আজ এক গভীর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশ হারিয়েছে তার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৫ আগস্টের সব শহীদকে।
স্বাধীন বাংলাদেশের স্থপতিকে সপরিবারে হত্যা করে যারা নবীন রাষ্ট্রটির অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর অপরিমেয় ক্ষতি ও গভীর শূন্যতা পূরণ হওয়ার নয়। ইতিহাসের নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ফলে জাতির অস্তিত্ব ও মননে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল, তার পূর্ণ উপশম ঘটেনি। অনেক দেরিতে ও পাহাড়সম বাধাবিপত্তি পেরিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। খুনিদের মধ্যে পাঁচজনের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে, কিন্তু দণ্ডিত বাকি ছয় খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনজনের অবস্থান সরকার জানলেও বাকি তিনজনের অবস্থানই অজানা। দীর্ঘ সাড়ে পাঁচ বছরেও এই খুনিদের দেশে ফিরিয়ে দণ্ড কার্যকর করতে না পারাটা জাতির জন্য হতাশার। আমরা আশা করব, সরকার বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রয়াস জোরদার করবে।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন একটি সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। জাতীয় শোক দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত গণতান্ত্রিক, শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যার স্বপ্ন তিনি দেখেছিলেন। যে বাংলাদেশে স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়িত হবে এবং ধর্মগোত্র-নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবে। প্রকৃত গণতন্ত্র ও সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে তেমন একটি দেশ, আজকের বাংলাদেশে যা বহুলাংশে অনুপস্থিত।
স্বাধীনতাসংগ্রামে অনন্যসাধারণ ভূমিকার জন্য বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে হবে সব সংকীর্ণতা ও দলীয় গণ্ডি অতিক্রম করে। তাঁকে দেখতে হবে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে, যে ঐক্যের বলে স্বাধীনতাযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা পেয়েছে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রটি।