ডেমোক্রেসি এমন এক শাসনব্যবস্থা, যেখানে নাগরিকদের মধ্যে যাঁরা ভোটার, তাঁদের ছাড়া চলে না। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী ও ভোটারদের এক পয়সা দাম নেই। অতি চড়া দাম নির্বাচিত প্রতিনিধির। সেই চড়া দাম শোধ করতে করতে রাষ্ট্রের ফতুর হওয়ার জো! তাঁর জন্য বানাতে হয় মস্ত বড় চেয়ার। তাঁর বেতন-ভাতা বিপুল। তাঁর সুযোগ-সুবিধা অঢেল। কম দামি গাড়িতে তাঁর পোষায় না। পুরোনো বাড়িতে বসবাস করা তাঁর পক্ষে অসম্ভব। তা ছাড়া যত প্রকাণ্ড বাড়িই থাকুক, সরকার থেকে আরেকটি ফ্ল্যাটও বরাদ্দ নেওয়া চাই। জনগণের খেদমত করতে গেলে অনেক কিছু দরকার। খালি হাতে দেশসেবা করা সম্ভব নয়। গত সপ্তাহে সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ‘৩১৫ জন সাংসদকে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা দেওয়ায় সরকারকে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার কর রেয়াত দিতে হয়েছে। দুই শতাধিক সাংসদ টয়োটা, ল্যান্ডক্রুজার, প্রাডো অথবা স্টেশনওয়াগন কিনেছেন। ১৮ জন সাংসদ কিনেছেন ভক্সওয়াগন টুরেজ। বাকিরা অন্যান্য মডেলের গাড়ি কিনেছেন; বেশির ভাগ সদস্য দুই থেকে চার কোটি টাকার কর রেয়াত পেয়েছেন। বেশ কয়েকজন সাংসদের পাওনা কর রেয়াতের পরিমাণ ছয় কোটি টাকার বেশি।’ [প্রথম আলো, ১২ ফেব্রুয়ারি] পরম লোভনীয় এই রাষ্ট্রীয় আনুকূল্যটি গ্রহণ করেননি যাঁরা, তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আর যে ৩৩ জন নেননি, তাঁদের মধ্যে রয়েছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। বিএনপির তিনজন নেননি। তাঁরা হলেন: শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বরকতউল্লাহ ও সালাউদ্দিন কাদের চৌধুরী। জাতীয় পার্টির নেতা নূর-ই হাসনা লিলি চৌধুরী না নিলেও তাঁর দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ শুল্কমুক্ত সুবিধা নিয়েছেন। ডেমোক্রেসির থিওরি আমি আমার অল্প বিদ্যায় যা বুঝি, তা হলো, একজন ভোটার নাগরিকের দাম একজন নির্বাচিত জনপ্রতিনিধির চেয়ে এক ছটাকও কম নয়। কিন্তু নষ্ট গণতন্ত্রের নির্বাচনের পরে ভোটার কলার খোসায় পরিণত হলেও, তাঁর নাগরিক অধিকার নির্বাচিত ব্যক্তির চেয়ে কম নয়। রাষ্ট্রীয় আনুকূল্য ও সুবিধা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অবশ্য সুবিধা ও সুবিধাবাদিতা দুই জিনিস। সুবিধাবাদিতা যদি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে, তাহলে প্রতিষ্ঠানের বাইরে যাঁরা সাধারণ নাগরিক, তাঁরা একই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবেন কেন? শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা কেন পাবেন না একজন সরকারি কর্মকর্তা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন শিল্পপতি-ব্যবসায়ী, যিনি রাষ্ট্রের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করেন, একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। একজন সাংবাদিক বা সম্পাদকীয় পাতার লেখকই বা বাদ পড়বেন কোন যুক্তিতে। লেখক-কবি-সাহিত্যিককে তো আরও বেশি শুল্কমুক্ত সুবিধা দেওয়া দরকার। কারণ, তাঁরা বিত্তবান নন। ১৯৩৫ সালে প্রাদেশিক স্বায়ত্তশাসন আইন গৃহীত হয়। ১৯৩৭ সালে প্রথম সরাসরি ভোটে প্রাদেশিক আইন পরিষদের সদস্যদের নির্বাচন হয়। ওই সংসদে যাঁরা নির্বাচিত হন, তাঁদের প্রায় সবাই ছিলেন সামন্ত পরিবারের বিত্তবান মানুষ। কেউ ছিলেন লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী। রাষ্ট্র থেকে সুবিধা নেওয়ার প্রয়োজন তাঁদের হতো না, বরং পৈতৃক সম্পত্তি ও নিজের উপার্জিত অর্থ তাঁরা জনগণের জন্য ব্যয় করতেন। তাঁরা টাকার জন্য নন, লালায়িত ছিলেন নামধাম ও ক্ষমতার জন্য। ১৯৪৬ সালে যে দ্বিতীয় নির্বাচন হয়, তাতেও নির্বাচিত হন ওই শ্রেণীর মানুষেরাই। ১৯৫৪-এর ঐতিহাসিক নির্বাচনে জনপ্রতিনিধিদের শ্রেণীচরিত্রে পরিবর্তন ঘটে। হক-ভাসানী-সোহরাওয়ার্দীর জনপ্রিয়তায় খুব সাধারণ নিম্নমধ্যশ্রেণীর প্রার্থীরাও নির্বাচিত হন। মুসলিম লীগের সামন্তশ্রেণীর ও বড় লোক প্রার্থীরা যাচ্ছেতাইভাবে পরাজিত হন। যুক্তফ্রন্টের মধ্যশ্রেণীর পরিষদ সদস্যরা কেউ কেউ ধানমন্ডিতে জমিটমি নিয়েছেন, অধিকাংশই রাষ্ট্র থেকে তেমন কোনো সুযোগ-সুবিধা নেননি। যাতায়াত করেছেন ট্রেনে, লঞ্চে এবং মুড়ির টিনের মতো বাসে অথবা রিকশায়। সেকালে অন্তত ছয় মাস সারা দেশ পানিতে ঢুবে থাকত। সুতরাং নৌকাতেই তাঁরা এলাকার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। চুয়ান্নর নির্বাচিতরা মাসিক যে ভাতা পেতেন, তার পরিমাণ সম্ভবত ৫০০ টাকা। সংসদ অধিবেশনে যোগ দিলে যে ভাতা পেতেন, তার পরিমাণ উল্লেখ না করা ভালো, কারণ তাতে সেদিনের এমএলএরা লজ্জা পাবেন না, গর্ববোধ করবেন; লজ্জা পাবেন আজকের এমপিরা। অর্থাৎ স্বাধীনতার আগের আইনপ্রণেতাদের সুযোগ-সুবিধা ছিল অতি সীমিত। ১৯৭৩ সালে নির্বাচিত প্রথম জাতীয় সংসদের এমপিদের পাকিস্তানের ধারাবাহিকতায় ৫০০ টাকা ছিল, তবে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ’৭৪-এ এক হাজার টাকা করা হয়। সংসদের অধিবেশনের সময় প্রতিদিন ডিএ বা ডেইলি অ্যালাউন্স পেতেন ৫০ টাকা। আরও কিছু সুযোগ-সুবিধা ছিল, তা-ও খুব বেশি নয়। ১৯৭৯-তে জিয়াউর রহমানের কল্যাণে নির্বাচিত হয়েছিলেন, দ্বিতীয় জাতীয় সংসদের একজন বিরোধী দলের এমপি অন্যের মোটরসাইকেলের পেছনে বসে সংসদে গিয়ে অধিবেশনে যোগ দিয়েছেন। তাঁর ছবি কাগজে বেরিয়েছে। এবার তিনি কোটি টাকার শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ নিয়েছেন। এতে বোঝা যায়, বাংলাদেশের কত উন্নতি হয়েছে। সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রদূতের ভবিষ্যদ্বাণীর মতো বাংলাদেশের ‘এশিয়ান টাইগার’ হতে আর কোনো বাধা নেই।সামরিক শাসকেরা বেসামরিক লোকদের নানা কিছুর প্রলোভন দিয়ে সন্তুষ্ট রাখেন। আমাদের রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিজগতের লোকেরা সামরিক শাসকদের কাছ থেকে এত সুযোগ-সুবিধা নিয়ে ধন্য হয়েছেন যে এর তালিকা করা হিসাববিজ্ঞানে অতি পাকা একজন লোকের পক্ষেও কঠিন। ডিউটি-ফ্রি গাড়ির সুবন্দোবস্ত চালু করেন জেনারেল এরশাদ ১৯৮৬-র সংসদে। তখন এরশাদের বিরুদ্ধে উত্তাল আন্দোলন চলছিল রাজপথে। একজন বা দুজন ছাড়া বিরোধী দলের কোনো এমপি সে সুযোগ প্রত্যাখ্যান করেননি। তবে ওই সংসদের সাংসদদের কপাল মন্দ। জনগণের চাপে সংসদ ভেঙে দেওয়া হয়। সব সাংসদ সুযোগটির সদ্ব্যবহার করতে পারেননি। তবে সম্ভবত তখন ১২০০ সিসি পর্যন্ত গাড়িই ছিল শুল্কমুক্ত। দুনিয়ার সবচেয়ে দামি গাড়িটি কিনতে কোনো মাননীয়ের আজ আর কোনো বাধা নেই।আজ আমাদের মাননীয় আইনপ্রণেতাদের রাষ্ট্রীয় আনুকূল্য ও সুযোগ-সুবিধা অন্তহীন। কী তাঁদের নেই? আর কী তাঁদের চাই? দেশের সব মানুষের পাসপোর্ট সবুজ। তাঁদের পাসপোর্ট লাল। আগে লাল পাসপোর্টের সুবিধা শুধু এমপি নিজে পেতে পারতেন। এখন ধর্মপত্নী ও বালবাচ্চারাও পাচ্ছেন। এই গ্রহের যেকোনো জায়গায় তাঁরা টেলিফোন করতে পারেন রাষ্ট্রীয় খরচে। জাঞ্জিবার বা হনুলুলুতে শালি থাকেন, রোজ তার চচ্চড়ি রান্নার খবর নিতে কোনো মাননীয়ের পয়সা খরচ হয় না। তাঁদের কাছে কত টেলিফোনের বিল যে বকেয়া রয়েছে, এর হিসাব সংশ্লিষ্ট বিভাগের জানা নেই। কার বাবার সাধ্য তাঁদের লাইন কাটে! বিমান ও রেলগাড়ি তাঁদের সেবায় নিয়োজিত। সব ভায়রা মিলে কক্সবাজারে পিকনিক করবেন। সেখানে মাননীয়কে সসম্মানে বহন করবে আমাদের বিমান। চালাকপুর গ্রামে শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে মেজবানির খাওয়া। তাতে যোগ না দিলে ঘরে টেকা দায়। চালাকপুরের নিকটতম স্টেশনে আমাদের রেলগাড়ি তাঁদের বহন করতে বাধ্য।আশির দশক পর্যন্ত এমপিদের হোস্টেল ছিল নাখালপাড়ায়। সেই এমপি হোস্টেল ছিল টিনের ছাওয়া ঘর। ওই ঘরে থেকেই জনপ্রতিনিধিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচনা ও পাস করেছেন। দৈনিক থাকার ভাতা ছিল প্রথমে সাত টাকা, পরে ২০ টাকা। এখন বাবার বা নিজের বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ পাচ্ছেন এক হাজার ১০০ টাকায়। বস্তির এক চিলতে বেড়ার ঘরের ভাড়া দুই হাজার টাকা। বাজারদর অনুযায়ী, ন্যায্য ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়ার নৈতিক অধিকার রাষ্ট্রের আছে কি না? যে সুবিধা হারাধন দাস বা ছলিমুদ্দিন ব্যাপারী পাবে না, তা মাননীয়রা পাবেন কোন যুক্তিতে?রাষ্ট্র শুল্কমুক্ত গাড়ি উপহার দিয়েও বসে নেই। অকটেন-পেট্রল-ডিজেল ছাড়া গাড়ি চলে না। কোটি টাকা দামের গাড়ির তেল জোগাবে কে? আমাদের দয়ামায়ার এই রাষ্ট্র বসে থাকতে পারে না। মাননীয়ের গাড়ির তেলের ভাড়া ৩০ হাজার টাকা। বছরে নয়, প্রতি মাসে। সালাদে ধনেপাতা দেওয়া হয়নি। পাঠাও গুলশান মার্কেটে ড্রাইভার ও চাকরদের। আট টাকার ধনেপাতা আনার খরচ ২২৮ টাকা। এলাকায় একটা অফিস থাকা জরুরি। খুব ভালো কথা। তার জন্য বরাদ্দ সাত হাজার ৫০০ টাকা। মাসিক ভাতা প্রভৃতিসহ লাখ লাখ টাকা একজন মাননীয়ের পেছনে রাষ্ট্রের খরচ। তাতে ভোটারদের গাত্রদাহ হওয়ার কারণ নেই। কারণ, তাঁরাই ভোট দিয়ে ওসব পাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছেন। স্কুল-কলেজ কমিটির চেয়ারম্যান, পৌরসভার মেয়রের উপদেষ্টা প্রভৃতি কত পদ অলংকৃত করার ব্যবস্থা করে দিয়েছেন বেকুফ ভোটাররা। একসময় সংসদ সদস্যরা ব্যবসা-বাণিজ্য নিজে করতে পারতেন না; এখন ব্যবসা করার জন্যই এমপি হওয়া জরুরি। কখনো কখনো টিভির পর্দায় দেখা যায়, সংসদ কক্ষ খাঁ খাঁ করে শূন্যতায়। এক সারিতে দুজন, আরেক সারিতে তিনজন ঝিমুচ্ছেন, অন্যদিকে দুজন হাসাহাসি করছেন মনের আনন্দে। প্রধান বিরোধী দল সংসদে যায় না। আমার অনুমান, তারা বেতন-ভাতা নিচ্ছে না। আমার অনুমান মিথ্যা হলে, যদি সংসদে যোগ না দিয়ে সব সুযোগ-সুবিধা নিয়ে থাকে, তাহলে সেই টাকাগুলো হালাল হবে না। শুল্কমুক্ত গাড়ির সুবিধা নিয়েছেন তো নিন, গাড়ির তেল বাবদ ৩০ হাজার টাকা গ্রহণ হবে সম্পূর্ণ অনৈতিক। যদি কেউ নিয়ে থাকেন, তা হবে স্রেফ হারাম টাকা।দেশের অবস্থা প্রতিদিন ভালো হচ্ছে। মধ্যম আয়ে গিয়েই আটকে থাকবে না, ধাবিত হবে উচ্চ আয়ের দিকে। তখন শুধু কোটি টাকা দামের গাড়িতে কুলোবে না; দাবি উঠবে শুল্কমুক্ত হেলিকপ্টার কেনার। কারণ, দুপুরে সংসদ অধিবেশনে যোগ দিয়ে বাদ আসর গ্রামে শ্বশুরের মৃত্যুবার্ষিকীর মিলাদে যোগ দেওয়া সড়কপথে সম্ভব হবে না। সুতরাং, শুল্কমুক্ত হেলিকপ্টারের সুবিধা যোগ হলো বলে! যাঁর টাকা আছে, তিনি হেলিকপ্টার কিনবেন, রাষ্ট্র বাধা দেওয়ার কে? রাষ্ট্র শুধু করটুকু রেয়াত দিতে পারে।মাননীয়দের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় রাষ্ট্র এক হাজার ১০০ কোটি টাকা হারিয়েছে। যিনি অত টাকার দামের গাড়ি কিনতে পারেন, তিনি উপসম্পাদকীয় লেখকদের মতো গরিব নন। দেশটা স্বাধীন হয়েছে কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমার ও মধ্যবিত্তের সন্তানদের রক্তের বিনিময়ে। তাঁদের দাম নেই, দাম বেড়েছে মাননীয়দের। মাননীয়দের সন্তানেরা বিদেশে থাকেন বা পড়াশোনা করেন। সাধারণ মানুষের সন্তানেরা রাজপথের চত্বরে স্লোগান দেয় ও বুক চাপড়ায়। এক হাজার ১০০ কোটি টাকা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ব্যয় করলে জাতির উপকার হতো। আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। ব্যক্তিবিশেষকে তার বিলাসদ্রব্য আমদানিতে শুল্ক মাফ করে দেওয়ার নৈতিক অধিকার রাষ্ট্রের আছে কি না? ফাঁকি দেওয়া ও মাফ করে দেওয়ার ফলাফল একই: রাষ্ট্রের রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়া। অর্থাৎ জনগণের ক্ষতি। পরিষ্কার করে বললে কথাটা দাঁড়ায় এই: মাননীয়দের পৌষ মাস, জনগণের সর্বনাশ।যে রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা প্রবল, সেখানে বেশি কিছু না বলা ভালো। কবির ভাষায় শুধু বলতে পারি: ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।’সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।