শোকের মাসে সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখিয়ে চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্রবাজি থেকে নিবৃত্ত থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন, তা অগ্রাহ্য করাকেই যেন তাঁরা ‘অবশ্যকর্তব্য’ মনে করেছেন। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী-সমর্থকদের দৌরাত্ম্য বরাবরই ছিল। কিন্তু জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে যেন তাঁরা আরও লাগামহীন হয়ে উঠেছেন। গরুর হাট ইজারা ও তৈরি পোশাক কারখানার ঝুটের ব্যবসা নিয়ে দলের লোকজনের মধ্যে দ্বন্দ্বের কারণেই রাজধানীর বাড্ডায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে জীবন দিতে হলো।
তিন খুনের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার নেইসৈয়দ আশরাফ দলীয় নেতা-কর্মীদের খাই খাই ভাব পরিহারের আহ্বান জানালেও বিভিন্ন ঘটনায় সেটিই বড় হয়ে দেখা দিয়েছে। সমগ্র জাতি যখন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধাবনত, তখনই আওয়ামী লীগের নেতা-কর্মীদের খুনোখুনি কিংবা মারামারিতে লিপ্ত থাকা কেবল দুর্ভাগ্যজনক নয়, লজ্জাজনকও। কুষ্টিয়ার ঘটনায় দেখা যাচ্ছে, জাতীয় শোক দিবসের র্যালিতে দুই পক্ষের সংঘর্ষের সময় কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি শটগান দিয়ে গুলি ছুড়ছেন। শিবগঞ্জেও প্রতিপক্ষের হাতে একজন খুন হয়েছেন। শোক দিবসের র্যালিতে শটগান কেন? শোক দিবস কিংবা দলের অন্য কোনো কর্মসূচির নামে যাঁরা অস্ত্রের মহড়া দেন, তাঁদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাই দেখার বিষয়।
কুষ্টিয়ায় শোক র‌্যালি শেষে সংঘর্ষে আ.লীগ কর্মী নিহতঅনেক ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ফৌজদারি অপরাধে জড়িত থাকলে আইন নিজস্ব গতিতে এগোয় না। খুব কম ক্ষেত্রেই অপরাধীরা ধরা পড়ে। কিংবা ধরা পড়লেও শাস্তি পায় না। কুষ্টিয়ায় কারা গুলি করে প্রতিপক্ষকে হত্যা করেছেন, ছবিই তার সাক্ষ্য। সে ক্ষেত্রে অপরাধীদের ধরা কিংবা বিচার করা অসম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন সেটা করবে কি না? আর সরকারি দলের নেতারাই বা সেই কাজটি করতে দেবেন কি না? কেউ মারা গেলে দলের কেউ না কিংবা বা ‘বহিষ্কৃত নেতা’ বলে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। দলকে সামাল দিতে না পারার কারণেই এই করুণ পরিণতি।