বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, এ দেশের মহাসড়কগুলোর মতোই, দুর্ঘটনাপ্রবণ এবং বেশির ভাগ দুর্ঘটনার পেছনে আছে মানুষের হাত। আমাদের বাস-ট্রাকচালকেরা যথাযথ প্রশিক্ষণ পেলে, তাঁদের ভেতর মানবিক গুণগুলো বড় হয়ে দেখা দিলে, আমাদের আইনের হাত শক্ত হলে, যানবাহনের চলাচলযোগ্যতা সর্বোচ্চ মানের হলে প্রতিবছর হাজার হাজার মানুষকে অকালে বিদায় নিতে হতো না, আবার সারা জীবন দুর্ঘটনার অভিশাপ বয়ে বেড়াতে হতো না। একইভাবে আমাদের তৈরি পোশাকশিল্পের পেছনেও আছে শ্রমিকদের নিরাপত্তার প্রতি মালিকপক্ষের উদাসীনতা, কোনো কোনো ক্ষেত্রে চরম অবহেলা এবং লোভের হিসাব ও আইনের প্রতি অশ্রদ্ধা। সারা বছরই ছোটখাটো কিন্তু প্রাণঘাতী দুর্ঘটনার কথা আমরা শুনি, যেগুলোর সামান্য আন্তরিকতা থাকলেই রোধ করা যেত। বড় বড় দুর্ঘটনা, যেমন স্পেকট্রাম অথবা তাজরীন ফ্যাশনস অথবা সাভারে রানা প্লাজার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে একই সূত্র ধরে এবং তা হচ্ছে বিপদ জেনেও যেকোনো মূল্যে কাজ চালিয়ে যাওয়ার মালিকপক্ষের সিদ্ধান্তে। সাভারের বিপর্যয়ে সারা দেশ এখন কাঁদছে, কিন্তু এই কান্না অনেক পরিবারের জন্য চিরস্থায়ী অভিশাপ হিসেবে থেকে যাবে। এই এত কান্নার কোনো প্রয়োজন হতো না, যদি বুধবার সকালে রানা প্লাজার দরজা বন্ধ করে দেওয়া হতো। বড় বড় তিনটি দুর্ঘটনার মধ্যে আরেকটি মিল দেখা যাচ্ছে—দোষী মালিকদের সুরক্ষা দিতে প্রভাবশালী মহলগুলোর এগিয়ে আসা। স্পেকট্রামের মালিককে ধরা হয়েছিল, তিনি শুনেছি ছয় মাসের মতো কারাভোগ করেছেন। তাজরীনের মালিককে অবশ্য কোনো দুর্ভোগই পোহাতে হয়নি। রানা প্লাজার সোহেল রানাও প্রায় হাওয়া হয়ে যাচ্ছিলেন এবং প্রভাবশালীদের সহায়তাতেই। কাগজে পড়েছি, দুর্ঘটনার পর তাঁকে প্রভাবশালীরা বলেছিলেন, ‘তোমার কিছু হবে না, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও।’ র্যাবের গোয়েন্দা দল রানার খোঁজ পেয়েছে এক প্রভাবশালীর মোবাইল ফোনের কললিস্ট ঘেঁটে। সাভারে প্রাণহানি এত ব্যাপক না হলে, সারা দেশের বিবেককে তা এমনভাবে নাড়া না দিলে এবং এই বছরটি নির্বাচনী বছর না হলে রানাসহ অন্যান্য মালিক নিশ্চয়ই নাকে তেল দিয়েই ঘুমাতেন। আমাদের মহাসড়কের বাস-ট্রাকচালকেরা সেই তুলনায় অনেক অভাজন। প্রভাবশালীদের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই, কিন্তু তাঁদের আছে পরিবহন শ্রমিক সংগঠন। এই সংগঠনের ভয়ে সরকার চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। তৈরি পোশাকশিল্পের মালিকদেরও একাধিক সংগঠন আছে এবং সেগুলোও দোষী মালিকদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা না নিয়ে তাদের ওপর এবং অনেক ক্ষেত্রে সরকারের ওপর দোষ চাপিয়ে দায়মুক্ত হয়। সাভার বিপর্যয়ের পরও নিজেদের দায় স্বীকার না করে বাংলাদেশ তৈরি পোশাক সংগঠন বিজিএমইএর নেতারা মিডিয়াকে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দুষলেন। ব্যাপারটা আমাকে তাজ্জব করেছে। প্রতিবছর এতগুলো প্রাণ ঝরে পড়বে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য দুর্ঘটনার কারণে এবং সেসব দুর্ঘটনার সংবাদ বিদেশে প্রচারিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না, অথচ সাভারের মতো এক অকল্পনীয় বিপর্যয়ের ছবি টিভিতে একবার দেখিয়ে অথবা কাগজে একবার লিখে বন্ধ করে দিলেই সেই ভাবমূর্তি উদ্ধার হয়ে যাবে? বিজিএমইএর নেতারা নিশ্চয়ই জানেন, সাভার বিপর্যয়ে পড়া মানুষগুলোর জন্য অনেক রাত পর্যন্ত টিভির সামনে বসে অসংখ্য মানুষ প্রার্থনা করেছে, কেঁদেছে, উদ্ধারকর্মীদের আশা ও উদ্বেগ ভাগ করেছে। আমাদের মিডিয়া বরং যে ভাবমূর্তি তৈরি করেছে, তা হচ্ছে মানুষের জন্য মানুষের ভালোবাসার, সমবেদনার ও অদম্য জীবনশক্তির। টিভির পর্দায় ঘণ্টার পর ঘণ্টা চোখ রেখে আমি মনুষ্যত্বের সর্বোত্তম প্রকাশগুলোও দেখেছি এবং আমার আবার আশা জেগেছে, এই দেশটি ঘুমিয়ে পড়েনি, এই দেশটি জেগে আছে। বিদেশে কোনো ক্রেতা-ভোক্তা এখন বাংলাদেশের তৈরি পোশাক থেকে মুখ ফিরিয়ে নিল, সেই দুর্ভাবনাকে ছাপিয়ে গেছে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার বিষয়টি। বিশ্বে বাংলাদেশের যে ‘সুনাম’ আছে সস্তা শ্রমের দেশ হিসেবে, যে জন্য তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ চীন-ভিয়েতনাম থেকে এগিয়ে আছে, সেটি এখন দুর্নামে পরিণত হওয়ার পেছনে দায়ী কিছু পোশাকশিল্প মালিকের দায়িত্বহীনতা ও লোভ। এর ফলে শ্রমিক অসন্তোষ বাড়ছে। এই অসন্তোষের পেছনে বিদেশিদের ষড়যন্ত্র আবিষ্কার না করে কারখানাগুলো শ্রমিকবান্ধব করলে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করলে, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ালে প্রকৃত সুনাম বাড়তে দেরি হবে না। আমরা জানি, কাজটি সহজ নয় এবং এ জন্য বিজিএমইএ থেকে নিয়ে সরকার, সবারই সক্রিয় এবং সনিষ্ঠ অংশগ্রহণ দরকার। এ জন্য পোশাকশিল্পের মালিকদের ত্যাগ স্বীকারের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন শ্রমিকদের সহযোগিতাও। শ্রমিকেরা এ ব্যাপারে অনেক এগিয়ে আছেন, এখন তাঁদের দিকে একটা পা বাড়ালেই সমাধান সম্ভব। সাভারের ভয়াবহ প্রাণসংহারী বিপর্যয় আমাদের বিধ্বস্ত করেছে, কিন্তু উদ্বেলিতও করেছে, যখন দেখেছি অসংখ্য মানুষ স্বেচ্ছাশ্রমে অত্যন্ত বিপজ্জনক উদ্ধারকাজে নেমে পড়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার প্রশিক্ষিত লোকজনের পাশাপাশি এই প্রশিক্ষণহীন কিন্তু মানবতার আদর্শে উদ্বুদ্ধ এই মানুষগুলো সম্মিলিতভাবে যে নিঃস্বার্থ সেবার উদাহরণ সৃষ্টি করেছে, তা ভবিষ্যতে এ রকম দুর্ঘটনা না ঘটার আশঙ্কাকে শক্তিশালী করবে, কিন্তু তা থেকেও যা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোয় উৎসাহিত করবে। যেসব অসহায় শ্রমিক মারা গেলেন, পঙ্গু হলেন, তাঁরা দেশটাকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর সংগ্রামের সম্মুখযোদ্ধা। তাঁদের প্রতি আমাদের ভালোবাসার পাশাপাশি কৃতজ্ঞতাও থাকতে হবে। দায়বদ্ধতাও। আমরা দেখেছি, যেকোনো ধরনের মানবিক বিপর্যয়ের সময় দেশ যেভাবে জাগে, বিপর্যয় কেটে গেলে যেখান থেকে অনেকটাই দূরে চলে যায়। সিডর অথবা আইলার ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। ঘূর্ণিঝড় দুটির পর পর যে পরিমাণ সাহায্য-সহায়তা দুর্গত মানুষেরা পেয়েছিলেন, এক বছর পর তার প্রায় কিছুই তাঁরা পাননি। দুর্গতরা যত দিন মিডিয়ার ফোকাসে থাকেন, তত দিন তাঁদের দিকে সহায়তার হাত প্রসারিত হয়, মিডিয়া থেকে হারিয়ে গেলে তাঁরাও হারিয়ে যান দেশবাসীর মনোযোগ থেকে। এই চর্চা থেকে আমাদের বেরোতে হবে। এ জন্য মিডিয়ার সাহায্য প্রয়োজন, কিন্তু বেশি প্রয়োজন আমাদের ভেতর মানবিকতার বোধগুলো স্থায়ী করা। সাভার আমাদের একটা নাড়া দিয়েছে, এখন কিছু সময় পর আমরা নিষ্ক্রিয় হয়ে পড়লে নিজেদের কাছেই আমরা অপরাধী হয়ে পড়ব। আমাদের জেগে থাকার কোনো বিকল্প নেই এবং আমরা জেগে থাকলে সরকার ও সংশ্লিষ্ট মহলগুলোর দায়িত্বশীলতাও ঘুমিয়ে পড়তে পারবে না। এক টিভি চ্যানেলে তাজরীন ফ্যাশনসের দুর্ঘটনার চার-পাঁচ মাস পার হওয়ার পর কিছু হতাহতের পরিবারের ওপর একটি প্রতিবেদন প্রচারিত হলো। খুব কষ্ট নিয়ে দেখলাম, কীভাবে প্রাথমিক কিছু সাহায্য-সহায়তার পর এই মানুষগুলো এখন হয় নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, অথবা ভবিষ্যতের হাতে নিজেদের ছেড়ে দিয়েছেন। এদের দুর্দশা আমাকে মনে করিয়ে দিল আমাদের সমৃদ্ধির যে তিন রূপকার—কৃষিতে, তৈরি পোশাকশিল্পে এবং বিদেশে হাড়ভাঙা পরিশ্রমে নিয়োজিত শ্রমিক, তাঁদের প্রতি জীবিত অবস্থাতেই আমরা কী নিদারুণ অবহেলা দেখাই। আমাদের বিমানবন্দরগুলোতে অভিবাসী শ্রমিকদের পারলে আমরা সর্বস্ব কেড়ে নিয়ে পথে বসিয়ে দিই, পোশাকশ্রমিকদের যত কম বেতনে সম্ভব কাজ করিয়ে নিই। আমাদের কৃষকদের কথা না হয় না-ই বললাম। একটি কাগজ লিখেছে, ‘তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক পয়সাও খরচ করেন না। শ্রম আইন মেনে মুনাফার ৫ শতাংশ অর্থও শ্রমিক কল্যাণে ব্যয় করেন না। তাঁরা নিতান্ত বাধ্য হয়ে শ্রম আইন, ২০০৬ মেনে নিহত শ্রমিকপ্রতি এক লাখ টাকা ক্ষতিপূরণ দেন জেল-জরিমানার ভয়ে।’ ইত্যাদি। আমি নিশ্চিত, এটি পোশাকশিল্পের মালিকদের সার্বিক পরিচিতি নয়; তাঁদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছেন, যাঁরা দায়বদ্ধতার বিষয়টি নিজ থেকেই অনুধাবন করেন। এখন তাঁদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতদের পুনর্বাসন করা হবে। আশ্বাসের ক্ষেত্রে যা শোনার কথা, আমরা শুনেছি। এখন দেখতে চাই কাজে এর প্রতিফলন ঘটছে। আমার বিশ্বাস, ক্ষতিপূরণ-পুনর্বাসন বিষয়টি একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ পান। ক্ষতিপূরণ কথাটা অবশ্য ব্যবহার না করাই ভালো—টাকার অঙ্কে কারও মৃত্যুর বা অঙ্গহানির ক্ষতি কোনো দিন পূরণ হয় না। আমি নিশ্চিত, এই শব্দের বিকল্প একটি শব্দ আইনের পরিভাষায় পাওয়া যাবে। কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত হতাহতের পরিবারগুলো যেন কারও মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, শিশুরা শিক্ষা থেকে ঝরে না পরে, পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং ভবিষ্যতের দিকে তাদের ভীতি নিয়ে না তাকাতে হয়। এ ক্ষেত্রে শুধু দায়ী মালিকই নন, বরং বিজিএমইএকে একটি বড় ভূমিকা পালন করতে হবে; সরকারকেও তার দায়িত্ব পালন করতে হবে। হাজার হাজার কোটি টাকা আয় হচ্ছে যে খাত থেকে, সেই খাতে চার-পাঁচ শ কোটি টাকার একটি তহবিল সৃষ্টি খুব কঠিন কিছু নয়। যদি এটি করার একটি আইনি বাধ্যবাধকতা থাকে এবং সরকারেরও সে তহবিলে অর্থ জোগানের বিধান থাকে, তাহলে ছয় মাসের মধ্যেই সেটি হতে পারে। যদি আমাদের তৈরি পোশাকশিল্পকে তার দুর্নাম ঘুচিয়ে উঠে দাঁড়াতে হয়, তাহলে এ রকম তহবিল তৈরিসহ এই শিল্পের পরিবেশ শ্রমিকবান্ধব করার কোনো বিকল্প নেই। সাভার আমাদের দেখিয়েছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতটা শক্তিশালী একটি বন্ধন তৈরি করতে পারে। কুষ্টিয়ার শাহীনা নামের মেয়েটিকে বাঁচাতে ২৮ ঘণ্টা পরিশ্রম করেও যখন পারা গেল না, উদ্ধারকর্মীরা বুক ভাসিয়ে কাঁদলেন। বাঙালি চরিত্রের এই শুদ্ধ-সুন্দর দিকটি কেন কিছু লোভের জন্য আমরা বিকশিত হতে দেব না? আগামী দিনে আমাদের পথ দেখানোর কাজে লাগাব না? প্রথম আলো ট্রাস্টের মতো অনেক উদ্যোগে মানুষ সাড়া দিচ্ছেন। ডাচ্-বাংলা ব্যাংক প্রত্যেক নিহত ব্যক্তির জন্য এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ রকম আরও অনেক উদ্যোগ তৈরি হচ্ছে, সেগুলো ওই তহবিল সৃষ্টির প্রয়াসের সঙ্গে যুক্ত করলে অনেক বড় সফলতা পাওয়া যাবে। আমাদের মিডিয়া আমাদের আশান্বিত করেছে—শাহীনাদের আমরা ভুলব না।এই প্রত্যয়টি এখন যেন কাজের ক্ষেত্রে আমাদের পথ দেখায়। সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।