শ্রমজীবী মানুষের মুক্তির অনেক পথ বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক দিবস শ্রমিকদের মধ্যে সংহতি বৃদ্ধি ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে প্রেরণা জুগিয়ে এসেছে। মে দিবসের পথ ধরেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার, বিশেষ করে মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা—এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে বাংলাদেশে অতীতের তুলনায় অগ্রগতি হলেও এখনো এ দেশের পোশাকশিল্প, জাহাজশিল্প, ইমারত নির্মাণশিল্পসহ অনানুষ্ঠানিক বিভিন্ন খাতের শ্রমিকেরা যথাযথ পারিশ্রমিক ও অন্যান্য অধিকার পান না। কিছু খাতে শ্রমিকদের ‘স্লেভলাইক কন্ডিশন’ বা দাসসুলভ অবস্থায় কাজ করতে হয়।

সব খাতের শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা প্রয়োজন। কিছু খাতে এই কাগুজে নিয়মের আংশিক বাস্তবায়ন হলেও বৃহত্তর শ্রমিক সমাজ এ থেকে এখনো বঞ্চিত। শ্রমিকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রেও নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। রানা প্লাজাসহ বিভিন্ন পোশাক কারখানায় দুর্ঘটনায় প্রচুর শ্রমিকের প্রাণহানির বিচার করা ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলো ঝুলে রয়েছে।

শ্রমিকদের কিছু উন্নতি হয়েছে, শিশুশ্রম কমেছে। তবু শোষণ-বঞ্চনা-বৈষম্যের অবসানে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। প্রবাসের শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যায়নি। কৃষি খাতের মজুর, গৃহস্থালি সহকারীসহ অনেক খাতের শ্রমজীবীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি নেই। রিকশাচালকসহ স্বনিয়োজিত শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা নেই। বিশেষভাবে বঞ্চিত নারী ও শিশুশ্রমিকেরা।

পৃথিবীকে শান্তিময় ও ন্যায়ভিত্তিক করতে হবে। সে জন্য শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে হবে। মহান মে দিবস সেই প্রেরণার অফুরান উৎস।