শুভ বুদ্ধপূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌতম বুদ্ধের অন্যতম মূল বাণী হচ্ছে অহিংসা ও শান্তি, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। ব্যক্তি কোনো বিষয় নয়, সামষ্টিক শান্তিই প্রকৃত শান্তি। এই বিশ্বাস তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন মানুষের মধ্যে। বুদ্ধের দর্শন তাই শুধু বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যই গুরুত্বপূর্ণ। বৌদ্ধধর্মের পঞ্চনীতিতে কোনো প্রাণী বধ না করা, চৌর্যবৃত্তি না করা, কোনো অবস্থাতেই মিথ্যা না বলা, অবৈধ কামাচার না করা ও নেশাদ্রব্য গ্রহণ না করার কথা বলা হয়েছে। এই পঞ্চনীতি যদি আজকের বিশ্বে সত্যিকারভাবে মেনে চলা যায়, তাহলে এ পৃথিবীতে কোনো দুঃখ, অশান্তি থাকার কথা নয়। ব্যক্তিমানুষের জীবনে গৌতম বুদ্ধের জীবনদর্শন চর্চা তাই বর্তমান বিশ্বে খুবই প্রাসঙ্গিক।

বিশ্বের সবখানেই আজ হানাহানি, নৈরাজ্য ও বিশৃঙ্খলা। একজন মানুষ অন্য একজন মানুষের ক্ষতি করছে, লাঞ্ছনা করছে, হত্যা করছে। সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের আজ বড়ই অভাব। এ বাস্তবতায় বুদ্ধের অহিংস ও সাম্যনীতি অনুসরণ করা খুবই জরুরি। বুদ্ধের অহিংস বাণীকে গ্রহণ করলে মানুষ পরস্পরকে যেমন হিংসা করবে না, তেমনি একে অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে অহিংস নীতিতে উদ্বুদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই।

বুদ্ধপূর্ণিমার এই দিনে বিশ্ববাসী মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। গৌতম বুদ্ধের অন্যতম মহান বাণী হচ্ছে ‘সকল প্রাণী সুখী হোক। ভয়হীন ও নিরুপদ্রব হোক।’ আমরাও একই কথা বলতে চাই। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের অনুসারী বিশ্বের সব জনগোষ্ঠীর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।