শোলাকিয়ায় পুলিশের ভূমিকা প্রশংসনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জঙ্গিবাদী নাশকতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের মানুষ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে অধিকতর দক্ষতা ও নৈপুণ্য আশা করলেও তাঁদের ঘাটতি অত্যন্ত পীড়াদায়ক। কিন্তু শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার যে ভয়ানক ছক জঙ্গিরা তৈরি করেছিল, তা সেখানে কর্তব্যরত পুলিশের সজাগ দৃষ্টি ও ত্বরিত পদক্ষেপের কারণে ব্যর্থ হয়েছে। জঙ্গি হামলা মোকাবিলায় দুই পুলিশসহ চারজন নিহত ও পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হয়েছেন। ঢাকা ও শোলাকিয়ায় যেসব পুলিশ সদস্য সশস্ত্র জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে প্রাণ দিয়েছেন, জাতি তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোলাকিয়ার ঘটনা প্রমাণ করেছে যে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশ সদস্যরা অর্পিত দায়িত্ব পালনে কুণ্ঠিত নন। শোলাকিয়ার ঈদের জামাতকে কেন্দ্র করে তাঁরা যথার্থই হুমকির ধারণা বিশ্লেষণ এবং নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করতে পেরেছিলেন বলেই ক্ষুব্ধ জঙ্গিরা তাঁদের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
অদক্ষতার পাশাপাশি পুলিশ সদস্যদের নির্দয় ও অমানবিক আচরণ নিয়ে জনমনে যে ক্ষোভ ও হতাশা রয়েছে, তা একেবারে অমূলক নয়। অনেক সময়ই তাদের আচরণে বাড়াবাড়ি লক্ষ করা যায়। কিন্তু শোলাকিয়ায় পুলিশ সেটি করেনি বলেই প্রতীয়মান হয়। ১০টা ৫ মিনিটে ঈদের জামাত শুরুর আগেই জঙ্গি হামলা এবং হাসপাতালে পুলিশের এক সদস্য নিহত হলেও সেই খবর তাঁরা প্রচার না করতে গণমাধ্যমকে অনুরোধ করেন। আর মিডিয়া তা রক্ষাও করেছে। এ কারণে বৃহত্তম ঈদের জামাতটি ভালোয় ভালোয় অনুষ্ঠিত হতে পেরেছে।
তবে শোলাকিয়ায় প্রশংসনীয় ভূমিকা সত্ত্বেও ভয়াবহ জঙ্গি হানা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট প্রস্তুতি ও সক্ষমতা আছে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। শোলাকিয়ায় জঙ্গি হামলায় অংশগ্রহণকারী একাধিক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এই সূত্র ধরে জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারই জনমনে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে পারে।