শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদের জন্ম ১৯৪৭ সালের ২০ ডিসেম্বর চট্টগ্রামে। ১৯৬৩ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক, ১৯৬৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬৯ সালে ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৯-৭০ সালে তিনি ছিলেন প্রভাষক। ১৯৭০ সালে কমনওয়েলথের বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান। ১৯৭৫ সালে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯-তে প্রথম সাংসদ নির্বাচিত হন। ১৯৮৪-৯০ তিনি যথাক্রমে পানিসম্পদ, শ্রম ও জনশক্তি, শিক্ষা, তথ্য এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।  সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খানপ্রথম আলো  চলতি রাজনৈতিক অচলাবস্থা কীভাবে কাটতে পারে?আনিসুল ইসলাম মাহমুদ  আমাদের দেশে নির্বাচনের দু-এক বছর আগে এমনটাই দেখা যায়। তবে রাজনীতিকেরা সার্বিক দিক বিবেচনায় শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে আশা করি। প্রথম আলো  নির্বাচনকালীন সরকারের বিকল্পগুলো কী?আনিসুল ইসলাম  সংসদীয় বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষেই মত দিয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একমত ছিলেন। কিন্তু আদালতের রায়ে তা অসাংবিধানিক ঘোষিত হয়। এ কারণেই সংবিধান থেকে তা বাদ দেওয়া হয়।প্রথম আলো  তার মানে রাজনৈতিকভাবে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই ছিল ও আছে। কেবল সুপ্রিম কোর্টের রায়টাই বাধা সৃষ্টি করেছে। আনিসুল ইসলাম  জাতীয় পার্টি কিন্তু গোড়া থেকেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করে আসছে। কমিটিতে তার পক্ষে আমার অবস্থান ছিল ব্যক্তিগত।প্রথম আলো  তাহলে এটা কি বলতে পারি যে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে প্রধানমন্ত্রী ও সংসদীয় কমিটি জোরালো অবস্থান নিয়েছিল। কিন্তু রায়টাই যত বাধা হয়ে দাঁড়াল। আনিসুল ইসলাম  হ্যাঁ। প্রথম আলো  কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় মানতে সংসদ কি এতটাই বাধ্য ছিল যে তার সামনে অন্য কোনো বিকল্পই ছিল না? অষ্টম সংশোধনী বাতিলের পর আপনারা কিন্তু পার্লামেন্টে সংবিধান সংশোধন বিল আনেননি। আনিসুল ইসলাম  বিল আনতে হয়নি। কারণ, রায় দেওয়ার সঙ্গে সঙ্গে তা বাতিল হয়ে যায়। আমরা তো এখন অন্তত ১৫তম সংশোধনী দিয়ে ১৩তম সংশোধনী বাতিল করেছি। তখন তো আপনাআপনি বাতিল হয়ে গিয়েছিল।প্রথম আলো  এই যে যুক্তির আইনি ভিত্তি কী? বিল না আনাটা কি সঠিক ছিল? আনিসুল ইসলাম  না, সংশোধনী আনা উচিত ছিল। কিন্তু আপনি যেভাবে দৃষ্টান্ত টানছেন, সেটা কিন্তু আমাদের অবস্থানকেই সমর্থন করে। আমরা সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ করেছিলাম। কিন্তু সেটা রায়ের পরে আর থাকল না।প্রথম আলো  আপিল বিভাগ রায় দিলেই সংবিধানের কোনো অনুচ্ছেদ আপনাআপনি বাতিল হয়ে যায়, এই মতের ভিত্তি কী? আনিসুল ইসলাম  অষ্টম সংশোধনীর নজিরটাই যথেষ্ট। বিধিবিধান থাকার দরকার নেই। আজ যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার রেখে দিতাম, তাহলে কেউ তার বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারত।প্রথম আলো  সুপ্রিম কোর্ট অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী তিনটি ভারতীয় মাইলফলক রায়ের (গোলকনাথ, কেশাবানন্দ ও মিনার্ভা মিলস) ভিত্তিতে বাতিল করেছেন। অথচ ভারতে আদালতে বলা মাত্রই কোনো সংশোধনী বাতিল গণ্য হয় না। যেমন ৩২ বছর পরও মিনার্ভা মিলস মামলার রায়ে বাতিল ঘোষিত সংশোধনী ভারতীয় সংবিধানে টিকে আছে। এটা সুবিধাবাদ কি না। আনিসুল ইসলাম  না, আমি এটা সুবিধাবাদ বলব না। মিনার্ভা মিলসেরও প্রশ্ন নয়। প্রশ্ন হলো, আজ আমি যদি রায় সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রেখে দিতাম, কাল একজন এর বিরুদ্ধে হাইকোর্টে যেত। হাইকোর্ট তখন তো আপিল বিভাগের রায় মানতে বাধ্য। তবে আমরা তো বলছি রিভিউর সময় এখনো আছে। প্রথম আলো  আপনি কি মনে করেন রিভিউর মাধ্যমে একটা সমাধান হতে পারে?আনিসুল ইসলাম  হ্যাঁ, রিভিউ হোক। আমরা তো বলছি না, আপিল বিভাগ তাঁর আগের সিদ্ধান্ত বদলাতে পারেন না। আমার কথা হচ্ছে, তাঁরা সেটা না করা পর্যন্ত সংসদের সিদ্ধান্তই বহাল থাকবে।প্রথম আলো  রায়ে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ এখনো খোলা। শুধু তা না মানাটাই সমস্যা। আনিসুল ইসলাম  তবে দুই মেয়াদের বিষয়ে যেটা সংক্ষিপ্ত আদেশে ছিল, সেটা কিন্তু চূড়ান্ত আদেশে বদলে গেছে। তার কারণ, আগে যেটা আদালত বলেছিলেন, সেটা তাঁরা বলতে পারেন না। সে কারণেই তাঁরা পূর্ণাঙ্গ রায়ে তা ফেলে দিয়েছেন। এটা ইচ্ছা করে নয়, আইনি সুযোগ না থাকার কারণেই তাঁদের তা বাদ দিতে হয়েছে। কারণ, ডকট্রিন অব নেসেসিটি তখনই আসে, যখন একটা আইনবহির্ভূত কাজ করা হয়, তখন তাকে বৈধতা দেওয়া হয়। ভবিষ্যতের কোনো অবৈধ কাজ এই মতবাদ দ্বারা বৈধতা দেওয়া যায় না। প্রথম আলো  মৌলিক কাঠামোসংক্রান্ত গোলকনাথ মামলাতেই প্রথম ডকট্রিন অব প্রসপেক্টিভ ওভাররুলিং ব্যবহার করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। পরে তাঁদের বাতিল ঘোষিত আইনের আওতায় ভবিষ্যতের পাঁচ বছরের বেআইনি কাজকেও বৈধতা দেওয়া হয়েছে।আনিসুল ইসলাম  হ্যাঁ, সেটা সুপ্রিম কোর্ট পারেন। কিন্তু ডকট্রিন অব নেসেসিটির ভিত্তিতে পারেন না। আমার কথা হলো, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ে যদি কেউ ক্ষুব্ধ হন, তাহলে তিনি রিভিউতে যেতে পারেন।প্রথম আলো  কিন্তু দুই মেয়াদের বিধান বাধ্যকর না ঐচ্ছিক, সেই তর্ক সত্ত্বেও রায়ে সেটা আছে। আনিসুল ইসলাম  না, সেটা নেই। আমার মত হচ্ছে, পূর্ণাঙ্গ রায়ের পর এটা আর নেই। প্রথম আলো  বিকল্পধারার নেতা অধ্যাপক বি. চৌধুরী মনে করেন, দুই মেয়াদের বিধান এখনো ‘তাজা’ রয়েছে।আনিসুল ইসলাম  সেটা তিনি মনে করতে পারেন। তাহলে তাঁরা রিভিউ নিয়ে আপিল বিভাগেও যেতে পারেন।প্রথম আলো  আপিল বিভাগের রায়ে পরিষ্কার বলা হয়েছে, সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় দুই মেয়াদে নির্বাচন হতে পারে।আনিসুল ইসলাম  সংসদ এখন সে ব্যবস্থা নিলে হাইকোর্টে কিন্তু তা চ্যালেঞ্জ হতে পারে। প্রথম আলো  আপনি বলতে চাইছেন দুই মেয়াদের জন্য সংবিধানে এখন সংশোধনী আনতেও আদালতের রায় বাধা? আনিসুল ইসলাম  অবশ্যই বাধা। দুই মেয়াদের কথা পূর্ণাঙ্গ রায়ে লেখা নেই।প্রথম আলো  আপনার অবস্থান দেখে মনে হচ্ছে, এবারের রাজনৈতিক সংকটে সুপ্রিম কোর্টের অবস্থান একটি নতুন প্রাচীর সৃষ্টি করেছে।আনিসুল ইসলাম  হ্যাঁ, একটা বাধা বৈকি।প্রথম আলো  তাহলে উত্তরণের পথ কী?আনিসুল ইসলাম  সংবিধানের আওতায় সমাধান খোঁজা। একটা হতে পারে সর্বদলীয় সরকার। নির্বাচন কমিশনকে সত্যিই কী করে স্বাধীন করা যায়, তা নিয়ে ভাবা যেতে পারে। প্রথম আলো  আপনি কি শুধুই বর্তমান সংবিধানের আওতায় সমাধান চাইছেন? নাকি প্রয়োজনে সংবিধান সংশোধনের কথাও বলবেন।আনিসুল ইসলাম  না, নতুন করে সংবিধান সংশোধনের দরকার নেই। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সর্বদলীয় সরকার নিয়ে আলোচনা হতে পারে। প্রথম আলো  প্রধানমন্ত্রীকে স্বপদে বহাল রেখেই?আনিসুল ইসলাম  এটাসহ যেকোনো বিষয় আলোচনা হতে পারে। তবে রায় বলছে, কোনো অবস্থাতেই অনির্বাচিত ব্যক্তিকে দেওয়া যাবে না।প্রথম আলো  কতিপয় ব্যক্তিকে উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে আনা সম্ভব।আনিসুল ইসলাম  সেটা তো পোষা হলো।প্রথম আলো  কাদের পোষা বলছেন? আনিসুল ইসলাম  যাঁরা নির্বাচিত হবেন। কে এই ধারণা দিল যে আমরা যাঁদের নির্বাচিত করতে চাইব জনগণ তাঁদের ভোট দেবে? আপনি যেটা বলছেন, সেটা তো সবচেয়ে ভয়ংকর। এটা গণতন্ত্রের চেতনাবিরুদ্ধ। প্রথম আলো  ব্রিটেনে স্পিকারের আসনে বড় দলগুলো প্রার্থী দেয় না। ব্রিটেন ও ভারতে অনির্বাচিত ব্যক্তি ছয় মাসের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন। আনিসুল ইসলাম  সেটা আপনি করতে পারেন, ছয় মাসের বিধান আনতে পারেন।প্রথম আলো  বিচারপতি খায়রুল হকের রায় অনুযায়ী ৫৬(৪) অনুচ্ছেদ ফিরিয়ে আনা হলে বর্তমানের এক-দশমাংশ অনির্বাচিত ব্যক্তির মন্ত্রিত্বের বিধান চলে যাবে। আপনারা রায়ের সুবিধা নিচ্ছেন, অসুবিধাটুকু নিচ্ছেন না?আনিসুল ইসলাম  আমি কিন্তু সমস্যা সমাধানের সম্ভাব্য বিকল্পগুলোর কথা বলছি। দুই মেয়াদে আপনি করতে পারবেন। কিন্তু আপিল বিভাগ থেকে সেটা পাস করিয়ে নিতে হবে।প্রথম আলো  তবে কি আপনার অবস্থানকে আমরা সরকারের সুবিধাজনক ব্যাখ্যা হিসেবে দেখব?আনিসুল ইসলাম  আমি কিন্তু সব বিকল্প বিবেচনায় রাখতে বলছি। যেমন আপনি ছয় মাসের বিধান আনার কথা বললেন। সেটা নিয়ে আলোচনা হতে পারে। ধরুন, আপনি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করে আনতে চান, কার আসন আপনি শূন্য করবেন? প্রথম আলো  নির্বাচনের আগে সংসদ ভাঙার লগ্নে এটা কি বড় সমস্যা হবে?আনিসুল ইসলাম  গণতান্ত্রিক কাজ অগণতান্ত্রিকভাবে হয় না। সে কারণেই আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দিয়ে গণতন্ত্র শক্তিশালী হয়নি। বিরোধী দল সংসদে বসেনি। প্রথম আলো  কী গ্যারান্টি আছে আগামী সংসদে বিরোধী দল থাকবেই। যত নষ্টের গোড়া ৭০ অনুচ্ছেদ। সেটা তো সংশোধন করছেন না। আনিসুল ইসলাম  এর সংশোধন হওয়া দরকার। কিন্তু অসাংবিধানিক পদ্ধতিতে গণতন্ত্র হবে না। প্রথম আলো  স্পিকারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা সমর্থন করেন? আনিসুল ইসলাম  আমি কোনোটাই নির্দিষ্ট করে বলব না। আমার অবস্থান হচ্ছে বর্তমান সংবিধানের আওতায় সম্ভাব্য সব বিকল্প নিয়ে আলোচনা করা। আজ যদি আপিল বিভাগ নতুন করে বলেন যে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে তত্ত্বাবধায়ক করা যাবে, তাহলে আমার আপত্তি নেই। প্রথম আলো  সংসদ চাইলে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে।আনিসুল ইসলাম  আমি তা মনে করি না। আমি বিশ্বাস করি আদালত যে লাতিন প্রবাদগুলো ব্যবহার করেছেন, তা অতীতের কাজের বৈধতা দেওয়ার জন্যই প্রযোজ্য, ভবিষ্যতের জন্য নয়। আদালত চাইলে তো দুই মেয়াদের বিষয়টি বাধ্যতামূলক করতে পারতেন।প্রথম আলো  বিএনপিকে ছাড়াই কি জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আনিসুল ইসলাম  না। তবে জাপা নির্বাচনমুখী দল। প্রথম আলো  ভবিষ্যতে এরশাদের রাষ্ট্রপতি হওয়া কিংবা বিএনপির সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা কতটুকু? আনিসুল ইসলাম  ২০০৬ সালের প্রস্তাবিত নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে এই বোঝাপড়া হয়েছিল। পরে আর হয়নি। আর বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া নিয়ে এখনই কিছু বলা যাবে না। আমরা এখন মহাজোটে আছি। প্রথম আলো  তার মানে দাঁড়াচ্ছে বিএনপির সঙ্গে যাওয়ার সম্ভাবনা আপনি নাকচ করছেন না। আনিসুল ইসলাম  আমি নাকচ করিনি, এটা বলা ঠিক হবে না। আমি বলছি, মহাজোটে থাকার ইচ্ছা আমাদের আছে।প্রথম আলো  প্রয়োজনে বিএনপিবিহীন নির্বাচনেও যাবেন?আনিসুল ইসলাম  আমাদের প্রয়োজনে, আওয়ামী লীগের প্রয়োজনে নয়।প্রথম আলো  বিরোধী দলের আসনে বসতেও নিশ্চয় প্রস্তুত?আনিসুল ইসলাম  নির্বাচনে হেরে গেলে সেটা তো স্বাভাবিক। দরকার হলে আমরা নির্বাচনে যাব। ৩০০ আসনেই লড়াইয়ের প্রস্তুতি আছে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা চোখ বন্ধ করে নির্বাচনে যাব। প্রথম আলো  সরকারের সাফল্য-ব্যর্থতাকে কীভাবে দেখেন? আনিসুল ইসলাম  সরকারের ভাবমূর্তির সংকট আছে। তবে সাড়ে ৬ ভাগ প্রবৃদ্ধি, বিদেশি মুদ্রার সর্বোচ্চ সঞ্চিতি, ঊর্ধ্বমুখী রপ্তানি, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎসহ অনেক গুরুত্বপূর্ণ খাতেই কিন্তু মহাজোট সরকারের সাফল্যের পাল্লা ভারী।প্রথম আলো  সাম্প্রতিক ভারত সফরে কী দেখে এলেন? পানি কি পাচ্ছি?আনিসুল ইসলাম  তিস্তায় এখন আমরা বেশি পানি পাচ্ছি। ৫০ শতাংশের বেশি পাচ্ছি। কিন্তু এটাকে স্থায়ী চুক্তির আওতায় আনতে হবে। লোকসভার শীতকালীন অধিবেশনে সীমান্তবিষয়ক বিল উঠতে পারে। সুতরাং অগ্রগতি ঘটছে।প্রথম আলো  তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দিল্লিকে দুষবেন?আনিসুল ইসলাম  পশ্চিমবঙ্গকে নয়, কেন্দ্রীয় সরকারকেই যা বলার বলব। প্রথম আলো  এরশাদের আলোচিত দিল্লি সফর কি মূলত ভারতের, নাকি এরশাদের আগ্রহে?আনিসুল ইসলাম  ভারতের আগ্রহে। এমনটা তো বিশ্বের সব দেশেই হয়।প্রথম আলো  উত্তর-পূর্ব ভারতকেন্দ্রিক নিরাপত্তাগত প্রশ্নে বিএনপির আগের অবস্থানে কোনো পরিবর্তন লক্ষ করেন কি?আনিসুল ইসলাম  তারা সরকারে আসেনি, তাই বোঝা যাবে না। আমি মনে করি, একটি দল আরেক দেশের বিরুদ্ধে কাজ করবে, সেটা হতে পারে না।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।আনিসুল ইসলাম  ধন্যবাদ।