বর্তমান শ্রম আইনের সংশোধন নানা কারণেই জরুরি হয়ে পড়েছিল। এই আইনটি সংশোধনের কিছু প্রস্তাব সরকার নীতিগতভাবে অনুমোদন করেছে। বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে বিশেষ সুবিধা (জিএসপি) পাওয়ার জন্য এই সংশোধনের কোনো বিকল্প ছিল না। তবে এই সংশোধনী একই সঙ্গে শ্রমিকদের অধিকতর স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করবে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যে জিএসপি-সুবিধা পাচ্ছিল, তা বাতিল করা নিয়ে সেখানে শুনানি চলছে। এ ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার জন্য বাংলাদেশের সময়সীমা হচ্ছে ২৭ এপ্রিল। শ্রম আইনে এই সংশোধনীর ফলে জিএসপি-সুবিধা বাতিলের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা বাংলাদেশের জন্য সহজ হবে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এই জিএসপির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শ্রম আইনের সংশোধন একদিকে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি বজায় রাখা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে, তেমনি বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত দেশের শ্রমিকদের স্বার্থকেও রক্ষা করবে।এটা আমরা সবাই জানি যে আইন করার চেয়ে তা বাস্তবায়ন এবং আইন কার্যকর করার বিষয়টি বেশি কঠিন। অথচ আইন করার পর তা বাস্তবায়ন করা না গেলে আইন বিষয়টিই অর্থহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি বজায় রাখতে আইনের এই সংশোধনী শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, সেটাই আমাদের প্রত্যাশা। আইনের সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ প্রকৃত অর্থেই রক্ষা করা হবে, সেটাই প্রত্যাশিত। আর এটাকে শুধু দেশের তৈরি পোশাকশিল্প খাতের বিষয় হিসেবে দেখারও সুযোগ নেই। শ্রমিকদের অধিকারের বিষয়গুলো সব শিল্পের ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে।শ্রম আইন, ২০০৬-এর সংশোধনীতে শ্রমিকদের অধিকতর স্বার্থ রক্ষার জন্য ট্রেড ইউনিয়ন করার অধিকার, শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ—এসব ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা এই সংশোধনীগুলোকে যথার্থ বলে মনে করি। তবে সংশোধিত এই আইনের ব্যাপারে প্রথম আলোর প্রতিবেদনে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে। এ ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, শ্রমিকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। সংশোধনীতে প্রক্রিয়াগত কোনো ত্রুটি থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে তা ঠিক করা যেতে পারে। আমরা আশা করব, সরকার শুধু আইনের সংশোধন করেই দায়িত্ব শেষ করবে না, দেশের প্রতিটি শিল্প খাতে যেন এই আইন কার্যকর করা যায়, তা নিশ্চিত করার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।