শোচনীয় বিদ্যুৎ পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিদ্যুৎ ঘাটতির মূল কারণ গরমে চাহিদা বেড়ে যাওয়া এবং একই সঙ্গে অনেকগুলো বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা। এই বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য। রোজার সময়ে বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতেই এই উদ্যোগ। কিন্তু এই উদ্যোগের পরিকল্পনায় নিশ্চিতভাবেই সমস্যা রয়েছে। রোজা হুট করে এসে হাজির হয়নি। ফলে রোজার মাসটিকে বিবেচনায় রেখে নেওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণের উদ্যোগ আরও আগে থেকে এবং ধারাবাহিকভাবে শুরু করা উচিত ছিল। তাহলে একসঙ্গে এতগুলো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকত না।

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জ্বালানির ঘাটতিও একটি বড় সমস্যা, বিশেষ করে গ্যাসের সংকট। সিদ্ধান্ত হয়েছে সার উৎপাদন বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। সিদ্ধান্ত যখন হয়েছে, তখন তা কার্যকর করতে বিলম্ব কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন জরুরি। তবে এই উদ্যোগ নিশ্চিতভাবেই সাময়িক। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির সমস্যার বিষয়টি নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা তাই খুবই গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকার নানা পরিকল্পনা ও মহাপরিকল্পনা হাতে নিয়েছে এবং ২০০৫-২০০৭ সালের বিদ্যুৎসংকটের ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ অনেকটাই মুক্ত হয়েছে। কিন্তু সরকারের পরিকল্পনা ও লক্ষ্য অর্জনের সময়সীমার সঙ্গে বাস্তবের অনেক ফারাক রয়েছে। ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের সাফল্য সরকার গত বছর উদ্‌যাপন করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সর্বোচ্চ ৯ হাজার ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়নি। এখানে কোথাও শুভংকরের ফাঁকি রয়ে গেছে।

সর্বোচ্চ এই উৎপাদনের চেয়ে আমাদের বিদ্যুতের চাহিদা বেশি বলেই বিদ্যুতের ঘাটতি রয়েই যাচ্ছে। রাজধানীবাসী সব সময় এটা টের না পেলেও মফস্বল ও গ্রামের লোকজন ঘাটতির ভয়াবহ মাত্রাটি টের পায়। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে আত্মতৃপ্তিমূলক তথ্য-উপাত্তের চেয়ে জনগণ বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়।