শুক্রবার রাতভর রাজধানীর গুলশান এলাকার এক রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের শোকে স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশ। দুই দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ঘটনার পরের দুই দিন ঢাকার রাস্তাঘাটে যানবাহনের চলাচল, বিপণিবিতান ও হোটেল-রেস্টুরেন্টগুলোতে লোকসমাগম ছিল বেশ কম। সর্বত্র শোকের আবহ। শোকাবহ পরিবেশের প্রতিফলন ঘটছে প্রতিদিনের সংবাদমাধ্যমে।
স্বজনহারা পরিবারগুলোর মানুষেরা দুর্বহ বেদনায় মুহ্যমান। তাঁদের ওপর এই আকস্মিক আঘাত এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এই রিক্ত, বেদনার্ত মানুষদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আসলে তাঁরা যা হারিয়েছেন, তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁদের এই অত্যন্ত কঠিন মুহূর্তে সরকারসহ আমাদের সবার উচিত তাঁদের পাশে দাঁড়ানো। আমরা তাঁদের প্রতি সৌহার্দ্য-সহমর্মিতা জানাই। কামনা করি, তাঁরা এই শোক কাটিয়ে উঠুন। যাঁরা একান্তে শোক পালন করতে চান তাঁদের সেই ইচ্ছার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন, সেটাই প্রত্যাশা।
সরকারের পক্ষ থেকে এখন তাঁদের এই আশ্বাস প্রয়োজন যে এই বর্বর হত্যাযজ্ঞের তদন্ত হবে, এর পেছনের শক্তিকে সঠিকভাবে চিহ্নিত করা হবে এবং আইনি প্রতিকারের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে যে তারা যতই সংগঠিত ও শক্তিশালী হোক, বিচার ও দণ্ডের ঊর্ধ্বে থাকতে পারবে না। বলা বাহুল্য, গুলশান হত্যাযজ্ঞ আঘাত হেনেছে পুরো জাতিকেই। স্বজনহারা পরিবারগুলোর সঙ্গে একাত্ম হয়েছে সমগ্র জাতি। এখন সম্মিলিতভাবে এই শোক কাটিয়ে উঠতে হবে। যে অন্ধকারের শক্তি পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছে, তাকে রুখতে হবে সম্মিলিতভাবে। এটা স্পষ্ট যে এই সহিংস, বর্বর গোষ্ঠীগুলো আমাদের সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক অশুভ শক্তি, এই সমাজে তাদের কোনো স্থান নেই। জনগণের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ ছড়িয়ে দেওয়ার যত চেষ্টাই তারা করুক না কেন, তারা সফল হবে না। সন্ত্রাস ও মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে এই সমাজের প্রতিরোধশক্তি চিরকালীন।
এই শোকের মুহূর্তে পুরো জাতিকে এক হতে হবে। রাজনৈতিক মতামতের বিভিন্নতা সত্ত্বেও সবাই মিলে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিশ্চিত করতে হবে, এ ধরনের বর্বর হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি আর কখনো হবে না।