শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার প্রথম রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়টি এমন এক দিনে ঘোষণা করা হয়েছে, যে তারিখে ১৩ বছর আগে শেখ হাসিনার ওপর সর্বশেষ ও বর্বরতম হামলার ঘটনাটি ঘটেছিল। এটা পরিষ্কার যে একটি চক্র তাঁকে হত্যা করার চেষ্টা ক্রমাগত চালিয়ে গেছে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বা বিরোধী রাজনৈতিক দলের নেতা—সব অবস্থাতেই তিনি ওই গোষ্ঠীর লক্ষ্যবস্তু ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে হরকাতুল জেহাদ যখন শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়, তখন তিনি প্রধানমন্ত্রী। এই ঘটনায় ২১ আগস্ট আদালত ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিলেন।

ওই জঙ্গি গোষ্ঠীর নেতা মুফতি হান্নানই চার বছর পর ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাঁর ওপর সবচেয়ে মারাত্মক হামলা চালান। সেই হামলার তদন্ত ও বিচারটি যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন হলে ওই অপরাধীচক্র আবার হামলার সুযোগ পেত না। ওই জঙ্গিগোষ্ঠী রাষ্ট্রীয় শক্তির অংশবিশেষের যোগসাজশে ২১ আগস্ট যে হামলা চালিয়েছিল, সেই ষড়যন্ত্রকারীদের বিচার এখন যত দ্রুত সম্ভব সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।

কোটালীপাড়ায় বোমা পুঁতে হত্যাচেষ্টার আগেও তিনি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। ১৯৮৯ সালে এরশাদের স্বৈরশাসনের সময় ১৫ আগস্ট তারিখেই বঙ্গবন্ধুর ঘাতকদের উদ্যোগে গড়ে ওঠা দল ফ্রিডম পার্টির লোকজন বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভবনে গ্রেনেড নিয়ে হামলা ও গুলি চালিয়েছিল। ধানমন্ডি থানায় তখন এ নিয়ে যে মামলা দুটি হয়েছিল, তার নিষ্পত্তি গত ২৮ বছরেও হয়নি।

আরও এমন অনেক হত্যাচেষ্টা হয়েছে, যেগুলোর টার্গেট যে শেখ হাসিনা ছিলেন, তা পরে ও নানা অনুসন্ধানে জানা গেছে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০০১ সালে সিলেটে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনেক পরে এবং সেই মামলা এখনো সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। একই বছর খুলনায় রূপসা ব্রিজ উদ্বোধনের সময় তাঁকে হত্যার যে পরিকল্পনা হয়েছিল, সে মামলা কার্যত কোনো পরিণতি পায়নি।

দেখা যাচ্ছে, শুধু শেখ হাসিনাকে হত্যার চেষ্টা নয়, বরং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে পার পেয়ে যেতে পারেন, সেই চেষ্টাও হয়েছে। আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাসহ শেখ হাসিনার ওপর হামলা ও হত্যাচেষ্টা–সংক্রান্ত সব কটি মামলার দ্রুত নিষ্পত্তি ও রায় আশা করছি। বহুল প্রতীক্ষিত কোটালীপাড়ার হত্যাচেষ্টা মামলার রায় পাওয়ার পর রায় কার্যকরের বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার আশা করব, রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় সব আইনি উদ্যোগ দ্রুত নেওয়া হবে।