শুভ খ্রিষ্টীয় নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ নববর্ষ। নববর্ষের মূল সুর হলো নতুনের আগমন। আর নতুন মানেই নতুন জীবন ও নতুন আশা। পুরোনোর অর্জনকে রক্ষা আর ব্যর্থতা ডিঙানোর সুযোগই নতুন দিনের প্রধান বার্তা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তাই বলা যায়, ‘নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু—/ এসো এসো নূতন দিবস!/ ভরিলাম পুণ্য অশ্রুজলে/ আজিকার মঙ্গলকলস।’ খ্রিষ্টীয় নববর্ষে সবার মঙ্গল হোক।
২০১৫ সাল চিরতরে পেছনে চলে গেল। ২০১৬–এর নতুন সূর্যের আগমন যেন জানিয়ে দিল—জীবন বয়ে চলেছে সামনের দিকে। সবার সব শুভ স্বপ্ন বাস্তবায়নের বছরব্যাপী সুযোগ আমাদের সামনে। ২০১৫ সালের প্রথম তিন মাস বাদে বাকি সময়ে রাজনৈতিক উত্তেজনা কম ছিল। প্রাকৃতিক দুর্যোগ ছিল না, অর্থনীতিতে অবক্ষয় দেখা যায়নি। কিন্তু পরমতের প্রতি অসহিষ্ণুতা ছিল। শিশু-কিশোরদের প্রতি নিষ্ঠুরতা জাতিকে কাঁপিয়ে দিয়েছিল। অসহিষ্ণুতার কারণে প্রাণ হরণ করার ঘটনাও বন্ধ হয়নি গত বছরে। বিশ্বের জন্য ২০১৫ সাল ছিল যুদ্ধ, নাশকতা, জঙ্গিবাদ ও শরণার্থীদের দুর্দশার বছর। এর অভিঘাত বাংলাদেশেও লেগেছে।
নতুন বছর দাবি করে জীবন ও মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক জীবন। গত বছর ঝড়ে অনেক পাখি মারা যাওয়ার খবর হয়েছিল। এ বছর বরাবরের মতো অনেক পরিযায়ী অতিথি পাখি দেশের বিল-হাওর ও লেকে আনন্দের সঙ্গে বিচরণ করছে। জীবন এভাবেই পুেরানোর অভাব মিটিয়ে দেয়। গত বছর যা কিছু আমরা হারিয়েছি, যে স্বজন ও বান্ধবদের জীবনের পরপারে চলে যেতে হয়েছে; আমাদের আশা, নতুন বছরে তাদের স্মৃতি উজ্জ্বল হবে এবং বিলীন হবে তাদের শোক।
বাংলাদেশ এখনো নবীন, আরও নবীন এই দেশের জনসংখ্যার বড় অংশই—যঁারা তরুণ। তরুণেরা নতুনের জন্য যতটা তৈরি, ততটাই সুযোগ যেন অবারিত হয় নতুন বছরে।