শ্রমজীবী মানুষের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবস সভ্যতা বিনির্মাণের মানুষ-শ্রমিকদের সমন্বিত উৎসবের দিন। সারা পৃথিবীর শ্রমিকদের জন্য দিনটি বিজয় ও অনুপ্রেরণার দিন। ১২৭ বছর আগে আমেরিকার শিকাগো শহরে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মে দিবস পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, তার ন্যায্যতা ও লক্ষ্য পূরণে শ্রমিক-শ্রেণী আজও চেতনার মশাল বহন করে চলেছে। আজ বাংলাদেশসহ পৃথিবীর অপরাপর দেশের প্রেক্ষাপটে শ্রমিক-শ্রেণীর জন্য এক ভিন্ন প্রেক্ষাপটের উদ্ভব হয়েছে।বিগত ১২৭ বছরের ব্যবধানে পৃথিবী প্রযুক্তিবিপ্লবের মাধ্যমে নতুন সভ্যতা এবং নতুন উৎকর্ষের যুগে প্রবেশ করেছে। বিশ্বে মানুষ এখন অধিকতর উন্নততর জীবনযাপনের মধ্যে চললেও আমাদের দেশে এর সর্বজনীন সুযোগ সৃষ্টি হয়নি। আর এ ক্ষেত্রে বড় অন্যায্যতা শ্রমিকদের জীবনে ঘটে চলেছে। এখনো আমাদের দেশের অধিকাংশ শ্রমিক তাঁদের শ্রমের বিপরীতে বাঁচার ন্যায্য মজুরি ও ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত।প্রযুক্তিবিপ্লবের সঙ্গে তথাকথিত বিশ্বায়ন-প্রক্রিয়ার দ্বৈরথে বাংলাদেশের শিল্পক্ষেত্রে বর্তমানে একটি অস্থির সময় চলছে। দেশে জাতীয় শিল্প বিকাশের পথটি বর্তমানে মসৃণ নয়। রাষ্ট্রায়ত্ত শিল্পসমূহে একধরনের অস্থিরতা চলছে। বিশ্বব্যাংক, আইএমএফ দেশের বৃহৎ কলকারখানাগুলোকে বিরাষ্ট্রীয়করণের জন্য পূর্বাপর পরামর্শ দিয়ে চলেছে। এ অবস্থায় দেশে ফরমাল সেক্টর শিল্পের পরিবর্তে গড়ে উঠেছে অসংখ্য ইনফরমাল শিল্প সেক্টর। তৈরি পোশাক, চামড়া কারখানাসহ বেশির ভাগ ইনফরমাল শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নতুন নতুন পন্থায় শোষণের বেড়াজালে শ্রমজীবী মানুষ অমানবিক, দুর্বিষহ যন্ত্রণা ও নিপীড়নে আবদ্ধ হয়ে পড়ছে।শ্রমিক-কর্মচারীরা আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ (যা বাংলাদেশ সরকার অনুসমর্থন করেছে) অনুযায়ী, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আট ঘণ্টার পরিবর্তে কোনো ওভারটাইম ছাড়াই কাজ করানো হচ্ছে দৈনিক ১২-১৪ ঘণ্টা। এ দেশের শিল্প-কারখানার শ্রমঘণ্টা এখন মালিক-প্রভুর ইচ্ছার ওপর নির্ভরশীল। তৈরি পোশাক, চামড়া কারখানাসহ বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠানে প্রচলিত শ্রম আইন অনুযায়ী স্থায়ী শ্রমিক নিয়োগের পরিবর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানো হচ্ছে। এসব ক্ষেত্রে মালিক, শ্রমিক, সরকারের প্রতিনিধি সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি দেওয়া হয় না। এসব সেক্টরের মানুষের ক্ষেত্রে কারখানাগুলো যেন মৃত্যু উপত্যকা। সঠিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইমারত তৈরি না করা, জলাশয় বা নরম মাটিতে ইমারত তৈরি তদুপরি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং কোড মেনে ইমারত তৈরি না করার কারণে স্পেকট্রাম বা রানা প্লাজায় এ ধরনের ঘটনা ঘটছে। আজ বিশ্বব্যাপী শ্রমিক তথা মেহনতি মানুষের জন্য শোভন কাজের (ডিসেন্ট ওয়ার্ক) দাবি সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে। আইএলও এখন বিশ্বব্যাপী শোভন কাজের নিশ্চয়তা বিধানের স্লোগান তুলছে। এসবের পক্ষে কোনো আন্দোলন-সংগ্রাম গড়ে উঠলে শ্রমিকনেতাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এমনকি হত্যা ও গুম করা হচ্ছে। বলা হচ্ছে, ট্রেড ইউনিয়ন কার্যক্রমের চেষ্টা করে কারখানা ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে, ট্রেড ইউনিয়নকে সম্পৃক্ত এবং আস্থায় নেওয়ার মাধ্যমেই দেশে দেশে শিল্পবিপ্লব ঘটেছে। আমাদের দেশেও এমন কিছু ট্রেড ইউনিয়ন আছে, যাদের সঠিক ভূমিকা পালনের কারণে সংশ্লিষ্ট কারখানার শ্রীবৃদ্ধি ঘটেছে। আর শ্রমিকেরা ন্যায্য পাওনা নিয়ে উৎপাদনবান্ধব পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ দীর্ঘদিন থেকে একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি করে আসছিল। বিগত চারদলীয় জোট সরকার ২০০৬ সালে শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষা করে তড়িঘড়ি একটি শ্রম আইন প্রণয়ন করে। আইনটি ছিল সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থবিরোধী। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিল, তারা শ্রম আইন, ২০০৬ সংশোধন করে আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করবে।কিন্তু সরকারের মেয়াদের শেষ বছরে এসে শ্রম আইন, ২০০৬-এর যে সংশোধনী আনা হয়েছে, তাতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেনি। সংশোধনীর মাধ্যমে পার্টিসিপেটরি কমিটির নামে ধূম্রজাল সৃষ্টি করে নতুনভাবে ৫০ জন বা তার কমসংখ্যক শ্রমিক যেখানে কাজ করবে, সেখানে তাদের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকার শ্রম আইন, ২০০৬ নীতিগতভাবে সংশোধন করলেও শ্রম আইন সংশোধন কমিটির সঙ্গে সরকারপক্ষ যে যে ধারা সংশোধনে মতৈক্য পোষণ করেছিল, তার অধিকাংশকেই পাশ কাটিয়ে এই আইন সংশোধন করা হয়েছে। আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারি নীতি হওয়া প্রয়োজন শিল্পশ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি করা। আর তা নিশ্চিত করতে হলে শ্রম অঞ্চল আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮-এর ভিত্তিতে পছন্দমতো নেতা নির্বাচন এবং অবাধ ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলা এবং যৌথ দর-কষাকষির মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধান ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমাদের বুঝতে হবে, এর মাধ্যমেই শোভন কাজ এবং শোভন কর্মক্ষেত্রের পরিবেশ গড়ে উঠবে আর নিশ্চিত হবে উৎপাদনের চালিকাশক্তি শ্রমজীবী মানুষের মানবাধিকার। মহান মে দিবস অমর হোক। ড. ওয়াজেদুল ইসলাম খান: সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।