শুধু শাস্তি নিশ্চিত করাই যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ফটকের কাছে রক্তমাখা একটি ছুরি। রক্ত ১৬ বছরের এক কিশোরীর, যে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এখন সে হাসপাতালের মর্গে। আর কোনো দিন ওই বিদ্যালয়ের ফটকে তার পা পড়বে না।
ঘাতক বিক্রম নামের ২২ বছরের এক তরুণ। লোকজন তাঁকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন। তাঁকে একমাত্র আসামি করে একটা হত্যা মামলা করেছেন কিশোরীর বাবা। হত্যাকারী হত্যাকাণ্ডের সময়ই হাতেনাতে ধরা পড়ায় আইনানুগভাবে তাঁর শাস্তি নিশ্চিত করা পুলিশের পক্ষে কঠিন হওয়ার কথা নয়। তবে সে জন্য যেসব প্রত্যক্ষদর্শী তাঁকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন, তাঁরা যেন আদালতে সাক্ষ্য দিতে যান, তা নিশ্চিত করা প্রয়োজন।
গাজীপুরের কালিয়াকৈরে গত মঙ্গলবার দুপুরের এই হত্যাকাণ্ডের প্রসঙ্গে আমরা কিছু মৌলিক প্রশ্ন তুলতে চাই। ঘটনার বিবরণ থেকে ধারণা করা যায়, তরুণটি ওই কিশোরীর প্রতি আকৃষ্ট ছিলেন। কিন্তু আসলে তিনি কী চেয়েছিলেন? তিনি কি কিশোরীটিকে ভালোবাসতেন? ভালোবাসা কি জবরদস্তি করে পাওয়ার বিষয়? এবং ভালোবাসলে কি শেষ পর্যন্ত ভালোবাসার মানুষটিকে খুন করা যায়?

আবার এটাও সত্য যে তরুণটি পেশাদার খুনি নন, এর আগে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জীবনে তাঁর নিশ্চয়ই কিছু আশা ও স্বপ্ন ছিল। তাহলে এমন একটা গুরুতর, বিভীষিকাময় কাজ কীভাবে তিনি করতে পারলেন? কেন তিনি আর দশজন স্বাভাবিক শিক্ষিত তরুণের থেকে হঠাৎ রূপান্তরিত হলেন একজন নৃশংস খুনিতে?
এসব কথার উদ্দেশ্য এই তরুণের অপরাধকে লঘু করা নয়। তাঁর অবশ্যই আইন অনুযায়ী কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে অন্য কেউ এমন পথে যাওয়ার সাহস না পায়। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ রকম প্রবণতা পুরোপুরি বন্ধ হবে না। আমাদের পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতাবোধ, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি—এসব ক্ষেত্রে গলদ রয়ে গেছে কি না, থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, সেসবও ভাবতে হবে।