শেয়ারবাজারে দরপতন আর মন্ত্রীদের মাঠগরম ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসে বাংলাদেশশেষ পর্যন্ত রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসকারী সাড়া জাগানো প্রতিষ্ঠান উইকিলিকস বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে মার্কিন সূত্রের বরাত দিয়ে। এগুলো মার্কিন পররাষ্ট্র বিভাগের কাছে গোপনীয় না হলেও বাংলাদেশের জনগণের কাছে অবশ্যই গোপনীয় ছিল। দ্বিপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে এ ধরনের তথ্য আদান-প্রদান অন্যায় নয়, যদি তা স্বাগতিক দেশ ও তৃতীয় কোনো দেশের স্বার্থহানি না ঘটায়। উইকিলিকস মূলত বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি সম্পর্কে মার্কিন ব্যাখ্যা-বিশ্লেষণ তুলে ধরেছে, ২৫ বছর পর যা নিজেরাই জনগণের জন্য উন্মুক্ত করে দিত।উইকিলিকসের ফাঁস করা তথ্যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্কিন দূতাবাসের পাঠানো কিছু পর্যবেক্ষণ রয়েছে। তার মধ্যে আলোচিত হলো শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনা, জঙ্গিদের প্রকাশ্য দল গঠনে ডিজিএফআইয়ের সমর্থন, কুয়েতি এনজিও দ্য রিভাইবাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির অর্থায়ন তদন্তের নামে তৎকালীন সরকারের স্ববিরোধিতা ইত্যাদি। এ কথা সবারই জানা, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রথমে দুই নেত্রীকে বাদ দিয়েই নির্বাচন করতে চেয়েছিল। সে ব্যাপারে তখন মার্কিন দূতাবাসের মনোভাব কী ছিল, তা জানা যায় না। তবে ২০০৮ সালের শেষার্ধে তারা জানিয়ে দিয়েছিল, দেশের বেশির ভাগ মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়াকেই নির্বাচনে দেখতে চায়। সেনাবাহিনী সম্ভবত এক-এগারোর পরিবর্তন ঘটিয়েছিল নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে একটি বশংবদ রাজনৈতিক কাঠামো তৈরির অভিপ্রায়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু বিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব কতটা সুশাসন ও গণতন্ত্র উপহার দিয়েছেন, সেই বিচার দেশবাসীই করবে। আপদ বিদায় হলেও বিপদ রয়ে গেছে। সেটিই হয়তো জনগণের অলঙ্ঘনীয় দুর্ভাগ্য। এর হাত থেকে মুক্তির উপায় আপাতত দেখা যাচ্ছে না।এই মুহূর্তে মার্কিন বা অন্য কোনো দূতাবাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কী ধরনের প্রতিবেদন পাঠাচ্ছে, তা জানা না গেলেও ২০১৩-১৪ সালের একটি সম্ভাব্য তালিকা নিচে দেওয়া যেতে পারে। প্রথম বার্তাটি হবে, সরকার ও বিরোধী দলের মধ্যে চরম বৈরিতার সুযোগে জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কা আছে। দ্বিতীয় বার্তাটি হবে, সংশ্লিষ্ট দেশের স্বার্থরক্ষায় যেকোনো মূল্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি করতে হবে। তৃতীয় বার্তাটি হবে, দুই পক্ষ যে যার অবস্থানে অনড়। দেশের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। কখন কী হয়, নিশ্চিত করে বলা যায় না। আমরা আশা করি, এসব ভবিষ্যৎ বার্তার প্রতিটি অক্ষর মিথ্যা হবে। সত্য হলে দেশ ও জনগণের সর্বনাশ ডেকে আনবে।রাজনীতি ও অভিবাসীদের দুঃখবিশ্ব অভিবাসী দিবসের অনুষ্ঠানে জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন হতাশার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে যেসব শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের ব্যাপারে কিছু করার নেই। অর্থাৎ, সরকার চেষ্টা করেও ভিসার মেয়াদ বাড়াতে পারেনি। মন্ত্রী বলেছেন, সরকার এসব অবৈধ শ্রমিককে জেল খাটা ও জরিমানার হাত থেকে রক্ষা করেছে। তাঁরা এখন স্বেচ্ছায় দেশে ফিরে আসতে পারবেন। মন্ত্রী কিন্তু এসব শ্রমিক বিদেশে কাদের দ্বারা প্রতারিত হয়েছেন ও সর্বস্ব হারিয়েছেন, তা বলেননি। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেননি।একই দিনে প্রথম আলোর খবর হলো, কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ না বাড়ানোয় চার লাখ শ্রমিক অবৈধ অভিবাসী হয়ে গেছেন। মালয়েশীয় সরকার আশ্বাস দিলেও কার্যকর হয়নি। বর্তমানে মাসে চার থেকে সাড়ে চার হাজার শ্রমিককে বৈধতা দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে চার লাখ শ্রমিককে বৈধতা পেতে কমপক্ষে ১০ বছর লেগে যাবে। সে পর্যন্ত তাঁদের সেখানে পুলিশের দাবড়ানি খেতে হবে, জেল-জরিমানা ভোগ করতে হবে।কেবল সৌদি আরব বা মালয়েশিয়া নয়, অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকেরা নানা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। যে চাকরি দেওয়ার কথা বলে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই চাকরি দেওয়া হচ্ছে না। অনেকে চাকরি না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। অনেকে চাকরি পেলেও যা বেতন পান, তাতে চলে না। অথচ তাঁরা প্রত্যেকেই ঘর, সহায়সম্পত্তি বিক্রি করে বিদেশে গেছেন ভালো থাকবেন, দেশে বাবা-মা বা স্ত্রীর কাছে টাকা পাঠাবেন—এই আশায়। এসব অভিবাসী শ্রমিকের কান্না কি আমাদের মন্ত্রী-রাজনীতিক ও বায়রা নেতাদের কানে পৌঁছায় না? পৌঁছালে তাঁরা প্রবাসী শ্রমিকদের কল্যাণের অলীক কাহিনি শোনাতেন না।জরিপ ও দুর্নীতির সূচকবাংলাদেশে দুর্নীতি-সংক্রান্ত কোনো প্রতিবেদন বা জরিপ বের হলে অবধারিতভাবে দুটি ভিন্নধর্মী প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দল এই তথ্যকে সামনে নিয়ে এসে সরকার ব্যর্থ হয়েছে বলে কাগজে লম্বা বিবৃতি দেয়। অন্যদিকে জরিপ সঠিক নয় বলে সরকারি দলের নেতারা জোর গলায় চিৎকার করতে থাকেন। জরিপের মাধ্যমে শতভাগ নির্ভুল চিত্র পাওয়া যায় না, তবে প্রবণতাটি ধরা যায়। এবার টিআইবির জরিপ প্রতিবেদনে পুলিশ বাহিনী ও জনপ্রশাসনকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে (যথাক্রমে ৭৯ ও ৬৮ শতাংশ)। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে রাজনৈতিক দল (৫৮ শতাংশ), বিচার বিভাগ (৪০ শতাংশ), জাতীয় সংসদ (৩২ শতাংশ), শিক্ষা (২২ শতাংশ), এনজিও (১৬ শতাংশ), গণমাধ্যম (১৪ শতাংশ) এবং বেসরকারি খাত, সামরিক বাহিনী ও ধর্মীয় প্রতিষ্ঠান (৯ শতাংশ)।সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার প্রমুখ এটিকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করলেন। এর সঙ্গে তাঁরা যুদ্ধাপরাধের বিচারের মতো অবিতর্কিত বিষয়কেও টেনে আনলেন। তাঁরা বলেছেন, সরকার ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই জরিপ করা হয়েছে। তাঁরা বলেছেন, যে সময় সরকার যুদ্ধাপরাধের বিচার করতে যাচ্ছে, সেই সময় এই জরিপ প্রতিবেদন প্রকাশ যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা ছাড়া কিছু নয়।দুর্নীতির জরিপ হয়েছে সব দেশে। কিন্তু টিআইয়ের জরিপের পর আর কোনো দেশের সরকার ‘গেল গেল’ বলে শোরগোল তোলেনি। এ ধরনের জরিপ সরকারের বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই। বরং এসব জরিপ আমলে নিলে সরকারেরই লাভ। আমরা দেখেছি, অতীতের জরিপে যেসব খাতকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল, সেই সব খাতের প্রতি বিশেষ নজরদারির মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব হয়েছে। কিন্তু সরকার যদি ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার কথা স্বীকারই না করে, তাহলে সংশোধন হবে কী করে?আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা বলা হয়েছিল। গত দুই বছরে আর যা-ই হোক, দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার হয়নি। বরং ক্ষেত্রবিশেষে স্বাভাবিক গতিও ব্যাহত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ভাষায়ই এটি নখদন্তবিহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুর্নীতি কমেছে কি বেড়েছে, তা ভুক্তভোগীরাই ভালো বলতে পারবে। আগে সরকারি অফিসে যে কাজটি আদায় করতে ১০০ টাকা ঘুষ দিতে হতো, এখনো সেই টাকা বা তার চেয়ে বেশি দিতে হয়। তাহলে দুর্নীতি কমল কীভাবে? সবকিছু আগের মতো চলছে। তত্ত্বাবধায়ক সরকার শুরুতে কিছুটা তৎপর হলেও শেষ দিকে হাল ছেড়ে দিয়েছিল। আওয়ামী লীগ সরকারও অতীতের দুর্নীতি উদ্ঘাটনে যতটা ব্যাকুল, বর্তমানের দুর্নীতি কমাতে ততটাই উদাসীন।অতীতের দুর্নীতির তদন্ত হোক, বিচার হোক—আমরাও চাই। একই সঙ্গে বর্তমানের দুর্নীতি বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে পরবর্তী সরকার এসে বলতে না পারে, পূর্বসূরিরা দুর্নীতি করে দেশটা শেষ করে দিয়ে গেছে।শেয়ারবাজারের দরপতন এবংশেখ হাসিনার সরকার যখন নানামুখী আশাবাদের গল্প শোনাচ্ছে, তখনই শেয়ারবাজারে ক্রমাগত দরপতনের দুঃসংবাদ খুদে বিনিয়োগকারী তথা দেশবাসীকে গভীর দুশ্চিন্তায় ফেলছে। দেশে কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই। মানুষ বাধ্য হয়ে শেয়ারবাজারের দিকে ঝুঁকছে। সেখানেও চলছে নানা কারসাজি। রোববার দেশের শেয়ারবাজারে সর্বোচ্চ দরপতন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৫৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক দিনে এত বেশি সূচক পতনের ঘটনা এটাই প্রথম। এর আগে ১৯৯৬ সালের ৫ নভেম্বর শেয়ার কেলেঙ্কারির সময় সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ৬ শতাংশের মতো সূচক কমেছিল। রোববারের সূচক পতনের ধারা ওই ঘটনাকেও হার মানিয়েছে।ভয়াবহ এ দরপতনে আতঙ্কিত হয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাজধানীসহ দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরে ব্যাপক বিক্ষোভ করেছেন। পরিস্থিতি সামাল দিতে খুলনায় প্রায় দুই ঘণ্টা লেনদেন বন্ধ রাখতে হয়। বিনিয়োগকারীরা শাপলা চত্বর থেকে মতিঝিল সড়কটি দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।বিরোধী দলের সমাবেশের বাইরে এই প্রথম সাধারণ মানুষের পক্ষ থেকে মন্ত্রী ও সরকার পতনের দাবি উঠল। আশা করি, সরকার শেয়ারবাজারে কোনো অনিয়ম ঘটলে সংশোধনের চেষ্টা করবে, অভ্যাসমতো এর মধ্যেও ষড়যন্ত্র খুঁজবে না।বিনিয়োগকারীদের অভিযোগ, কয়েক দিন ধরেই বড় বড় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে অনেককে শেয়ার বিক্রির জন্য প্রলুব্ধ করা হয়েছে। এমনকি অনেক ব্রোকারেজ হাউসে শেয়ার কিনতে দেওয়া হয়নি।এসইসির মামুলি প্রতিষেধক শেয়ারবাজারের পতন ঠেকাতে পারবে কি না, তা ভবিষ্যতই বলতে পারবে। তবে লক্ষণ মোটেও ভালো মনে হচ্ছে না। অনেকে এর মধ্যে ১৯৯৬ সালের অশনিসংকেত শুনতে পাচ্ছেন। সেই সময়ে কতিপয় কোম্পানি সাধারণ গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। এবারও তার পুনরাবৃত্তি হলে সরকার বিরোধী দলকে দমন করতে পারলেও নিজের পরাজয় ঠেকাতে পারবে বলে মনে হয় না। তবে পরাজয় মানে খালেদা জিয়ার ভাষায় ‘এখনই সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে’ না। সে জন্য ২০১৩-১৪ সালের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপির এক ঘোরতর সমর্থককে জিজ্ঞেস করেছিলাম, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আপনারা কী করবেন? তিনি বললেন, ‘সরকার যেভাবে সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে, তাতে আমাদের কিছুই করতে হবে না। আগামী তিন বছর শুধু ঘুমিয়ে কাটাব। তারপর নির্বাচন করে ক্ষমতায় ফিরে আসব।’ ১৯৯৬-২০০১ মেয়াদে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল ছিল। বিদ্যুৎ-সংকটও এত তীব্র ছিল না। কিন্তু শেয়ারবাজারের পতন এবং কয়েকটি স্থানে দলীয় সন্ত্রাস আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নামিয়েছিল। ২০০১ সালের নির্বাচনে যার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করেছে। আগামী নির্বাচনের ফল কী হবে?রোববার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘মানুষ এখন ফল দেখতে চাইবে। দ্রুত কাজ করতে হবে।’ কিন্তু অধিকাংশ মন্ত্রী ও নেতা জনগণের সমস্যা-সংকট নিয়ে ভাবিত বলে মনে হচ্ছে না। তাঁরা মাঠগরম ভাষণে ব্যস্ত। মন্ত্রী-নেতারা মাঠের বক্তৃতায় উচ্চকিত হলেও মন্ত্রণালয়ের কাজে অনীহ। তাঁরা বুঝতে পারছেন না, কেবল বিএনপির ব্যর্থতা ও দুর্নীতির ভাঙা রেকর্ড বাজিয়ে আবার ক্ষমতায় আসা যাবে না।অতীতের ভুলের সংশোধনী কিংবা যুদ্ধাপরাধের বিচার গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও জরুরি হলো, বর্তমানে জনজীবনে যেসব সমস্যা-সংকট রয়েছে, সেসবের দ্রুত সমাধান করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মন্ত্রী ও সরকারি দলের নেতারা বর্তমান-ভবিষ্যৎ নয়, বরং অতীতের বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন।সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]