আশা করতে চাই, জঙ্গিগোষ্ঠীর যেকোনো অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধ করার সক্ষমতা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে। সতর্কবার্তা পাওয়ার পর তারা রমনা বটমূলসহ সর্বত্র বাংলা নববর্ষের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও নিয়েছে। আমরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই। নিরাপত্তার জন্য বিধিনিষেধের প্রয়োজন আছে। তবে সেই বিধিনিষেধের মাত্রা এমন হওয়া উচিত নয়, যাতে উৎসবের আনন্দ বিড়ম্বনায় পরিণত হয় এবং মানুষ ঘরে বন্দী থাকতে বাধ্য হয়।

বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ নিয়ে থাকে। এটি আমাদের ইতিহাস–ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে বাংলা নববর্ষেরও একটি উজ্জ্বল ভূমিকা আছে।পাকিস্তান আমলে বাংলা নববর্ষ উদ্‌যাপনে নানাভাবে বাধা দেওয়া হতো। এখন পয়লা বৈশাখ জাতীয়ভাবে উদ্‌যাপিত হচ্ছে। কেবল আনুষ্ঠানিকতা নয়, আমাদের চিন্তাচেতনা, মনন ও প্রাত্যহিক জীবনে যেন আমরা বাংলা নববর্ষকে ধারণ করি। স্বাগত ১৪২৯।