আজ শুভ বুদ্ধপূর্ণিমা। খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দের এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। ছয় বছর কঠোর তপস্যার পর এই দিনেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচারের পর তিনি আবার একই তিথিতে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বিশ্বের বৌদ্ধধর্মাবলম্বী জনগোষ্ঠীর কাছে তাই দিনটি এক পরম পবিত্র দিন হিসেবে বিবেচিত।
গৌতম বুদ্ধের অন্যতম মূল বাণী হচ্ছে অহিংসা ও শান্তি এবং মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। ব্যক্তি কোনো বিষয় নয়, সামষ্টিক শান্তিই প্রকৃত শান্তি। এই বিশ্বাস তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন মানুষের মধ্যে। বুদ্ধের দর্শন তাই শুধু বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যই গুরুত্বপূর্ণ। বৌদ্ধধর্মের পঞ্চনীতিতে কোনো প্রাণী বধ না করা, চৌর্যবৃত্তি না করা, কোনো অবস্থাতেই মিথ্যা না বলা, অবৈধ কামাচার না করা ও নেশাদ্রব্য গ্রহণ না করার কথা বলা হয়েছে। এই পঞ্চনীতি যদি আজকের বিশ্বে সত্যিকারভাবে মেনে চলা যায়, তাহলে এ পৃথিবীতে কোনো দুঃখ, অশান্তি থাকার কথা নয়। নীতি-নৈতিকতার অবক্ষয়ে আজ পৃথিবীর যে অবস্থা হয়েছে, সেখানে এ নীতিগুলোর চর্চা মানবজাতির মুক্তির পথে সহায়ক হতে পারে।
একদিকে সভ্যতার বিকাশ হচ্ছে, জ্ঞান-বিজ্ঞানে প্রভূত উন্নতি হচ্ছে, অন্যদিকে বিশ্বের সর্বত্রই ঘটছে হিংসা আর হানাহানির বিস্তার। সহনশীলতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের আজ বড়ই অভাব। মানুষ আজ পরস্পরের ক্ষতি করছে; লাঞ্ছনা করছে, অন্যের জীবননাশ ও সর্বনাশ করার জন্য সদা তৎপর। এ বাস্তবতায় বুদ্ধের সেই মহান বাণী স্মরণ করা প্রয়োজন। অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধ বলেছিলেন, বৈরিতা দিয়ে বৈরিতা, হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না। অহিংসা দিয়ে হিংসাকে, অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে। বুদ্ধের এই বাণীকে বিবেচনায় নিলে হিংসা ও হানাহানি থেকে বিশ্বকে মুক্ত করা সম্ভব। জাতিতে জাতিতে ধ্বংসাত্মক প্রতিযোগিতায় মানবজাতি আজ যখন ছিন্নভিন্ন, যখন মানুষ অহংকার, হিংসা আর গ্লানির মিশ্র জীবনযাপন করছে, তখন গৌতম বুদ্ধের অহিংসা, মানবপ্রেম ও শান্তির বাণী বিশ্ববাসীকে দেখাতে পারে মহামিলনের পথ।
বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে গৌতম বুদ্ধের অহিংস নীতিতে উদ্বুদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই। বুদ্ধপূর্ণিমার এই দিনে বিশ্ববাসীর মনে অহিংসা ও প্রীতিবোধের উন্মেষ ঘটবে, তারা মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হবে, সেটাই আমাদের প্রত্যাশা।
গৌতম বুদ্ধের অন্যতম মহান বাণী হচ্ছে, ‘সকল প্রাণী সুখী হোক। ভয়হীন ও নিরুপদ্রব হোক।’ আমরাও একই কথা বলতে চাই। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের অনুসারী বিশ্বের সব জনগোষ্ঠীর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।