পনেরোই আগস্ট আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে যারা নবীন রাষ্ট্রটির অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হলেও এর মাধ্যমে জাতির অস্তিত্ব ও মননে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল, তা পুরো উপশম হয়নি। অনেক বাধাবিপত্তির পর দেরিতে হলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। খুনিদের মধ্যে কয়েকজনের ফাঁসির দণ্ড কার্যকর হলেও বাকিরা রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাইরে। কিন্তু গত সাড়ে চার বছরেও পলাতক খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ করা যায় না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন একটি সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিই ছিল তাঁর ধ্যানজ্ঞান। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন বঙ্গবন্ধু নতুন করে গড়ে তোলার কাজে ব্রতী হন, তখনই দেশি-বিদেশি চক্রান্তকারীরা তাঁকে হত্যা করে।
আজ জাতীয় শোক দিবসে স্বাধীন বাংলাদেশের স্থপতি এই মহান নেতাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা মনে করি, তাঁকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে, যে গণতান্ত্রিক, শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, তার বাস্তব রূপ দেওয়া। এমন একটি দেশ গড়ে তোলা, যেখানে স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়িত হবে এবং ধর্ম-গোত্রনির্বিশেষে সব মানুষ সম–অধিকার ভোগ করবে। প্রকৃত গণতন্ত্র এবং সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই সেই কাজটি করা সম্ভব।
বঙ্গবন্ধুর শাসনকাল নিয়ে সমালোচনা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তাঁর অনন্য ও সাহসী ভূমিকা অস্বীকার করা বাংলাদেশকে অস্বীকার করারই শামিল। তাই বাংলাদেশ রাষ্ট্রের এই মহান স্থপতিকে আমাদের স্মরণ করতে হবে জাতীয়ভাবে, সব সংকীর্ণতা ও দলীয় গণ্ডির বাইরে গিয়ে।
অবিলম্বে বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হোক।