শুল্ক ফাঁকির গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি পর্যটকেরা ভিয়েনা কনভেনশনের আওতায় অনধিক এক বছর তাঁদের ব্যবহৃত গাড়ি আমদানি করে বাংলাদেশে চলাচল করতে পারেন। কারনেট সুবিধা নামের এই ব্যবস্থা ১৯৬৩ সাল থেকে চলছে। কিন্তু এই সুবিধার ব্যাপক অপব্যবহার ঘটিয়ে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আমদানির অভিযোগ উঠেছে। এটা দুর্ভাগ্যজনক যে এ ক্ষেত্রে অনিয়ম ২০০৫ সাল থেকে প্রকাশ পেলেও গাড়িগুলো চিহ্নিত করা বা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলে জানা যায় না।
শুল্ক ফাঁকির ২০০ গাড়ি রাস্তায়প্রথম আলোর শনিবারের এক প্রতিবেদনে ২০১০-১২ সালে প্রায় ৬০০ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৯০টি গাড়ির মধ্যে ৩২টি জব্দ, অর্ধশত ফেরত ও দেশের ভেতরে অন্তত ২০০ গাড়ি অবৈধভাবে চলাচলরত আছে বলে উল্লেখ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেছেন, এসব গাড়ির অবস্থান নিশ্চিত হলেই জব্দ করা হবে। সরকারের কাছে জাল-জালিয়াতি করে কোনো কাগজপত্র জমা দেওয়া গুরুতর ফৌজদারি অপরাধ। শুধু এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা কঠিন হওয়ার কথা নয়। কিন্তু সেটা বাস্তবে সম্ভব করে তোলার জন্য শুল্ক প্রশাসনের রাজনৈতিক সদিচ্ছার দরকার। কারণ, সন্দেহ করা যায় যে এ ধরনের গাড়ি আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিরা বিত্তশালী এবং তাঁদের হাত অনেক লম্বা।
২০১২ সালের ফেব্রুয়ারিতেই এনবিআরের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে এভাবে আমদানি করা ২৩৪টি গাড়ির মধ্যে ১১৪টি পুনঃ রপ্তানি এবং ১২০টি বিলাসবহুল গাড়ি লোপাট হয়ে গেছে। তারা কারনেটের অপব্যবহার রোধে বাধ্যতামূলক ব্যাংক গ্যারান্টি চালু করলে তার বৈধতা চ্যালেঞ্জ হয়। ২০১১ সালের এপ্রিলে হাইকোর্টে এনবিআরের ওই সিদ্ধান্ত সমুন্নত এমনকি তারা একটি নীতিমালাও করে দেন। সেটা যাঁরা অমান্য করেছেন, তাঁদের শাস্তি প্রাপ্য। আমরা অবশ্য সেই ব্যক্তিকে সাধুবাদ জানাই, যিনি নাটকীয়ভাবে তাঁর মার্সিডিজ বেঞ্জটি শুল্ক গোয়েন্দা দপ্তরের সামনে ফেলে রেখে গেছেন। আর চিরকুটে লিখেছেন, ‘এটা তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল’ থেকে করেছেন!