২০১৩ সাল বৈদেশিক কর্মসংস্থানের সুখবর দিয়ে শুরু হয়েছে। প্রথমত, ২০১২ সালে আমাদের অভিবাসীরা তাঁদের প্রিয় স্বদেশভূমির জন্য এক হাজার ৪০০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন এবং ছয় লাখ আট হাজার কর্মী নতুন করে অভিবাসী হয়েছেন। অন্যদিকে, মালয়েশিয়ার পামবাগানের জন্য ৩০ হাজার কর্মী নিয়োগের খবর সারা দেশেই একধরনের উৎসাহ সৃষ্টি করেছে। উৎসাহের অন্যতম কারণ সম্ভবত এই যাত্রায় নিয়োগপ্রাপ্তদের যাতায়াত খরচ নিয়োগকর্তা বহন করবেন। বাংলাদেশের অভিবাসীদের সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি খরচে বিদেশে যেতে হয়। মালয়েশিয়ার তুলনায় দক্ষিণ কোরিয়ার খবরটি অবশ্য সেভাবে বাজার পায়নি। যদিও ২০১৩ সালে কোরিয়া ৬২ হাজার অভিবাসী কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে ১০ হাজার বর্তমান কর্মী, যাঁদের মেয়াদ শেষ হলে পুনর্নিয়োগ পাবেন। ৫২ হাজার কর্মী নতুন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে। কোরিয়ায় দেশ হিসেবে কোনো কোটা না থাকায় যে দেশগুলো নিয়োগকারী কোম্পানিগুলোর সঙ্গে ভালো খাতির করতে পারবে, তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ কর্মী পাঠাতে পারবে। মালয়েশিয়ার মতো কোরিয়ার নতুন অভিবাসী কর্মীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আমাদের কম আগ্রহের কারণ কী? একটি কারণ হলো মালয়েশিয়ার কর্মীদের কিছুই জানতে হবে না! খালি গায়েগতরে খাটতে পারলেই হবে। অন্তত ২৫ কেজি ওজন তুলতে পারলেই চলবে! অন্যদিকে কোরিয়ার নতুন কর্মীদের মধ্যে ৩৭ হাজার ৬০০ জন ম্যানুফ্যাকচারিং, চার হাজার ৬০০ জন ফার্মিং, দুই হাজার ১৫০ জন ফিশারিং, এক হাজার ৫৬০ জন কনস্ট্রাকশন এবং ৯০ জন সার্ভিস সেক্টরে নিয়োগ পাবেন। বাকি ছয় হাজার কর্মীর নিয়োগ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বোঝা যাচ্ছে, কোরিয়ার কর্মীদের জন্য দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বিদেশযাত্রার ক্ষেত্রে আমরা এটিকেই সবচেয়ে কম গুরুত্ব দিয়ে থাকি। সেই ১৯৭৬ সাল থেকেই আমরা বৈদেশিক কর্মী প্রেরণে ভাষা এবং কর্মদক্ষতাকে মোটেই গুরুত্ব দিচ্ছি না। দক্ষতার অভাব আমাদের কর্মীদের অন্যান্য দেশের অভিবাসীদের তুলনায় কম বেতনের জন্য দায়ী। অন্যদিকে ভাষাগত দুর্বলতার কারণে ঘন ঘন চাকরি বদলানোরও একটা প্রবণতা দক্ষিণ কোরিয়ায় লক্ষ করা গেছে। ফলে, নিয়োগকর্তাদের মধ্যে আমাদের কর্মীদের ব্যাপারে আগ্রহ কমে যাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে।বিশ্বব্যাংকের হিসাবে বর্তমানে পৃথিবীর প্রায় ২২ কোটি লোক নিজ জন্মভূমিতে থাকে না। তবে, তারা উদ্বাস্তুও নয় সে অর্থে। ওরা অভিবাসী। আমেরিকা, রাশিয়া ফেডারেশন, জার্মানি, সৌদি আরব আর কানাডা হলো অভিবাসীদের পছন্দের দেশ। তবে, জনসংখ্যার অনুপাতে অভিবাসীনির্ভর দেশ হলো কাতার (৮৭ শতাংশ), মোনাকো (৭২ শতাংশ), আরব আমিরাত (৭০ শতাংশ) ও কুয়েত (৬৯ শতাংশ)।২০১২ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫১ হাজার ৫০০ কোটি ডলার। যারা পেয়েছে তাদের মধ্যে শীর্ষে ছিল ভারত, চীন, মেক্সিকো, ফিলিপাইন ও ফ্রান্স। আর রেমিট্যান্স প্রেরণের শীর্ষ দেশগুলো হলো আমেরিকা, সৌদি আরব, সুইজারল্যান্ড ও রাশিয়া। বিশ্বব্যাপী অর্থনীতির নানান চড়াই-উতরাই, মন্দাভাব থাকা সত্ত্বেও বিশ্বব্যাংকের হিসাবে রেমিট্যান্স-প্রবাহ বাড়বে বৈ কমবে না। তাদের হিসাবে এই বাড়ার হার এই বছরে মানে ২০১৩ সালে হবে ৭ দশমিক ৯ শতাংশ এবং ২০১৪ সালে সেটা দাঁড়াবে ৮ দশমিক ৪ শতাংশে। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশি অভিবাসীরা প্রতিজন বছরে দুই হাজার ২২৮ ডলার রেমিট্যান্স পাঠায়, কিন্তু ফিলিপিনোরা দেশে পাঠায় পাঁচ হাজার ৩৭৯ ডলার। ভারতীয়দের বেলায় এটি পাঁচ হাজার ১০৫ ডলার এবং ভিয়েতনামিদের বেলায় চার হাজার ৪২ ডলার। দক্ষতার এবং ভাষাজ্ঞানের দুর্বলতাই আমাদের পিছিয়ে থাকার কারণ। এ কারণে বিশ্ব অভিবাসীদের ৪ শতাংশ আমাদের হলেও রেমিট্যান্সের মাত্র আড়াই শতাংশ আমাদের ভাগে আসে। ঘুরেফিরে দক্ষতা আর ভাষার দুর্বলতার কথায় আসি। সিঙ্গাপুরে যাঁরা একটু কাজ জানেন, তাঁরা শুরুতে ৫০০-৬০০ ডলারে কাজ করে অচিরেই অনেক ওপরে চলে যেতে পারেন। কিন্তু জেনারেল ওয়ার্কার হিসেবে যাঁরা যান, তাঁদের সর্বোচ্চ আয় হয় সব মিলিয়ে ৭০০-৮০০ ডলার। এবং বছর বছর সেখানেই আটকে থাকেন। অন্যদিকে বর্তমানে কম্পিউটার কিংবা প্রযুক্তিকর্মীদের বেতন বিশ্বব্যাপী মাত্র কয়েক বছরে ছয় অঙ্কের সংখ্যাতে গিয়ে পৌঁছে!মধ্যপ্রাচ্যসহ আমাদের প্রচলিত শ্রমবাজারগুলোর বাইরে এখন আমাদের নতুন বাজার খোঁজ করতে হবে। আমরা নতুন কিছু করতে চাই না বলে আশ্চর্যজনকভাবে এখনো আমরা শ্রমবাজার খুঁজে বেড়াচ্ছি। কারণ, অনেকের ধারণা, আমাদের শ্রমশক্তি সস্তা এবং সেটাই মনে হয় আমাদের একমাত্র পুঁজি। ফলে আমাদের শ্রমবাজার খোঁজার মিশন চলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, নাইজেরিয়া, হংকং, গ্রিস, আজারবাইজান প্রভৃতি দেশে। কিন্তু জ্ঞানকর্মীর কোনো বিষয় আমরা এখনো মাথায় নিচ্ছি না। অথচ প্রযুক্তির বিকাশের কারণে দেশে দেশে জ্ঞান ও প্রযুক্তিকর্মীদের চাহিদা বাড়ছে জ্যামিতিক হারে।একটা উদাহরণ হতে পারে কাতার। ২০২২ সালে তারা ফিফা কাপের আয়োজন করবে। এ জন্য স্টেডিয়াম বানাচ্ছে। ওরা ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্যও চেষ্টা করছে। ফলে, আরও অনেক কিছু বানাবে—স্টেডিয়াম, হোটেল, হাসপাতাল, রাস্তা। প্রচুর শ্রমিক লাগবে সন্দেহ নেই। কিন্তু আরও কী লাগবে?সবগুলো স্টেডিয়াম এবং নতুন স্থাপনাগুলোর বেশির ভাগ হবে স্বয়ংক্রিয়। ফলে, এগুলো ম্যানেজ করার জন্য হাই স্কিল লোক লাগবে অনেক। এঁদের হতে হবে রেফ্রিজারেটর বিশেষজ্ঞ, ইলেকট্রিসিটির পণ্ডিত, ইলেকট্রনিকসের লোক, কম্পিউটার জানা। হোটেলগুলোর হাউস কিপিংয়ের জন্য লাগবে ভালো ইংরেজি জানা লোক। স্টেডিয়াম, হোটেল আর রাস্তা বানানোর জন্য সেখানে হাজির হবে শ খানেক বা তারও বেশি বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানিগুলোর প্রত্যেক অফিসে ফ্রন্ট ডেস্কে লোক লাগবে, তাদের কম্পিউটারগুলো সচল রাখার জন্য রক্ষণাবেক্ষণের কাজে লোক লাগবে। এটি কেবল কাতারের জন্য সত্য নয়। আগামী দিনগুলোতে বিশ্ব রেমিট্যান্সের বড় অংশই চলে যাবে জ্ঞানকর্মীদের হাতে। সেই দিনগুলোকে মাথায় রেখে আমাদের এখন থেকে চিন্তাভাবনা করা উচিত। আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কীভাবে বিশ্ব জ্ঞানবাজারের জন্য উপযুক্ত করা যায়, সেটা নিয়ে এখন থেকে কাজ করা প্রয়োজন। সঙ্গে বিশ্ব জ্ঞানবাজারের চাহিদার বিষয়গুলোও জানানো দরকার, বিদেশে যাঁরা সোনার হরিণ খুঁজতে যাবেন, তাঁদের। সম্ভাবনাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে ২০২১ সালের আগেই বাংলাদেশের তিন কোটি অভিবাসী বিশ্ববাজারে নিজেদের যোগ্যভাবে তুলে ধরতে পারবেন।মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।