শুধু একটি গ্রামেই ২২টি ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট পোড়ানো ও ইটভাটা স্থাপনে সরকারি নিয়ম অনুযায়ী কোনো ফসলি জমি ও লোকালয়ে ইটভাটা করা যাবে না। পরিবেশ আইন অনুযায়ী, জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করার নিয়ম নেই। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে গড়ে উঠেছে ২২টি ইটভাটা। এসব ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করলেও এগুলো বন্ধে প্রশাসনসহ সংশ্লিষ্ট কারও কোনো উদ্যোগ নেই।
মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, কলসকাঠি গ্রামের ইটভাটাগুলোর বেশির ভাগই স্কুল ও বাড়িঘরের আশপাশে। ফলে ধোঁয়ার মধ্যে বসে ছেলেমেয়েদের পড়ালেখা করতে কষ্ট হয়। বায়ুদূষণের কারণে এ গ্রামে আর আগের মতো ফসল হয় না। এ গ্রামের ২২টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন দেয়। ২০০৭ সালে উচ্চ আদালতে রিটও করে। ওই রিটের ওপর আজ পর্যন্ত শুনানিই হয়নি। এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কী হতে পারে!
খবর অনুযায়ী, সম্প্রতি পরিবেশ অধিদপ্তর পাঁচটি ইটভাটায় অভিযান চালায়। যথেচ্ছভাবে ইট পোড়ানোর অভিযোগে এসব ইটভাটাকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু ওই পাঁচটি ইটভাটাই পূর্ণোদ্যমে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কলসকাঠি গ্রাম ছাড়াও বরিশালের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই নিয়ম না মেনে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। এই সংখ্যা ১১৯।
শুধু বরিশালেই নয়, দেশের বিভিন্ন স্থানে এভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে লোকালয় ও ফসলি জমিতে অনেক ইটভাটা গড়ে উঠেছে। এসব অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ। মানে এই ইটভাটাগুলো গাছও উজাড় করছে। পরিবেশদূষণ করে ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে যারা এভাবে ইটভাটা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। পরিবেশ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন আরও কঠোর করা ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।