মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের বক্তারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে অনেক ভালো ভালো কথা বলেছেন। তবে শুধু মুখের কথায় বিদেশি বিনিয়োগকারীদের কতটা আকৃষ্ট করা যাবে, তা ভেবে দেখা উচিত। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা এ দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি বাস্তবে কতটা অনুকূল, সে সম্পর্কে ভালোভাবে জেনেবুঝেই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ওই সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা বিনিয়োগ আনার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছি।’ কিন্তু সুনির্দিষ্টভাবে কী কী করা হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। তিনি বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতার কথা বলেছেন, কিন্তু বিদেশিরা আমাদের বিদ্যুৎ-সংকটের কথা জানেন। পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে, ছোট রাস্তাগুলো বড় করা হচ্ছে—এগুলো অবশ্য আশার কথা। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার হিসাব বিবেচনায় নিয়ে উৎপাদন যথেষ্ট পরিমাণে না বাড়াতে পারলে বিদ্যুৎ পরিস্থিতির টেকসই উন্নতি নিশ্চিত করা কঠিন হবে।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বহির্বিশ্বের বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখে। নিকট অতীতে রাজনৈতিক সহিংসতা ও লাগাতার হরতাল-অবরোধের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ না থাকলে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা সব সময়ই থেকে যায়। তাই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, সে জন্য দেশের ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক বোঝাপড়ার বিকল্প নেই।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, জ্বালানি উৎপাদন বৃদ্ধি, যানজট দূর, যোগাযোগ-অবকাঠামো সম্প্রসারণ, পণ্য পরিবহনব্যবস্থা আরও নির্বিঘ্ন করা, আমলাতান্ত্রিক প্রক্রিয়া আরও সহজ করা, দুর্নীতি দমন করাসহ আরও কিছু পদক্ষেপ জোরেশোরে নিতে হবে। পদক্ষেপগুলোর ফলে সার্বিক পরিস্থিতির উন্নয়ন দৃশ্যমান হলে বিদেশি বিনিয়োগকারীরা অবশ্যই আরও বেশি করে এ দেশে বিনিয়োগের ব্যাপারে আকৃষ্ট হবেন।